আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
বর্ষা-বাদল, ঝড়-বৃষ্টি নিয়ে কবিরা যে কাব্য করেন সেটা ঠিক আছে, তবে ওই রোমান্টিকতা কি গরিব-দুঃখীর কষ্টকে গণনার মধ্যে ধরে? কাব্যরসিকেরা সেটা ভেবে দেখবেন। যাঁরা কাব্য রচনা করেন, তাঁদের ভাবার বেশি কিছু নেই। ভাবতে হলে তো প্রকৃতি নিয়ে কাব্য করাটাই ছেড়ে দিতে হয়।...মেষ জাতক-জাতিকার জন্য চলতি সপ্তাহটি শুভ।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
বৃষকে এ সপ্তাহে বিষণ্নতা দূরীকরণ কর্মসূচির প্রকল্প পরিচালকের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে হবে। এ থেকেই তাঁরা তাঁদের এই সাময়িক সমস্যা থেকে রেহাই পাবেন। মন প্রসন্ন থাকলে কোনো বাধাই বাধা নয়।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
আমার একটি অত্যন্ত প্রিয় গান আছে, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া, ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...’। যত দূর জানি, গানটির গীতিকার ওসমান শওকত। সুরকার কে, তা জানি না। তবে জানার আগ্রহ প্রবল। কেননা, সুরটাও অসাধারণ! ওই গানের কথাগুলো লক্ষ করলে হয়তো আপনি আপনার সাপ্তাহিক জীবনের সঙ্গে এর একটা মিল খুঁজে পাবেন।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
পৃথিবীতে এমন কিছু নেই, যা মানুষের চিন্তার চেয়ে দ্রুতগতিতে বাড়তে পারে। কথাটা বলছি পৌরাণিক কাহিনি থেকে ধার নিয়ে। চলতি সপ্তাহ আপনার কাটবে এলোমেলো চিন্তার ভেতর দিয়ে। এই বিশৃঙ্খল চিন্তাকে শৃঙ্খলায় আনাই হবে আপনার সামনের দিনগুলোর প্রধান করণীয়। চিন্তাকে বাঁধা যায়, কাগজে লিখে নিলে। লেখা হচ্ছে সংগঠিত চিন্তা। এই পদ্ধতি আপনাকে সামনের দিকে নিয়ে যাবে।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
আপনাকে এ সপ্তাহে মনের শক্তি বাড়ানোর জন্য অতিরিক্ত চেষ্টা করতে হবে। এমনিতে রাশির হিসাবে মনের জোর আপনার আছে। তবে চলতি সাত দিনে আপনার মনোবল কিছুটা কমে যেতে পারে। এ জন্যই কথাগুলো বলা।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
একজন একা পথ হাঁটলে এক মাইল রাস্তাও যেন ১০০ মাইল হয়ে যায়। ফুরাতে চায় না। কিন্তু যদি দুজন মিলে হাঁটা যায়, তাহলে ১০০ মাইল পথও ১০ মিনিটে ফুরিয়ে আসে।...চলতি সপ্তাহে প্রিয় কন্যা, জীবন পথে চলার যোগ্য সাথি খুঁজুন। এই সাথি আপনার সব সময়ের বন্ধু হবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
গত সপ্তাহের এই রাশিতে দুটো বানান ভুল হয়েছে, শুদ্ধ করে নিন: ‘তুলাধোনা’ নয়, কথাটা হবে তুলাধুনা। আর ‘সাপে বর’ নয়, কথাটা হবে ‘শাপে বর’। অতঃপর বলছি, চলতি সপ্তাহটা আপনার জন্য বিশেষভাবে শুভ হবে। তবে কানকথায় কান দেওয়া উচিত হবে না। সবকিছু আগে ভালোভাবে যাচাই করে নেবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
রেডিও-টিভিতে মাঠের খেলাধুলার ধারাভাষ্যে সাধারণভাবে ‘প্রিয় দর্শক’ বললে যেন যথেষ্ট বলা হয় না, তাই বলা হয় ‘সুপ্রিয় দর্শক-শ্রোতা’। চলতি সপ্তাহে স্বাভাবিক সৌজন্যের অতিরিক্ত কিছু দেখাতে যাবেন না। ভদ্র আচরণ বজায় রেখে সত্যি কথা বলবেন।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
এক রুচিশীল পাঠক কেন জানি না প্রায়ই আমাকে তাঁর বার্তায় একটি কবিতার লাইন লিখে পাঠান, ‘এরে ভিখারি সাজায়ে/ কী রঙ্গ তুমি করিলে…’। পাঠক, এই কথাগুলো বিধাতার উদ্দেশে বলা হচ্ছে। হয়তো এতে বলা হচ্ছে এমন এক মানুষের কথা, যাঁর রাজা হওয়ার কথা ছিল, কিন্তু তিনি হয়েছেন ভিখারি। সংসারে তো এ রকম হরহামেশাই আমরা দেখতে পাই। যিনি এই কথাগুলো পড়ছেন, তাঁকে ভাবনার গভীরে গিয়ে নিজের সাপ্তাহিক অবস্থান খুঁজতে অনুরোধ করি।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
একটা কবিতা পড়েছিলাম, ‘ওই সিন্ধুপারে বসি যারা লিখিয়াছে তব ভ্রান্ত ইতিহাস/ ছিঁড়ে ফেলি দাও তাহা করি উপহাস।’...আপনাকেও বলি, যে কুলাঙ্গার আপনার জীবনটাকে না জেনেই আপনার সম্পর্কে মিথ্যা কিছু বলে, তার কথায় কান দেবেন না।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আজকাল বিশেষ করে টেলিভিশনে অদ্ভুতভাবে উচ্চারিত কিছু ইংরেজি শব্দ শুনি। যেমন: ‘পেইশাল’ (স্পেশাল), ‘অফিসিয়াল’ (অফিশিয়াল)ইত্যাদি। আপনি যদি টিভিমাধ্যমের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে যারা এসব ভুল করছে, ভদ্রভাবে তাদের ভুলটা ধরিয়ে দিন। আমরা প্রায় ২০০ বছর ইংরেজের শাসনে ছিলাম। একটু কি ইংরেজি ভাষাটা শুদ্ধভাবে বলা উচিত নয়? ইংরেজ শাসনের মন্দ দিকটা একই সঙ্গে আমাদের স্মরণ রাখতে হবে।...প্রিয় কুম্ভ, চিন্তার কিছু নেই, সপ্তাহ আপনার ভালোই কাটবে।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহে আপনি একটা নতুন ধরনের কাজে হাত দিতে পারেন। বিশ্বাস রাখি, আপনিও রাখবেন, কাজটা যেন আপনার সফলভাবে সম্পন্ন হয়।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।