আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
কর্কশ কণ্ঠে চিৎকার করে গাওয়া গান আমার কোনো দিনই ভালো লাগে না। আপনিও দেখবেন অনেক রাতে কিংবা সকালে ঘুম থেকে উঠে ‘শিং নেই তবু নাম তাঁর সিংহ’ কিংবা ‘দামা দাম মাস্ত কালান্দার’ ইত্যাদি ধরনের গান আপনার ভালো লাগবে না। আপনি বরং শুনতে চাইবেন রবীন্দ্রনাথ, নজরুল অথবা লালনের গান। এমনকি একটি ভাটিয়ালি হলেও চলবে। এসব গান আপনার মনকে স্নিগ্ধ করে তুলবে। সংগীত মানুষের মনে ওষুধের মতো প্রভাব সৃষ্টি করে। মনটাকে সুস্থ করে দেয়। তবে সেটা ওই চিতকৃত সংগীত নয়। যা-ই হোক, ভালো গান শুনুন এবং ভালো থাকুন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বারীন দাশ ছিলেন আমার একজন প্রিয় লেখক। তাঁর উপন্যাস থেকে চার লাইন কবিতা নিয়ে আমি আইয়ুব বাচ্চুর জন্য লিখেছিলাম ‘দেয়ালঘড়িতে এখন অনেক রাত/ জানালার কাছে রাত জাগে একা ঊর্মিলা চৌধুরী/ উপন্যাসের পাতায় যখন এই কথাগুলো পড়ি/ তখন আমার বয়স হয়তো/ উনিশ কিংবা কুড়ি’। কোন কবিতা বা কোন গান লিখতে গিয়ে আপনার মনে কোন প্রসঙ্গটি আসবে, তা আগে থেকে বলা যায় না। আপনি যদি একজন লেখক হয়ে থাকেন, তবে আপনার অনুভূতিকে প্রাধান্য দেবেন। চলতি সপ্তাহটি আপনার জন্য শুভ হোক।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
ইউটিউবে আমি মাঝেমধ্যেই বানর দেখি। বিশেষ করে শিশু বানরের আচরণ আমাকে আন্দোলিত করে। বানরশিশুর একা একা বসে উঁয়ো উঁয়ো করে কান্না, হেঁচে হেঁচে করে রাগ প্রকাশ, খ্রাচা শব্দে বিরক্তি প্রকাশ দেখলে খুব অবাক লাগে। আরও অবাক লাগে যখন একটি পালিত বানরশিশু কোনো কারণে অভিমান করে পালকের হাতে দুধ খেতে না চায়। বারবার মাথা ঝাঁকিয়ে এধার-ওধার ফিরিয়ে নেয়ে। পরে হয়তো খায়। এতে অবাক হওয়া উচিত নয়, যেহেতু বানরের সঙ্গে মানুষের দেহের জিনের মিল রয়েছে। প্রিয় মিথুন, আমরা সবাই প্রকৃতির সন্তান। কাজেই পশুর প্রতিও আমাদের দয়া থাকা উচিত। যা-ই হোক, চলতি সপ্তাহটি আপনার জন্য শুভ।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
মনের মধ্যে একটা তোয়াক্কাহীন ভাব রাখুন। সেটা আপনার মনের জোর বাড়াবে। তবে এর মানে এই নয় যে আপনি কোনো ব্যাপারে অসতর্ক হয়ে যাবেন। সতর্ক হয়েও সাহস বজায় রাখা যায়। কল্যাণ হোক আপনার।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
এ সপ্তাহে সিংহকে একটু সঞ্চয়ী মনোভাব নিয়ে চলতে হবে। খরচের ভারটা বাড়তে পারে। আর বাড়তি উপার্জনের চেষ্টাও করুন, যাতে সবদিক সামাল দিয়ে চলা যায়। জয় হোক।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
সপ্তাহ আপনার ভালোই যাবে, যদি আপনি কারও সঙ্গে তর্ক থেকে ঝগড়ায় চলে না যান। এইটুকু মনে রাখলেই চলবে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
তুলার মধ্যে আছে একটি দূরদর্শী মন। চলতি সপ্তাহে প্রয়োজন হবে তাঁর এই দূরদর্শিতাকে কাজে লাগানো। সবার সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে চলুন। জয় হোক আপনার।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
১৬ ডিসেম্বর ছিল আমার জন্মদিন। বিশিষ্ট গীতিকার কবির বকুল জুলফিকার রাসেলকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসেছিলেন। আমার বাঁধাই করা একটি ছবি আমাকে উপহার দিয়ে গেলেন। খুশিতে ও কৃতজ্ঞতায় ভেসে গেল আমার মন। এসব ভালোবাসার প্রতিদান হয় না। প্রিয় বৃশ্চিক, চলতি সপ্তাহে আপনিও আমার মতো মানুষের অনেক ভালোবাসা পাবেন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
যেকোনো অবস্থাই হাল ধরে থাকা ধনুর চরিত্র। প্রিয় ধনু, যদি মনে হয় সময়টা কঠিন, তাহলেও হাল ছাড়বেন না। কেননা, এই কঠিন দিন আপনার থাকবে না। জয় হোক।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কিছু মকরের জন্য সপ্তাহটি হচ্ছে জীবন পরিবর্তনের সময়। কাজেই প্রস্তুত হোন এবং সেইভাবে সামনে এগিয়ে চলুন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভের এখন সুদিন। অতীতে যদি কোনো অপ্রীতিকর কিছু ঘটেও থাকে, সেটা মনে রাখবেন না। সামনে চলুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
বর্তমান সময়ে বেশির ভাগটাই সবার ঘরে থেকে কাটছে। আপনারও হয়তো তাই। তবু নিজেকে ব্যস্ত রাখুন। ব্যস্ততা মানেই সাফল্য। জয় হোক আপনার।