আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আমার মতে, ভয় হচ্ছে মানুষের প্রধান শত্রু। তবে সাহসী হলে যে অসাবধানী হতে হবে তা নয়। বুকে সাহস থাকবে, চলার পথে থাকবে সজাগ দৃষ্টি। তাহলেই চলবে। এগিয়ে যান। জয় হোক!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
পদ্মার মাঝনদীতে বৃষ রবীন্দ্রনাথ তখন বোটে। এমন সময় উঠল প্রচণ্ড ঝড়। মাঝি–মাল্লারা বদর বদর বলে চিৎকার করতে লাগল। হঠাৎ একসময় রবীন্দ্রনাথের মনে হলো, ছি, আমি এত দুর্বল হয়ে যাব? এ তো মানুষ হিসেবে আমার অপমান। এই বলে তিনি ঋষির মতো নিশ্চল নিশ্চুপ হয়ে বসে রইলেন। একসময় ঝড় থেমেও গেল। এই উদাহরণ আমাদের জন্য একটা শিক্ষা। আসুন, কথাগুলো আমরা মনে রাখি।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
আমি সব সময়ই বলে যাব—এখন আপনার ভালো সময়। কোনো অবস্থাতেই ঘাবড়াবেন না। কেউ ভয় দেখালে ভয় মানবেন না। স্রষ্টার ওপর বিশ্বাস রেখে আপনার যা যা করণীয়, তা করে যান।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
রবীন্দ্রনাথকে স্মরণ করুন: নাই নাই ভয়, হবে হবে জয়। এটুকুই আপনার জন্য আমার একমাত্র বার্তা। ধৈর্য রাখুন, বুকে রাখুন বল।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
কী অসম সাহসী সিংহ, কী ভাবছেন, কেমন আছেন? আপনি ভয় পেলে অন্যদের অবস্থা কী হবে। শক্তি বজায় রাখুন, ঝড় এসেছে, ঝড় চলেও যাবে।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যা অনেক সাহসী। তবু যদি বর্তমান অবস্থায় মনে কোনো ভয় আসে—তাহলে ভেবে দেখুন, আর কদিন বাদে বিপদ যখন কেটে যাবে, তখন তো মনে মনে লজ্জা পাবেন। আমাদের জীবনে বিপদটা কি এই প্রথম এসেছে? আগেও তো কত বিপদ পার হয়ে এসেছেন। এখনো পারবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
ইংরেজিতে একটা কথা আছে, যার বাংলা হলো, পরাজয়ের পতাকাতলে বাস করো না। সংকটের বিহ্বলতায় নিজেরই অপমান। কথাটা মনে রাখুন। মেঘ কেটে যাবে, উজ্জ্বল আলোয় নতুন করে হেসে উঠবে আপনার পৃথিবী।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিক একজন উৎকৃষ্ট নেতাও বটে। তিনি নতুন নতুন পথ খোঁজেন, অন্যকে সেই পথ দেখান। এই কর্তব্য মনে রেখে বর্তমান সময়ে তাঁকে সামনে এগিয়ে যেতে হবে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ধনুর প্রধান গুণ হচ্ছে, তিনি মরে গিয়েও আবার জেগে ওঠেন। তাঁকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা অসম্ভব। প্রিয় ধনু, আপনার পজিটিভ বার্তা নিয়ে জেগে থাকুন, অন্যকেও জাগিয়ে রাখুন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মকর রাশিসূত্রেই সাহসী। তিনি একজন শ্রেষ্ঠ মানের পরামর্শক। তাঁর ধৈর্য ও সহনশীলতা অন্যের কাছে দৃষ্টান্তস্বরূপ। এটা তাঁর নেতৃত্বগুণের অংশ। বিশেষ করে চলতি সময়ে কথাটি মকরের জন্য প্রযোজ্য। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
অযথা হাহুতাশ করে দিন কাটানো কুম্ভকে মানায় না। কুম্ভ খুব দৃঢ়চেতা মানুষ। এই কথাটা সব সময় তাঁকে মনে রাখতে হবে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
মীন নারী-পুরুষের এখন জবরদস্ত ভালো সময় কাটার কথা। মীন রাশিগতভাবেই সাহসী এবং মেধাবী। বর্তমান সময়ে এই দুটি গুণই তাঁকে পূর্ণভাবে প্রয়োগ করতে হবে। হাসিমুখে থাকুন, সবাইকে হাসিমুখে রাখুন।