আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আপনি আছেন এক সামগ্রিক পরিবর্তনের বলয়ে। এই পরিবর্তন আপনাকে শুভদিনের দিকে নিয়ে যাবে। আপনাদের মধ্যে কারও কারও জীবনে এই পরিবর্তন আসবে খুব দ্রুত। বাদবাকিদের অধৈর্য হওয়ার কিছু নেই। পরিবর্তন এলে আপনি ব্যস্ত হয়ে উঠবেন এবং আমার কথা আপনার মনে থাকবে না। তবু আপনার জন্য আগাম অভিনন্দন রইল।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
আপনাদের মধ্যে অনেকেই বর্তমান সময়ে বিদেশের মাটিতে পা রাখবেন অথবা স্থানীয় ভ্রমণ করবেন। ব্যবসায়ী বৃষর জন্য এখন একটা সুসময়ের আবহ গড়ে উঠতে পারে। অর্থাৎ, তাঁরা তাঁদের কাজে আশাবাদী হয়ে উঠতে পারেন। অন্যান্য পেশায় যাঁরা জড়িত, তাঁদেরও পাওয়ার বহু কিছুই থাকবে। বিশেষত, বয়সে যাঁরা তরুণ, তাঁরা তাঁদের হৃদয়ের ন্যায্যমূল্য পাবেন বলে আশা করা যায়।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
হৃদয়ের ব্যাপারটাই এ সপ্তাহে আপনার জন্য মুখ্য হয়ে দাঁড়াবে। আগাম পরামর্শ দিচ্ছি, ‘আবেগের বশবর্তী হইয়া’ কোনো কাজ করবেন না। যদি আবেগে ভেসে না গিয়ে ধীরস্থির থাকেন, তবে আপনার কোনো বিপর্যয় ঘটবে না। এ সপ্তাহে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে।

কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২

সবদিক দিয়ে প্রথম স্থানে থাকার পরও যে যন্ত্রণা ভোগ করতে হয়, তা হয়তো আপনার জানা নেই। এখন তাহলে সার্বিক সাফল্য এবং একই সঙ্গে মনের বেদনা—এই দুটি বিষয়ে প্রস্তুত থাকুন। সাফল্যের জন্য আগাম অভিনন্দন এবং কষ্টের জন্য সমবেদনা রইল।

সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১

একেবারে নিস্তরঙ্গ জীবন বলতে যা বোঝায় তা কখনোই আপনার ছিল না। এ জন্যই সিংহের জীবন সর্বদা নাটকীয় এবং বৈচিত্র৵ময়। তা হলেও চলতি সপ্তাহে আপনি বেশ কিছু নতুনত্বের অপেক্ষা করতে পারেন।

কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২

সাধারণভাবে বলতে গেলে কন্যা জীবনে প্রচুর সৌভাগ্য ভোগ করেন। এ সপ্তাহেও এর তেমন ব্যতিক্রম কিছু দেখা যায় না। তবে লোকের সঙ্গে যোগাযোগের ব্যাপারে কন্যাকে খানিকটা সতর্ক থাকতে হবে। তর্ক চলতে পারে, কিন্তু ঝগড়া একেবারেই নয়। এভাবে হলে সপ্তাহ আপনার জন্য শুভ হয়ে উঠবে।

তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২

এ সপ্তাহে যদি কারও হাতে তুলাধোনা হন, তাহলে মন খারাপ করবেন না। ওই ব্যাপারটাই শেষ পর্যন্ত আপনার জন্য কল্যাণকর হয়ে দাঁড়াবে। সাপে বর আরকি। এ সপ্তাহে লোকের ওপর আপনার প্রভাব জোরদার হয়ে উঠবে।

বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২

ব্যস্ততা হঠাৎ করেই বেড়ে যেতে পারে। এটা সবার জন্যই অত্যন্ত ভালো লক্ষণ। বিশেষ করে পেশাগত ব্যস্ততার মধ্য দিয়ে আপনার অনেক সাফল্য, অনেক স্বীকৃতি আসবে।

ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯

চলতি সপ্তাহে আপনি দুর্ভাবনা করার মতো যথেষ্ট সময় পাবেন না। কাজের চিন্তা করতে করতেই সপ্তাহ কেটে যাবে। আর্থিক অবস্থা সাময়িক একটু নিম্নমুখী দেখলে দমে যাবেন না। অন্য সবদিকে আপনার এটা শুভ সময়।

মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩

কিছু কিছু কাজ দেখবেন হতে হতে হচ্ছে না। এ সময়টা মন হালকা রেখে চেষ্টা করে যান। একটু গান শুনুন, আড্ডা দিন। মকর একটি শক্তিশালী রাশি, এই কথার ওপর আস্থা রাখুন।

কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

অনেক সময়ই আমরা নিজের দুর্ভাগ্য নিজে তৈরি করি। না জেনে যে কাজটা যেমন হওয়া উচিত তেমনভাবে করি না। অনাবশ্যক তর্ক ও বচসায় লিপ্ত হবেন না। যা ভালো, তাকে মন্দের দিকে টেনে নিয়ে যাবেন না।

মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩

রাশির বিচারে আপনার মধ্যে কিছু রহস্যময়তা আছে। চলতি সপ্তাহে এটাকে যা আছে তার চেয়ে বেশিতে গড়িয়ে যেতে দেবেন না। অর্থাৎ, চলনে-বলনে একটু সহজ থাকুন। লোকে যাতে আপনাকে সহজে বুঝতে পারে, তারই ব্যবস্থা করুন। সপ্তাহ আনন্দজনক হবে।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।