আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

পৃথিবীতে পরিপূর্ণতা বলে কিছু নেই। ভালোর পরেও কাজটার আরও ভালো থেকে যায়। এর তো শেষ নেই। কাজেই আপনার কোনো কাজ একটা মাত্রায় পৌঁছালে ওখানেই সেটা শেষ করে দেবেন। আরও ভালোর আশায় থাকবেন না। আপনার সাফল্য এমনিতেই আসবে।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

বৃষ নারী-পুরুষ সমাজের সামনে সুরুচির একটা মান দাঁড় করিয়ে দেন। একধরনের আদর্শ হয়ে দাঁড়ান। সবই ঠিক আছে। তবে বৃষ আত্মসমালোচনায় তেমন অভ্যস্ত নন। এইটুকু তাঁকে খেয়াল রাখতে হবে। আত্মসমালোচনায় অভ্যস্ত না থাকলে নিজের বিকাশ হয় না।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

এ সপ্তাহে হাতের কোনো কাজ ফেলে রাখবেন না। অসমাপ্ত থাকলে সেটা ওইভাবেই থেকে যাবে। চলতি সপ্তাহে এইটুকুই আপনার প্রতি আমার বক্তব্য।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

আপনার যথেষ্ট মেধা-বুদ্ধি-প্রতিভা আছে। তবে বর্তমান সময়টায় ওই সব গুণ আপনি কতটা প্রয়োগ করছেন ভেবে দেখবেন। তা না হলে তো সাফল্য আসতে দেরি হয়ে যাবে।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

তর্ক একটা খুব স্বাস্থ্যকর জিনিস। তবে এ সপ্তাহে আপনি সেই তর্কটাকে ঝগড়ায় রূপান্তর করবেন না। অন্য পক্ষের কথাটা না হয় একটু মেনেই নিলেন। এই তো।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

কন্যা নারী-পুরুষের অনেক গুণ। তবু বলি, ভয় শব্দটাকে আপনার জীবনের অভিধান থেকে মুছে দেবেন। এটা শুধু এ সপ্তাহের জন্যই নয়, সব সময়ের জন্য আপনার প্রতি একটি সুপরামর্শ। শুভ হোক আপনার।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

সপ্তাহটি তুলার জন্য যথেষ্ট শুভ। যদি মনে হয় আমার কথাটা ঠিক নয়, তাহলে আরও কয়েক দিন যাক। আপনি নিজেই বুঝতে পারবেন।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

এ সপ্তাহে নিজের কর্মকৌশলে কিছুটা পরিবর্তন আনবার চেষ্টা করুন। এতে আপনি ভালো ফল পাবেন। শুভ হোক।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

১৬ ডিসেম্বর ছিল আমার জন্মদিন। এত অসংখ্য মানুষ যে আমাকে ভালোবাসে—প্রতিবছর এই দিনটি এলে আমি নতুন করে তা বুঝতে পারি। অসংখ্য মানুষ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যাঁদেরকে আলাদাভাবে ধন্যবাদ জানানো হয়নি। এই সুযোগে আজ তা জানিয়ে দিলাম। আর এ–ও বলছি, ধনু পুরুষ ও নারীর জন্য চলতি সপ্তাহটি বিশেষ শুভ।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

হ্যাঁ, শীতটা এই মুহূর্তে একটু বেশিই পড়ে গেছে। তবে এতে আপনার জড়সড় হয়ে থাকলে চলবে না। কেননা, হাতে অনেক কাজ এবং অনেক সাফল্য।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

কারোর সঙ্গে ভুল–বোঝাবুঝি থাকলে এখনই তা মিটিয়ে ফেলার সবচেয়ে ভালো সুযোগ। পথ যত মসৃণ থাকে, ততই তো ভালো, তাই না?

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

আমরা অনেক লেখকের বই পড়ি, যাঁরা জীবনেও কোনো পুরস্কার পাননি। অথচ সেগুলোকে কালোত্তীর্ণ না বলে উপায় নেই। আরেকটা কথা এই যে কোনো লেখক পুরস্কার পাবার আশায় লেখেন বলে আমি মনে করি না। উৎকৃষ্ট লেখা হলে হয়তোবা পুরস্কারটা চলে আসে। মীন নারী-পুরুষের জন্য চলতি সপ্তাহটি একটি উল্লেখযোগ্য সপ্তাহ হবে।