আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরী
মেষ: আনন্দ যুক্ত হোক আপনার প্রতিটি কাজে। ভালোবাসা নিয়ে কাজ করে যান। সপ্তাহ আপনার জন্য শুভ রয়েছে।
বৃষ: কেউ আপনাকে ভুল বুঝেছে বলে দমে যাবেন না। সেই গানটি মনে নেই? ...এ শুধু ভুলের বোঝা, ভুল বোঝাকে ভুলতে গিয়ে। চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে।
মিথুন: মানসিক প্রস্তুতি থাকলে যেকোনো পরিস্থিতিকে মোকাবিলা করা যায়। আপনার শক্তি অনেক। আপনি যা ভাবছেন, তার চেয়েও বেশি। কাজেই বর্তমান সময়ে আপনি জয়ী হবেন বলেই আমার বিশ্বাস।
কর্কট: আপনি হয়তো জানেন, সংগীত দিয়ে একধরনের চিকিৎসা আছে, যাকে বলা হয় সনিক ট্রিটমেন্ট। এমনিতেও দেখবেন সংগীত মনের ওপর কী জাদুর মতো কাজ করে। আপনি কি সুযোগটা নিচ্ছেন?
সিংহ: আমার কাছে তো লেবুর এক গ্লাস শরবতের চেয়ে লোভনীয় আর কিছু নেই। মনটা নিমেষে ভালো করে দেয়। বিশ্বাস না হলে খেয়ে দেখুন। ঠাট্টা নয় কিন্তু।
কন্যা: গান লেখাটা ক্রমশ একটা কঠিন শিল্প হয়ে দাঁড়াচ্ছে। ও গো, হ্যাঁ গো, মম, তব দিয়ে এখন আর গান লেখা যায় না। আজকাল আবার ফ্যাশন হয়েছে রোদ, বৃষ্টি, মেঘ নিয়ে গান লেখা। এগুলোও আর বেশি দিন চলবে না। আপনি যদি গীতিকার হয়ে থাকেন, তাহলে এখন থেকেই নতুন কিছু ভাবুন। গীতিকার না হলে তো ল্যাঠা চুকেই গেল। সপ্তাহ শুভ।
তুলা: সপ্তাহ ৬০ শতাংশ শুভ। বাকি ৪০ শতাংশ নিয়ে আর মাথা ঘামিয়ে কী করবেন?
বৃশ্চিক: আপনাদের মধ্যে যাঁরা শিল্পচর্চা নিয়ে আছেন, তাঁদের জন্য সপ্তাহটি বিশেষ ভালো।
ধনু: টানা কাজ করে যাওয়া আপনার অভ্যাস হলেও ওটা কিন্তু ঠিক নয়। বিরতি নিন। বিশ্রাম-বিনোদন আপনার কাজকে বেগবান করবে।
মকর: একটা কঠিন সমস্যার সমাধান খুঁজে পাবেন।
কুম্ভ: মেজাজ নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে চলাটাই এখন বুদ্ধিমানের
কাজ হবে।
মীন: আপনার জন্য অপেক্ষা করে আছে প্রচুর স্বীকৃতি এবং ভালোবাসা। কাজেই মনটাকে একটু নমনীয় রাখুন। কল্যাণ হোক সকলের।