আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
বড় ভাগে ভাগ করলে আমার জীবনে আছে তিনটি শ্রেষ্ঠ সময়—প্রথমটি যখন প্রতীকের মায়ের সঙ্গে আমি প্রেমে পড়ি, দ্বিতীয়টি আমার যুদ্ধযাত্রা আর তৃতীয়টি হচ্ছে আমার একমাত্র সন্তান প্রতীকের জন্ম ও বেড়ে ওঠা। প্রিয় মেষ, আমার জীবন সম্পর্কে আপনার যদি কোনো কৌতূহল থেকে থাকে, তাহলে এই তো সব জানলেন। আপনিও আপনার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো চিহ্নিত করে রাখুন। এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আমাকে একটি শব্দ দিন। আমি আপনাকে একটি পূর্ণ গল্প উপহার দেব। এটি আমার প্রতিভা নয়, অর্জিত ক্ষমতা। এগারো বছর বয়স থেকে প্রতি রাতে ক্রমাগত ডায়েরি লিখতে লিখতে আমি এই ক্ষমতার অধিকারী হয়েছি। এ শুধু আমার শ্রমের ফসল। আপনিও নিয়মিত ডায়েরি লিখুন এবং নানা রকম বই পড়ুন। আত্মপ্রকাশের শক্তি বাড়ান। নিজেকে বিকশিত করুন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
ফুল আপনা থেকে ফোটে। কারও হুকুমের তোয়াক্কা করে না। মানুষেরও মুখে কথা আসে, তাই সে কথা বলে। আপনিও কথা বলুন এবং অন্যকে কথা বলতে দিন। যে কথা বলে, সে আপনাকে আনন্দ দেওয়ার জন্যই কথা বলে। নিজে আনন্দে থাকুন, অপরকে স্বাধীন রাখুন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
সিধু মিয়া ভিয়েতনামে গেলেন বান্দর নিয়ে মুভি বানাতে। ফিরে এসে বললেন, ব্যাটারা মুভির ম-ও বোঝে না। একটা প্রকল্প নিলাম, নাম ঠিক করলাম হাঙ্কি পাঙ্কি ইয়াঙ্কি মাঙ্কি। নায়ক বান্দর ভদ্রলোকটি খুব ভালো। অল্প ভিয়েতনামি কারেন্সিতেই রাজি হয়ে গেলেন। নায়িকা বান্দরনি ত্যাং মিং ছ্যাং বেঁকে বসলেন। আমেরিকান ডলারে ছাড়া পেমেন্ট নেবেন না! খ্যাতা পুড়ি তোর মুভির। চলে এলাম। সব চলচ্চিত্র নির্মাতার উদ্দেশে এই বক্তব্যটি তুলে ধরলাম। ছবি তৈরি করাটা একটা কঠিন কাজ। সাবধানে পা ফেলবেন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
বানরের স্বভাব হচ্ছে লম্বা একটা খুঁটি পেলে সোজা সেটা বেয়ে ওপরে ওঠার চেষ্টা করা। আমাদের পাড়ার এক বড় ভাই একটি বেসরকারি সংস্থার মেজ কর্তা। তিনিও খুব অ্যাম্বিশাস। সব সময় প্রমোশনের ফিকির খোঁজেন। তবে তিনি সৎ এবং যোগ্য। এ রকম হলে তো তাঁর প্রমোশনই আমরা চাইব। আপনিও এ রকম হোন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
ভোররাতের অশ্রুর চেয়ে পবিত্র জল আর নেই। নিজের জন্য কাঁদবার অধিকার সবারই আছে। সেভাবে আপনিও কাঁদুন, তবে হাউমাউ করে সবার সামনে কাঁদাটা শোভন নয়। ওটা যথাসম্ভব এড়িয়ে চলুন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
অসামান্য গজলশিল্পী ইকবাল বানুর অবিস্মরণীয় একটি গান মনে পড়ে...বাংলা করলে, ক্লান্ত রাত ছেয়ে আছে আকাশে। সিতারোঁ তুম তো সো যাও, তারারা তোমরা ঘুমিয়ে পড়ো। হামে ভি নিঁদ আয়েগি, হাম ভি সো হি জায়েঙ্গে। আমারও ঘুম আসবে, আমিও ঘুমিয়ে পড়ব। এই সপ্তাহে এই গানটি খুঁজে নিয়ে শুনুন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
সবার কথা বলছি না, তবে আমাদের দেশে এমন কিছু শিল্পী আছেন, যাঁরা অত্যন্ত দরদের সঙ্গে ভুল কথায় ভুল সুরে গান করেন। তাঁদের বলি, ওহে শিল্পী, বাংলা গানটাকে হেলাফেলা করবেন না, ভাষাটা যদিও আপনার মায়ের ভাষা। আর ভালোভাবে গান না করলে সবাই আপনাকে বুড়ো আঙুল দেখাবে। সেটা কি আপনার ভালো লাগবে?
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
কলকাতার বাবুটি বললেন, জল জমেছে, ঝরিয়ে আসি। আহা, কি শোভন এক্সপ্রেশন! আমরা তো বোধ হয় এভাবে পারব না। তবুও সুন্দরভাবে নিজেকে প্রকাশ করাটা সভ্যতার অঙ্গ। আসুন, সেই চেষ্টাই করি।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
প্রফুল্লদা ছিলেন চারুকলায় আমার বেশ সিনিয়র। চাকরিজীবনে তাঁকে পেলাম সহকর্মী হিসেবে। একদিন তাঁর নাকের ভেতর বোধ হয় একটা চুল খুব চুলকাচ্ছিল। তিনি অনেক কসরত করে একটানে সেটাকে উৎপাটন করলেন। চোখের সামনে সেটিকে ঘোরাতে ঘোরাতে বললেন...শালার লোম্বা, এতক্ষণ থিকা তুমি আমারে ডিস্টার্ব করতেছ। প্রিয় মকর, যেকোনো বিব্রতকর অবস্থা থেকে বেরিয়ে আসুন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
এক ভদ্রলোকের দাঁতের চিকিৎসা হচ্ছে। সব দাঁত তুলে ফেলা হয়েছে। তাঁকে দেখতে এলেন তাঁর এক মদ্যপায়ী বন্ধু। যাওয়ার সময় কথা খুঁজে না পেয়ে বললেন, দাঁতের যত্ন নিয়ো। রেগে গিয়ে ইনি ফোকলা উচ্চারণে বললেন, তুমিও তোমাল লিভারের দত্ন নিয়ো। কাটাকাটি হয়ে গেল। আপনিও নিজের সাপ্তাহিক পরিস্থিতির ওপর লক্ষ রাখুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
কলকাতা ঘুরে এসে বন্ধুটি আমাকে বলল, দ্যাখরে, ওখানে ওরা রুপাকে রুপো বলে, কিন্তু সোনাকে তো সোনো বলে না। কী আজব না? শুনলেন তো কাণ্ড। এটাই আপনার রাশিফল।