আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ: প্রাচীন শাস্ত্রের একটি দর্শন হলো, যাহা হইয়াছে, ভালো হইয়াছে; যাহা হইতেছে, ভালো হইতেছে; আর যাহা হইবে, তাহাও ভালোই হইবে। এই দর্শন মাথায় রাখলে আপনার জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে।
বৃষ: একই রীতিনীতি সবার জন্য সমান প্রযোজ্য না-ও হতে পারে। আপনারটি আপনাকে বেছে নিতে হবে, বিশেষত স্বাস্থ্যবিধির ক্ষেত্রে। তবে অভিন্ন নিয়মগুলোর কথা আলাদা।
মিথুন: কেউ এ সপ্তাহে আপনাকে অন্যায় দোষারোপ করলেও যদি পারেন চুপ করে থাকবেন। লাভ হবে আপনার।
কর্কট: ভবিষ্যতের জন্য দুশ্চিন্তায় দিনরাত একাকার করে দেবার কোনো মানে হয় না। আমরা যতটুকু ভয় পাই, বেশির ভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু ঘটে না।
সিংহ: যে সিদ্ধান্ত আমরা আসল সময় পার হয়ে গেলে নিই, সেটা তো কোনো সিদ্ধান্ত হলো না। কাজেই, যা হয়ে গেছে, তা যাক। ভবিষ্যতে সতর্ক হতে হবে।
কন্যা: আপনার এখন প্রসন্নতার সময়। অকারণে মনের আকাশ মেঘলা করে রাখবেন না।
তুলা: সংগ্রাম ও জয়, দুটোই তুলা নারী-পুরুষের নিয়তি। যদি তা–ই হয়, তাহলে আর ভাবনার কী আছে?
বৃশ্চিক: রবীন্দ্রনাথের সেই গানটি মনে পড়ে কি—‘এ পথে আমি–যে গেছি বারবার, ভুলি নি তো এক দিনও।/ আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ’?...শুনুন গানটা নতুন করে।
ধনু: বহু বছর আগে একটি কলেজপড়ুয়া মেয়ে প্রায়ই আসত আমার কাছে কথা বলতে। একদিন বলে, একটি ছেলেকে ও খুব পছন্দ করে, অথচ ছেলেটি ওকে পাত্তা দেয় না। আমি মজা করার জন্য বললাম, কবিতা না হলে তো প্রেম হয় না। তুমি কবিতা জানো? ও বলল, হ্যাঁ। তারপর খুব স্মার্টলি শুরু করল, ‘এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে’ ইত্যাদি। আমি বললাম, এই সেরেছে! এ সব তো প্রেমের কবিতা না...। যা–ই হোক ধনু, চলতি সাত দিন মাত্রাজ্ঞান বজায় রেখে চলবেন, যেকোনো কাজে।
মকর: আপনার আছে তীক্ষ্ণ স্মরণশক্তি এবং কল্পনা করার ক্ষমতা। যেকোনো মানুষের সফল হয়ে ওঠার পেছনে এর গুরুত্ব অপরিসীম। চলতি সপ্তাহে এই গুণ দুটি দিয়ে আপনি পুরস্কৃত হবেন।
কুম্ভ: যা কিছুই করুন, মনটাকে একটু ভিজিয়ে নিয়ে করবেন। চমৎকার ফল পাওয়া যাবে।
মীন: একটা বিশাল লক্ষ্য অর্জন করব, অথচ এর জন্য কোনো কষ্ট করব না, তা হয় না। একাগ্রতা নিয়ে কাজ করে যান। আপনার সফল না হওয়ার কোনো কারণ নেই। কল্যাণ হোক সবার।