আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরী
মেষ
জীবনদর্শন খুঁজতে গেলে বা তৈরি করতে গেলে দর্শনশাস্ত্র পড়ার দরকার হয় না। সাধারণ শিক্ষা এবং চিন্তাচেতনা থেকেই ওটা গড়ে উঠতে পারে। একটা জীবনদর্শনের পরিচর্যা খুব জরুরি। মেষ আশা করি এ বিষয়ে সচেতন আছেন। সুন্দর হোক আপনার আজ এবং আগামী।
বৃষ
একজন সৌমিত্র চট্টোপাধ্যায় ৮৫ বছর বয়সে এসেও সবার কাছে কত অপরিহার্য। সেটা শুধু তাঁর অতীত এবং বর্তমান কাজের ধারাবাহিকতার কারণে। তিনি একজন প্রতিষ্ঠিত কবিও বটে। তাঁর একটি কবিতার বই পড়ে তাঁকে আমি চিঠি পাঠিয়েছিলাম সেই ১৯৯০-এর দশকে। তিনি অনুগ্রহ করে সে চিঠির দীর্ঘ একটি উত্তর দিয়েছিলেন আমাকে। যেমন সুন্দর হাতের লেখা, তেমনই অসাধারণ চিঠির ভাষা ও বক্তব্য! প্রিয় বৃষ, নিজের কাজকে আরও সামনে এগিয়ে নিয়ে যান। মানুষের কাজের সুযোগ কখনো ফুরিয়ে যায় না।
মিথুন
আমার বেলায় কী ঘটেছে জানি না, তবে আমি শুনেছি শিল্পের চর্চা মানুষের মনকে শুদ্ধ করে। নিজের এবং অন্যের কল্যাণ করা তো শুদ্ধ মন ছাড়া সম্ভব নয়। তাহলে প্রিয় মিথুন, শিল্পকে ভালোবাসুন।
কর্কট
ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাববেন না। যা দরকার, তা করতে থাকুন। কী হয় পরে দেখা যাবে। কী আবার হবে? ভালোই হবে।
সিংহ
আপনি যে স্বার্থপর নন, এটা আপনার একটা বিশাল গুণ। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন যেন অযোগ্য লোককে সাহায্য করতে গিয়ে আপনি নিজে ক্ষতিগ্রস্ত না হন।
কন্যা
সারা সপ্তাহে কী কী কাজ করবেন, তার মোটামুটি একটা তালিকা করে নিন। আর, কোন কাজগুলো আগে করবেন, তা সাজিয়ে নিন। সাতটি দিনে আপনি অনেক সাফল্য পাবেন।
তুলা
বসে বসে নেগেটিভ চিন্তা করবেন আর হাহুতাশ করবেন, সে মানুষ আপনি নন। চলতি সপ্তাহে অন্যকে তাড়িয়ে নিয়ে বেড়ান। এতে সবারই লাভ হবে।
বৃশ্চিক
যে কাজ করবেন, তার নোট রাখুন। যেগুলো করেছেন, তা–ও লিখে রাখুন। স্মৃতির ওপর নির্ভর করবেন না। সপ্তাহ শেষে এর জন্য আমাকে যে আপনি ধন্যবাদ দেবেন, তা আমি জানি।
ধনু
কথাগুলোতে যে ভাষার ভুল আছে তা নয়, তবু আমার কেমন যেন হাসি পায়; যেমন জরিমানা গুনতে হবে, খাওয়া সারলাম ইত্যাদি। ভাষারও যে একটা সংস্কৃতি আছে, সুন্দর-অসুন্দর আছে, তা কি আমরা ভেবে দেখব না? সে যা-ই হোক, ধনুর জন্য সপ্তাহটা প্রধানত শুভ রয়েছে।
মকর
এ সপ্তাহে বেশি মুচকি হাসি হাসবেন না। লোকে তা থেকে যা নয়, তা-ই ভেবে বসতে পারে।
কুম্ভ
অনুমানের ওপর নির্ভর করে এগিয়ে যান, হয়তো হনুমানও পেয়ে যেতে পারেন। মানে, কিছু একটা ক্লু ধরে কাজ করতে থাকুন, বড় কোনো ফলাফল এসে যেতে পারে।
মীন
সপ্তাহের যা কিছু ভালো, তার প্রায় সবটুকুই আমি মীন নারী-পুরুষকে দিয়ে দিতে চাই। তবে কাজেকর্মে তাদের আরও একটুখানি উদ্যোগী হতে হবে। শুভ হোক সবার!