আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী
>আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

আমি ফেসবুক ব্যবহার করি খুব বেশি দিন হয়নি। এতে যে বানানবিভ্রাট দেখি, তাতে আমি নিজে যেটুকু বানান জানি, তা–ও যেন গুলিয়ে যায়। এখানে দেখি ‘র’ গুলো ‘ড়’ হয়ে যাচ্ছে। আবার উল্টোটা। ‘তাড়াতাড়ি’ শব্দটিকে ‘তারাতারি’। ‘পারি’ শব্দটিকে দেখি ‘পাড়ি’। প্রায়ই দেখি ‘কান্না করছে’। তাহলে তো ‘হাসি করছে’ও বলতে হয়। বাংলাটা লিখতে গিয়ে আমরা যদি একটু যত্নশীল হই, তাহলে তো আর এসব বিদঘুটে ভুল হয় না। আসুন, শুদ্ধ বাংলার দিকে যাই। সপ্তাহ আপনার শুভ।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

কলকাতার সুবীর সেন আমার এক অতি প্রিয় কণ্ঠশিল্পী। সলীল চৌধুরী তাঁকে দিয়ে অনেক গান গাইয়েছেন। সুবীর সেন ছিলেন সুদর্শন এবং সুপুরুষ। মোমের আলো নামে একটি ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। পরে বলেছিলেন, ‘ওসব আমার কাজ নয়। আমি সংগীত নিয়েই থাকতে চাই।’ প্রিয় বৃষ, নিজের প্রতিভা ও ভালো লাগার দিকেই থাকুন। তাতেই হবে আপনার উন্নতি। শুভ হোক! 

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

রাশি যেটাই হোক, আমাদের মনের ওপর দিয়ে অনেক সময় অনেক চাপ যায়। পেছনে তাকিয়ে দেখবেন, এ ধরনের অনেক মানসিক সংকট আমরা পার হয়ে এসেছি। মন ভার করে থাকবেন না। মানসিক চাপ কাটিয়ে উঠতে আপনি অবশ্যই পারবেন। আজ যে পরিস্থিতি আছে, কাল তা থাকবে না। কল্যাণ হোক আপনার!

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

আমরা দুই রকম জীবন নিয়ে পথ চলি। একটি জীবন বাইরের জীবন। অন্যটি মাথার ভেতরের চিন্তা ও কল্পনার জগৎ, যা নিরন্তর চলতে থাকে। এই দুই জগতের মধ্যে একটা ভারসাম্য থাকা খুবই দরকার। তা না হলে মানসিক বিভ্রাট ঘটতে পারে। চলতি সপ্তাহে কিছু অমূলক দুশ্চিন্তা আপনাকে আচ্ছন্ন করতে পারে। এতে ঘাবড়ে যাবেন না। মেঘ সরে গিয়ে উজ্জ্বল আকাশ দেখা দেবে। জয় হোক!

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

মুম্বাই বা বোম্বের অমর কণ্ঠশিল্পী তালাত মাহমুদকে আমরা নিশ্চয়ই আজও ভুলে যাইনি। দীর্ঘদিন কলকাতায় থাকার সুবাদে তিনি বাংলা উচ্চারণটা ভালোই রপ্ত করেছিলেন। রেকর্ড করেছেন অসামান্য সব বাংলা গান। পাশাপাশি উর্দু গজলও গেয়েছেন। কলকাতার এক সংগীত বিশেষজ্ঞ একবার লিখেছিলেন, ‘শিল্পী অনেকেই হবেন। কিন্তু তালাত মাহমুদ আর একজনও হবেন না।’ তালাত মাহমুদ সুদর্শন–সুপুরুষ ছিলেন। একটিমাত্র ছবিতে অভিনয় করেন। কিন্তু ও পথে আর পা বাড়াননি। তাঁর গলায় স্বাভাবিক একটা কম্পন ছিল। অনেক চেষ্টা করেও কেউ ওটাকে অনুকরণ করতে পারেননি। প্রিয় সিংহ, যা কিছু করবেন, নিজের স্বকীয়তা বজায় রেখে করার চেষ্টা করুন। অনেকের ভিড়ে হারিয়ে যাবেন না। শুভ হোক!

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

স্বর্ণযুগের কণ্ঠশিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের গান অনেকেই আমরা আজও শুনি। তাঁর ‘ঝন ঝন ঝন ঝন বাজে’, ‘এই ঝির ঝির বাতাসে’, ‘চেনা চেনা মুখ একে একে দূরেতে সরে দাঁড়াল’ ইত্যাদি গান বাংলা গানের ইতিহাসকে সমৃদ্ধ করে রেখেছে। সব পুরোনো গানই যে ভালো, তা আমি বলছি না। ভালো গান বাছাই করার রুচি আপনার থাকতে হবে। ভালো ভালো গান শুনুন, মন পরিশুদ্ধ হয়ে উঠবে।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

আগেকার দিনে বাংলা গান শুনলে উচ্চারণগুলো যেন কেমন কেমন লাগে। মেয়ে শব্দটিকে উচ্চারণ করা হতো মেইয়ে। যেমন ‘ও গো সোনার মেইয়ে’ বা ‘আমি চেইয়ে চেইয়ে দেখি’। হাস্যকর। তখন বোধ হয় মনে করা হতো প্রতিটি শব্দে চন্দ্রবিন্দু লাগালে গান মিষ্টি হয়। যেমন ‘তুঁমি আঁজ কঁত দূঁরে’। আজকের দিনে এটাও হাস্যকর। বর্তমানের আধুনিক উচ্চারণই আমার কাছে রুচিশীল। আপনারা যাঁরা শিল্পী কিংবা শ্রোতা, তাঁদের লক্ষ্য করে কথাগুলো বললাম। সপ্তাহ আপনার শুভ।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

কোনো কাজ কখনো পরে করব বলে ফেলে রাখবেন না। যখন যে কাজ সামনে আসে, সেটা সেরে ফেলুন। চলতি সপ্তাহে আপনাকে একটু ঢিলেমিতে পেয়ে বসতে পারে। সেই জন্যই কথাগুলো বলা। তবে এখন আপনার অনেক সাফল্য রয়েছে। শুভ হোক! 

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

আর্নেস্ট হেমিংওয়ে আজীবন আমার এক প্রিয় লেখক। নোবেল বিজয়ী। তিনি তাঁর দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসে লিখেছিলেন: ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। অর্থাৎ, মানুষকে ধ্বংস করা যায়, কিন্তু পরাজিত করা যায় না। প্রিয় ধনু, মহান সাহিত্যিকের এই উক্তি সব সময় মনে রাখবেন। আপনার জীবন চলার পথ সুগম হবে। সব বাধা ডিঙিয়ে আপনি সামনে যেতে পারবেন।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

মকর এক অসাধারণ শক্তিশালী রাশি। মকর নারী-পুরুষের ধৈর্য ও সহিষ্ণুতা তাঁকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করে। প্রিয় মকর, নিজের রাশিগত গুণ সব সময় মনে রাখুন, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। কল্যাণ হোক আপনার! 

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

আমি চারুকলায় পড়তাম। ওখানে শিক্ষক হিসেবে পেয়েছিলাম মুস্তাফা মনোয়ারকে। তিনি বলতেন, ‘প্রভাবিত হও, তাতে দোষের কিছু নেই। কিন্তু অনুকরণ করো না। ওটা পাপ।’ কথাটি আমাকে সারা জীবন পথ দেখিয়েছে। সজ্ঞানে আমি কাউকে অনুকরণ করিনি। প্রিয় কুম্ভ, নীতির গণ্ডিতে থেকে সামনে এগিয়ে যান। আপনার অনেক সাফল্য আছে।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

মনটাকে কিছুতেই ভেঙে পড়তে দেবেন না। মনটাই তো আপনার সম্পদ। সুযোগ পেলেই ভ্রমণ করুন। ভ্রমণ মানুষের মনকে তাজা করে দেয়। সপ্তাহ আপনার অত্যন্ত শুভ।