আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

কাওসার আহমেদ চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

আমার ছেলে প্রতীক, দুনিয়ার বহু দেশ ঘুরে এখন তো অস্ট্রেলিয়ায়। আমি ঘুরেছি পুবের ছয়-সাতটি দেশ মাত্র। এর মধ্যে, জানি না কেন, ফিলিপাইন আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। নীল আকাশ, নীল সমুদ্র, হাজারখানেক দ্বীপের দেশ। মানুষগুলো সহজ-সরল, হাসিখুশি এবং অত্যন্ত সংগীতপ্রিয়। প্রধানত ম্যানিলায় থাকলেও আমি আশপাশের অনেক জায়গায় গেছি। জানি না ওখানে আর কখনো যাওয়া হবে কি না। প্রিয় মেষ, সুযোগ পেলেই দেশ ভ্রমণ করুন। যে আনন্দ পাবেন...তার তুলনা হয় না।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

আশা এবং বিশ্বাস নিয়েই আমাদের বেঁচে থাকা। এই দুটোকে অবলম্বন করেই আমাদের পথচলা। প্রিয় বৃষ, শত দুঃখকষ্টেও হাল ছাড়বেন না। একদিন না একদিন আপনার তরি ওপারে গিয়ে ভিড়বে।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

মিথুন একটি শক্তিশালী রাশি। শাস্ত্রে বলা হয়, এটি রাশিচক্রের সবচেয়ে স্মার্ট রাশি। তা-ই যদি হয়, প্রিয় মিথুন, চলতি সপ্তাহে আপনি আপনার স্মার্টনেসের একটি উজ্জ্বল প্রমাণ রাখবেনই।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

এ সপ্তাহে কর্কটের যেমন অর্থ লাভ হবে, তেমনই হবে ব্যয়। কাজেই একটু বুঝে চলবেন, প্রিয় কর্কট।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

বলা হয়, সাধারণত বাংলাদেশের মানুষ প্রমিত বাংলা লিখতে এবং বলতে জানে না। কিন্তু ইদানীং ফেসবুকে কলকাতার প্রচুর বাঙালির যেসব উচ্চারণ শুনতে পাই, তাতে গা শিউরে ওঠে। শচীন দেববর্মনকে ওরা অনেকে হিন্দি স্টাইলে বলেন সেচিন দেভ ভার্মান। শ-গুলো সব হয়ে যায় স। কিন্তু এই সব বলেই-বা কী হবে? যাঁরা নিজেরাই উচ্চারণ বিকৃত করছেন, তাঁরা নিজেরাই সেটা জানেন না এবং মানেন না। কেউ ভুল ধরিয়ে দিলেও সেটা বোঝার ক্ষমতা তাঁদের নেই। প্রিয় সিংহ, আপনি অন্তত এই সব বিষয়ে সচেতন হোন।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

নারী কন্যারা হাত তুলুন। পুরুষ কন্যারা কান ধরে ক্লাস থেকে বেরিয়ে যান। কেননা, চলতি সপ্তাহটি নারী কন্যাদের জন্যই বেশি শুভ।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

চলতি সপ্তাহে অযৌক্তিকভাবে কোনো ব্যাপারে গোঁ ধরতে যাবেন না। তা বাদে দিনগুলো আপনার শুভই রয়েছে।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

আনন্দের লক্ষ্য সামনে রাখুন, আনন্দ অবশ্যই আসবে। ছোটখাটো সমস্যার দিকে মন দেবেন না। সপ্তাহ অত্যন্ত শুভ।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

সংবাদ তিন রকমের আছে—সুসংবাদ, দুঃসংবাদ এবং শুধুই সংবাদ। যেকোনো সংবাদেই আমাদের কৌতূহল থাকে। রাশিফলও একধরনের সংবাদ। চলতি সপ্তাহে আপনি, প্রিয় ধনু, বেশির ভাগটাই সুসংবাদ পাবেন।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

লগ্নজিতা চট্টোপাধ্যায় বর্তমান সময়ে কলকাতার এক জনপ্রিয় কণ্ঠশিল্পী। বসন্ত এসে গেছে...এই গান দিয়েই তিনি প্রথম শ্রোতাদের নজরে আসেন। অতীত যুগের কানন দেবীর একটি বহুল আলোচিত গান—ছন্দে ছন্দে দুলি আনন্দে। এই গান লগ্নজিতা এমনভাবে গেয়েছেন, যা ভোলার মতো নয়। একে তো প্রতিমার মতো সুন্দর চেহারা, মিষ্টি গলা, তার ওপর গান গাওয়ার নিয়ন্ত্রিত ভঙ্গি। অসাধারণ বললেও কম বলা হয়। প্রিয় মকর, চলতি সপ্তাহে এই গান আপনাকে শুনতে অনুরোধ করি।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

কোনো ব্যাপারে আমরা যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিই, ততক্ষণই আমাদের মনে থাকে অস্থিরতা। একবার সিদ্ধান্ত নিয়ে নিলে মন একেবারে শান্ত হয়ে যায়। প্রিয় কুম্ভ, যা হয় একটা সিদ্ধান্ত নিয়ে নিন। সেই অনুযায়ী কাজে হাত দিন। সপ্তাহ সফল হবে।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

সাধারণত মীন খুব উচ্চাভিলাষী। মীনকে খেয়াল রাখতে হবে তাঁর এই উচ্চাভিলাষ ভালো হলেও তা যেন মাত্রার অতিরিক্ত না হয়। বাস্তব জগতে থাকুন, জীবন হবে সুন্দর।