আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরী
মেষ
পড়েছি, বয়স চল্লিশ হয়ে যাওয়ার পর নাকি আর পেছনের ব্যর্থতা নিয়ে ভাবতে হয় না। প্রাপ্তিটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আমি তো কথাটা সমর্থন করি না। আপনাকেও করতে বলি না। জীবনের সব দিগন্তে নতুন সূচক খুঁজুন।
বৃষ
অর্থপূর্ণ কাজ করে যান। তাতে স্বল্প পরিসরেও হতে পারবে বিশাল কাজ। জীবন হবে সার্থক।
মিথুন
সেটা সিলেটে, ছোটবেলায়। ওই বয়সে যা হয়, মারামারি করছি। একটি ছেলেকে একবার করে মারি আর ও সিলেটিতে বলে, আরখবার ছইয়া দেখ তরে কিতা করি! প্রিয় মিথুন, মারামারি নয়, হাতের কাজটা করে ফেলুন। বসে থাকবেন না।
কর্কট
মানুষের নিজের নামটা তার কাছে সবচেয়ে প্রিয়। ওতে জড়িয়ে আছে তার মর্যাদাও। আমার নাম তো কাওসার। চাকরিজীবনে এক বস আমাকে ডাকতেন এবং নামটা লিখতেনও কায়সার। একদিন প্রতিবাদ করতে তিনি বললেন, ওতে কী আসে যায়? আমি বললাম, আপনার নাম জাহাঙ্গীর খান। আপনাকে আলমগীর খান বললেই বা কী আসে যায়? প্রিয় কর্কট, মানুষের নাম ও নামের সঠিক বানানটির ব্যাপারে যত্নশীল হোন।
সিংহ
ভাবনাচিন্তা ও বিবেচনা করে কাউকে হয়তো ক্ষমা করে দেওয়া সম্ভব। কিন্তু ভুলে যাওয়াটা তো আপনার হাতে নেই। তাই ফরগেট ইট! বলে কেউ গর্জন করলে সত্যটা তাকে বুঝিয়ে দিন।
কন্যা
অতীত দিনের কোনো বন্ধু বা প্রিয়জনের সঙ্গে হঠাৎ করে যোগাযোগ হয়ে যেতে পারে। এতে অন্য কিছু লাভ না হোক, আনন্দ তো পাবেন।
তুলা
আড়াই বছরের তৃয়া আল আমীনকে ডাকত ‘আইঞ্জামিন’! যাই হোক, ছেলেটা নিজের আগ্রহে এবং আমার উত্সাহে গাড়ি চালানোটা শিখে নিয়েছিল। আমি কখনো কারও ভবিষ্যৎটা আটকে রাখতে চাই না। কথাটা আপনিও ভেবে দেখবেন।
বৃশ্চিক
রাতের আঁধার যদি সত্য হয়, তাহলে ভোরের আলো যে ফুটবেই—সেও তো সত্য। বর্তমান দুর্যোগটা লক্ষ্য করেই কথাটা মনে করিয়ে দিলাম। আপনার সামনে নতুন কিছু সাফল্য আছে।
ধনু
জীবন হয় নাই ব্যর্থ, এখনো সময় আছে। এখনো উঠিতে পারো জ্বলে, অস্তাচলের কাছে।
মকর
আপনার সহজাত কঠিন বিশ্বাসই আপনাকে এক নতুন সাফল্যের দিকে নিয়ে যাবে। কোনো সন্দেহ নেই।
কুম্ভ
কখনো কখনো নীরবতাই হয়ে ওঠে একটা সোচ্চার ভাষা। কাজেই সব সময় যে আপনাকে সরব থাকতে হবে, এমন নয়। এখন চুপ করে থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ।
মীন
বয়সে যারা তরুণ, তাদের বলছি। উচ্চাকাঙ্ক্ষী হোন এবং লক্ষ্য অর্জনের জন্য জান বাজি রেখে লড়ে যান। আপনি নিশ্চয়ই সফল হবেন। জয় হোক আপনার!