আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

এ সপ্তাহে মেষ জয়ী হবেন বলে আমরা বাদবাকিরা সবাই যে হেরে যাব এমন তো নয়। কাজেই, জয়ী হন প্রিয় মেষ। আমরাও অগ্রসর হই আপনার পিছু পিছু...! তবে, যদি অভয় দেন তো নিবেদন করি শুধু এইটুকু যে আপনার রাগখানা অন্তত এই ৭ দিন একটু সামলে চলুন। কে জানে বাবা, এতটুকু শুনেই আপনি আমার দিকে তেড়ে আসবেন কি না।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

বাপের বাড়ি ছাইড়া কন্যা শ্বশুরবাড়ি যায়...এবং কেমন কইরা যাইতাম শ্বশুরবাড়ি...—এই দুটি চোখ ভেজানো গানের শিল্পী ছিলেন বেলা খান। আমার সরাসরি না হলে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। যেমন ভদ্র, বিনয়ী, কাজে-কর্মেও ছিলেন তেমনই দক্ষ। চাকরিতে থাকা অবস্থায় মারা যান তিনি। বলা যায়, অল্প বয়সেই। আমরা তাঁকে আপা বলেই ডাকতাম। তিনি ঠাট্টা করে বলতেন, এই শোনো, তোমরা আমাকে ম্যাডাম বলবে, ম্যাডাম। অফিসে ঢুকে তাঁর সুন্দরী হাসিটি দেখলেই আমাদের মন ভরে যেত। তিনি বৃষ ছিলেন। আমাকে হাত দেখিয়েছিলেন একদিন। সেটা তো সেই ১৯৭৫ সালে বোধ হয়। শিল্পীকে সবাই ভালোবাসে। ভালোবাসে ভালো মানুষকে এবং মনেও রাখে সারা জীবন।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

নির্মলেন্দু গুণকে একজন প্রশ্ন করেছিলেন, আপনি দাড়ি রাখেন কেন? নির্মলেন্দুর তৈরি জবাব, আপনি দাড়ি রাখেন না কেন? ওই একই জিজ্ঞাসার উত্তরে আমি অন্য এক লোককে বলেছিলাম, আমি তো ওকে রাখি না, ও আপনা থেকে আসে। প্রিয় মিথুন, নিজে স্বাধীন থাকুন, অন্যকেও স্বাধীন থাকতে দিন।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

ঋত্বিক কুমার ঘটক রবীন্দ্রনাথ পড়তেন মুখস্থ, খুব চড়া গলায়। লম্বা লম্বা কবিতা শেষ করে বলতেন, বাহ্, দেরেহ ঠাকুর বেড়হে লিখেছে!...আমি খুব নিচু গলায় বলতাম, আর বৃশ্চিক ঋত্বিক তাঁর কবিতা দারুণ পড়েছে! তিনি চোখ লাল করে তাকাতেন আমার দিকে। বলতেন, কী বললি? আমি বলতাম, না, কিছু না।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

২০০৬ থেকে এক অচেনা কণ্ঠের কল পেয়ে আসছি সিলেট থেকে। আমাকে তিনি আব্বা বলে সম্বোধন করেন এবং গড়গড় করে এক নিশ্বাসে নিজের কথা শেষ করে বলেন, ‘আব্বা, একটু আগে আফনারে ১০ টেকার ফেলেগজি ফাটাইছি। ফাইছোন্নি আফনে?’ কিছুক্ষণ পরপর কল দিয়ে তিনি নিশ্চিত হতে চান, টাকা পেলাম কি না। সিংহের ঘৃণা এবং ভালোবাসা—দুটোই অত্যন্ত প্রবল।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

চলতি সাত দিনে কন্যার কপালে আছে টাকা, আনন্দ ও যৎকিঞ্চিৎ অশ্রুর বন্যা।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

সপ্তাহ এমনিতে তো শুভই রয়েছে, বাকিটা আপনার নিজের ওপর নির্ভর করবে।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

এ সময়ে প্রধানত আপনি ভ্রমণ করবেন, অর্থ উপার্জন করবেন এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে আপনার বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

প্রাচীন রাজা-মহারাজা ও সামন্তরা সিংহাসনে বসে নিজের দীর্ঘ এবং জমকালো একটি নাম গ্রহণ করতেন। ধনু হিসেবে আমিও তা-ই করেছি। নতুন নাম নিয়েছি, দ্য হরাইজনটাল কাওসার বা অনুভূমিক কাওসার। আপনার ইচ্ছা হলে আপনিও নিন না, আমার তো কোনো আপত্তি নেই ম্যাডাম অ্যান্ড স্যার।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

অনিতা করিম তখন হোটেল সোনারগাঁওয়ের প আর ম, পাবলিক রিলেশনস ম্যানেজার। নতুন চাকরি পেয়ে খাওয়াবেন আমাকে। গেলাম ডিনার খেতে। বিশাল আয়োজন। রোস্ট খেতে গিয়ে আমি ঠেকে গেলাম একটু। হাত লাগাতেই হলো। এবার অন্য এক বিপদ। কেবল ন্যাপকিনে হাত মুছলে আমার যে চলে না। পানিতে আঙুল ভেজাতেই হয়। দেখলাম পানি বহু দূরে। বললাম, জানিস অনিতা, কলকাতায় ওরা কীভাবে হাত ধোয়? বলেই দিলাম পানির গ্লাসে আঙুল ডুবিয়ে। অনিতা মাথায় হাত দিয়ে বলে উঠল, হায়! হায়! খালু, আপনি আমার চাকরিটাই তো খেয়ে ফেলবেন! আমি বললাম তা কেন অনিতা, আমি তো শুধু দেখালাম কলকাতায় ওরা কীভাবে...এই বলে আমি আরেকবার মনের সাধ মিটিয়ে আরেকবার...মকর এখন মহা আনন্দ নিয়ে সময় কাটাবেন।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

কুম্ভরে কুম্ভ, জয় করে তবু ভয় কেন তোর যায় না।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

মীন রাশিতে আমরা দেখি একাধিক মাছ। আজ এবং আগামী দিনে তার জন্য রয়েছে যশ ও বিবাহসংক্রান্ত আনন্দ! জয় হোক মীন তনয়া কামরুন নাহার তোমার।