আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আপনাদের জন্য রাশিফল একটু কষ্ট করেই লিখি। আশা থাকে, আপনারা নিজের রাশিফল ছাড়াও অন্যগুলোও পড়বেন। কেননা, বিভিন্ন রাশিতে আমি নানা ধরনের জরুরি বার্তা দেওয়ারও চেষ্টা করি। হয়তো ওগুলো আপনাদের কাজে লাগবে—এই ভেবে। প্রিয় মেষ, চলতি সপ্তাহে আপনার একটি জটিল অঙ্কের সমাধান হবে।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
অভিনয়ের একটি প্রধান ধারা হচ্ছে ‘মেথড অ্যাকটিং’। এই ধারার সার্থক রূপকার হচ্ছেন মার্লোন ব্র্যান্ডো, মন্টগোমারি ক্লিফ্ট, জেমস ডিন এবং পিটার ও’টুল। ভারতে সৌমিত্র চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়ের নির্দেশনা ছিল এদিকেই। সত্যজিৎ ও সৌমিত্র—দুজনেই তাঁদের একাধিক সাক্ষাৎকারে ব্র্যান্ডোর নাম উল্লেখ করেছেন। সত্যজিতের সঙ্গে ব্র্যান্ডোর ভালো পরিচয় ছিল। তাঁর একটা ছবিতে ব্র্যান্ডোর অভিনয় করবারও কথা ছিল। পরে সেটা অবশ্য আর হয়নি। প্রিয় বৃষ, জীবনে এক শ ভাগ কিছু হয় না এবং এ নিয়ে আফসোস করারও কিছু নেই।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
চলতি সপ্তাহে নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখুন। আপনার হবে। হবে না কেন, বাহ্।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
এই মুহূর্তে জীবন যদি মনে হয় নিকষ অন্ধকার, তাহলে নিশ্চিত জানবেন ভোর সমাগত।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
শিবাজী চট্টোপাধ্যায়ের গাওয়া সেই গানটি শুনুন, যে গানে রয়েছে খুব সুন্দর দুটি লাইন, আমাদের ভালোবাসা ফুরিয়ে যাবার আগে/ এসো আজ বুক ভরে ভালোবাসি।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আপনার হাসির আড়ালে দুফোঁটা অশ্রু দেখতে পাচ্ছি, এটাই মুশকিল। আরে দূর, কিসের কান্না! আপনার সামনে তো খুব ভালো সময়ই অপেক্ষা করছে। হাসুন তো।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
জীবনানন্দের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলুন, কুয়াশা-হতাশা নিয়ে আসি নাই আমি এই পৃথিবীর বুকে। জয় আপনার হবেই।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
আপনি এখন আপনার জীবনের এক তুঙ্গ অবস্থানে আছেন। তাই বলে নিচে সবাইকে ছোট দেখবেন না যেন। আচ্ছা?
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আপনি যেমন অন্তর্মুখী, তেমনই বহির্মুখী। যেমন হাসিখুশি, তেমনই গম্ভীর। এ সপ্তাহে নিজেকে একটু মেলে দিন না ভাই। রহস্য ছাড়ুন, আনন্দে থাকুন। আমাদেরও আনন্দে থাকতে দিন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
এক উর্দুভাষী লোক, পরনে কুর্তা, তার নতুন কেনা বদমেজাজি বিশাল ষাঁড়টার কাছে গেছে। ষাঁড় চোখ লাল করে তাকিয়ে পেছনের ঠ্যাং তুলে দিল ভটাশ করে এক লাথি। মালিক মাটিতে চিত্পাত। উঠে রেগে গিয়ে বলে, শালা সুয়ার কা বাচ্চা! কামিনা কাঁহাকা! গালিটায় তো বিরাট একটা ভুল রয়ে গেল। যাক গে, রাগের মাথায় ভুল তো হতেই পারে। তবু এ সপ্তাহে আপনি কথাবার্তায় সতর্ক হবেন, কেমন?
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
মস্তিষ্ককে কিছুটা বিশ্রাম দিন। এত উতলা হওয়ার কী আছে?
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
মীন কিশোর-কিশোরী অ্যান্ড তরুণ-তরুণীদের জন্য সপ্তাহটি নিয়ে আসতে পারে দারুণ এক রোমান্সে পরিপূর্ণ এপিসোড। অপেক্ষাকৃত বয়স্ক মীনরা থাকবেন ঘন চিনির শিরার মতো ভালোবাসার মাঝখানে।