আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
এই উপমহাদেশে সভ্যতার প্রথম আলো যখন ছড়িয়ে পড়ে, তখন কেউ একজন উচ্চারণ করেছিলেন, ‘তোমার খাদ্য যাহা, তুমিও তাহাই।’ এর বহু যুগ পরে এই উক্তিটি হুবহু অনুকরণ করলেন পশ্চিমা এক দার্শনিক। বললেন, ‘ইউ আর হোয়াট ইয়োর ফুড ইজ।’ অর্থাৎ ওই একই কথা। আসলেও একজন মানুষের খাদ্যাভ্যাস একটি অত্যন্ত জরুরি বিষয়। এর বিস্তারিত ব্যাখ্যা দেবেন পুষ্টিবিশেষজ্ঞ। চলতি সপ্তাহে আমি আপনাকে বলব, খাদ্য নির্বাচনে এখন থেকেই সতর্ক হোন। তা না হলে এর খেসারত দিতে হবে। এটা শুধু আপনার নয়, সবার জন্যই সারা জীবনের একটা পরামর্শ।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
অনেকের অনুযোগ আছে, আমার রাশিফল দুর্বোধ্য। আমি তা অস্বীকার করি না। তবে আমি আস্থা রাখি পাঠকের শিক্ষা ও মেধার ওপর। তা ছাড়া আমার আজন্মের বাচনভঙ্গি নিয়ে শুধু রাশিফলই তো লিখছি ১৫ বছর ধরে। এখন চাইলেই কি আমার লেখার ধরন খুব একটা বদলাতে পারব? তবু বলি, আমার চেষ্টা থাকবে। বৃষকে বলি, কাউকে যদি পরিবর্তন করার পরামর্শ দেন, তাহলে সেই পরামর্শটা যেন চড়া সুরে না হয়।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
চলচ্চিত্র ও নাটকে সংলাপ হচ্ছে একটি প্রধান বিষয়। কিন্তু আমাদের দেশের সিনেমা বা নাটকে দেখি, সংলাপের চেয়ে সংগীত বেশি প্রাধান্য পায়। সারাক্ষণ ঝমঝম সংগীত হতে থাকে, হারিয়ে যায় সংলাপগুলো। ফলাফল, বিরক্তি ও ক্ষোভ। সব ক্ষেত্রেই যে এটা হয়, তা কিন্তু বলছি না। প্রিয় মিথুন, চলতি সপ্তাহে যা কিছু বলতে চান স্পষ্ট করে বলুন। তাতে আপনার সাফল্যের হার বেশি হবে।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
৯ মার্চ একজনের বার্তা পেলাম, তিনি সম্প্রতি ক্যানসার থেকে সম্পূর্ণ সেরে উঠেছেন। তিনি আমার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবন কামনা করেছেন। বার্তাটি বলা বাহুল্য, আমাকে স্পর্শ করেছে। কর্কট রাশি চন্দ্র দ্বারা পরিচালিত এবং এই রাশির জাতক-জাতিকাদের মন উদার ও সংবেদনশীল। অন্যের সুখ-দুঃখে তাঁরা পাশে এসে দাঁড়ান। চলতি সপ্তাহে সব কর্কটকেই হয়তো এভাবে কারও না কারও পাশে গিয়ে দাঁড়াতে হবে।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
একজন বললেন, মূল্যায়নকে আরও সহজ করে ‘দামায়ন’ বললে ক্ষতি কী? দাম থেকে এই দামায়ন। কিন্তু ইংরেজিতে প্রাইস ও ভ্যালু—এই দুটি কথার অর্থের মধ্যে প্রভেদ আছে। অস্কার ওয়াইল্ড বলেছেন, যিনি সবকিছুরই দাম জানেন অথচ মূল্য জানেন না, তিনি সিনিক বা ছিদ্রান্বেষী। ভেবে দেখুন, কথাটার তাৎপর্য আছে। একটা অল্প দামের উপহারসামগ্রীও আপনার কাছে মূল্যবান হতে পারে। চলতি সপ্তাহে কারও কাছ থেকে কোনো উপহার পেলে সেটাকে দাম দিয়ে যাচাই করতে যাবেন না।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
আপনার জন্য এ সপ্তাহে আমার লেখা সেই ছোট্ট কবিতাটি নিবেদন করি: আমি শুধু এক দরিদ্র জ্যোতিষী/ ধরে আছি গাঢ় অন্ধকারে/ তোমার দক্ষিণ হাত;/ ভয় কী, তুমি পার হয়ে যাবে এই/ তুফানি ঝড়ের রাত।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
ওঠো! জাগ্রত হও! সিদ্ধি অর্জনের পূর্ব অবধি ক্ষান্ত হোয়ো না। এটি এক মহাপুরুষের বাণী। চলতি সপ্তাহে এই বাণীটি অনুসরণ করলে আপনি যেকোনো কাজে সিদ্ধিলাভ করতে পারবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে আপনার বুকে আলো জ্বালিয়ে রাখবেন আপনার মা। কারও কারও ক্ষেত্রে হয়তো মায়ের স্মৃতিটুকুই যথেষ্ট। তাই বলে বাবার গুরুত্ব অস্বীকার করা হচ্ছে না। তবে আমি মনে করি, এ সপ্তাহে মা-ই হবেন আপনার চলার অনুপ্রেরণা।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
সবার জীবনেই একটা মিশন থাকা উচিত। এই মিশন নিয়ে অগ্রসর হলে উঁচু একটা ভূমিতে পৌঁছানো সম্ভব। চলতি সপ্তাহে নিজেকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে যথাসম্ভব বেশি অন্যের সমস্যা নিয়ে ভাবুন। আপনার নিজের কিছু সমস্যা থাকলে ওইভাবেই তারও সমাধান হয়ে যাবে।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
কোনো মকর আমার সামনে বকর বকর করতে থাকলে আমি বিরক্ত তো নই, বরং আনন্দিত হই। কেননা খুব কম মকরই আছেন, যিনি অর্থহীন প্রলাপ বকেন।…মকরের উচ্চ আসন এ সপ্তাহে আরও উঁচুতে অবস্থান করবে।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
মানুষের মুখমণ্ডল বা চেহারা পরীক্ষা করে তার চারিত্রিক বৈশিষ্ট্য নিরূপণের একটি পদ্ধতি আছে, যার নাম ফিজিয়োনমি। পদ্ধতিটি যে পুরোপুরি বৈজ্ঞানিক, তা নয়। তবে কাজ চলে। এ সপ্তাহে মানুষ চেনার ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
মীন রাশির একজন ‘ডিসকভারি’ চ্যানেল থেকে তথ্য আহরণ করে জানাচ্ছেন, বুদ্ধিমান প্রাণীরা আয়নায় নিজেকে দেখে চিনতে পারে। যেমন মানুষ, শিম্পাঞ্জি, ডলফিন ইত্যাদি। এরপর ওই মীন জাতিকা বা জাতক তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলছেন, ‘হৃদয়ের আয়নায় নিজেকে চেনা কি তত সহজ?’ আমি বলি, বেশির ভাগ মানুষেরই তো নিজের চেহারা দেখার মতো ‘হৃদয়ের’ আয়না নেই। প্রিয় মীন, আপনি কি আমার সঙ্গে একমত?
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।