আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
শ্রী প্রসন্ন কুমার সিংহ বিদ্যাবিনোদ। বিদ্যাবিনোদ তাঁর নামের অংশ নয়, অর্জিত উপাধি। তিনি ছিলেন সিলেট এইডেড হাইস্কুলের বাংলার শিক্ষক। নিজের উপাধিটি সম্পর্কে রস করে খাস সিলেটি ভাষায় বলতেন, ‘হুন রে ব্যাটাইন, খবি রবীন্দরনাথ ঠাউর সিলট আইলা। আমি তখন ছোট। গেলাম দেখতে। কিতা কইতাম রে ব্যাটাইন, মাখহনের লাখান গায়ের রং। লুব সামলেইতে পারলাম না। জুব্বা তুলিয়া দিলাম গায়ে হাত। আর তখন থিকা আমি হয়ে গেলাম বিদ্যাবিনোদ।’ এমন অতুলনীয় শিক্ষক কয়জনে পেয়েছেন, জানি না। প্রসন্ন বাবু স্যার এত জ্ঞানী ছিলেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর যোগ্যতা রাখতেন। দয়া করে স্কুলশিক্ষক হয়েছিলেন। সবার সামনে কথাটা তুলে ধরলাম। এ নিয়ে ভাবুন। শুধু মেষ নয়, সবাই ভাবুন। প্রণতি জানাই স্যারের পবিত্র স্মৃতির উদ্দেশে।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
ঘরভরা একদল লোককে বিরক্ত করার জন্য একটি মাছিই যথেষ্ট। কাজেই বোর বা একঘেয়ে লোককে এড়িয়ে চলুন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
একজন বাবা ও তাঁর ছোট্ট বালক শিশু। তারা পরস্পরকে দারুণ ভালোবাসে। কী কারণে যেন একদিন বাবা শিশুটিকে মারলেন। শিশুটি কেঁদে কেঁদে বলতে লাগল, ‘বাবা, তুই আমাকে মারলি ক্যান, মারলি ক্যান?’ তার এই কথার ভেতর ছিল একই সঙ্গে ভালোবাসা ও তীব্র অভিমান। শুনে বাবার বুকটা ভেঙে গেল। তিনি ভাবলেন, সত্যিই তো, এ কী করলাম আমি! প্রিয় মিথুন, শিশুর দেহে কিংবা মনে কখনো আঘাত করবেন না।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
যা হয়ে গেছে, তা নিয়ে আর ভাববেন না। বলুন, জো হুয়া সো হুয়া।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহ এখন এক জটিল গুহার সামনে উপনীত। তাকে বলতে হবে কারেঙ্গে ইয়া মারেঙ্গে। অর্থাৎ হাতের কাজটা এখন করতেই হবে।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
জগতে অতীতই একমাত্র স্থায়ী সত্য। বর্তমান ক্রম-অপস্রিয়মাণ। ভবিষ্যৎ জানি না। এ কথা মনে রেখে পথ চলুন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
যেমন আছেন, তেমনই থাকুন। আপনার জন্য নতুন কোনো নির্দেশনা নেই। আপনি ভালো থাকবেন, এইটুকু জানি।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
রবীন্দ্রনাথের গানটি শুনুন—‘আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব।’ ভেবে দেখুন, আপনার ভেতর কী অসামান্য শক্তি আছে। আপনি সব কাজ পারবেন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ধনু কপালে নাই বিশ্রাম। আছে শুধু শ্রম। কথাটা মনে রেখে দিন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কৃপণ লোকের পাল্লায় পড়তে পারেন। জান হয়রান করে ছাড়বে। অতএব, সাধু সাবধান।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কোনো কিছুতেই ঘাবড়াবেন না৷ যা হচ্ছে হোক। পরে দেখা যাবে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
বঙ্গবন্ধু ছিলেন মীন রাশির এক অগ্নিপুরুষ। তাঁর সঙ্গে নিজেকে মেলান এবং তাঁর মতো হওয়ার চেষ্টা করুন।