আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আগামীকাল বিশ্ব মা দিবস। এক বাবা তাঁর একমাত্র সন্তানকে এসএমএস পাঠালেন, ‘বাবা, আমার ও তোমার জীবন কখনোই সম্ভব হতো না—তোমার মাকে ছাড়া।’ কথাগুলো তো বিশ্বের যেকোনো মা সম্পর্কেই এক চিরন্তন সত্য। আমি কি ভুল ব্যাখ্যা দিলাম, প্রিয় মেষ? চলতি সাত দিন এবং বাকি জীবন ধরে মাকে জড়িয়ে ধরে থাকুন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
‘আজও অদ্ভুত সুন্দর আমার একাকী দিন। বৈশাখী পড়ন্ত দুপুর, শূন্য পুকুর, দোয়েলের স্বর। কখনো মেঘে ঢাকা আকাশ, কখনো বা নীল। বহু শতাব্দী আগেও ছিল এমন আকাশ, ছিল একাকী মানুষ।’ এটি পাঠিয়েছেন আমার এক অদেখা কবি সাফায়েত।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
‘ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড, নট ডিফিটেড!’—নোবেল বিজয়ী কথাসাহিত্যিক অর্নেস্ট হেমিংওয়ে। মানুষকে ধ্বংস করা যায়, কিন্তু পরাজিত করা যায় না। প্রিয় মিথুন, সারা সপ্তাহ ধরে ওপরের লেখাগুলো পড়তে থাকুন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
‘ভালো নেই, এই কথাটি শুনতে চাই না আর/ বন্ধু তোমার মুখে,/ আজ থেকে চাই যে শুধু/ দেখতে হাসির ঝিলিক/ তোমার চোখে।’—আমার লেখা গানের কটি লাইন। ভ্রমণক্লান্ত কর্কট, এ সপ্তাহে কিছু গানটান শুনুন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

আপনাকেও আমার সদ্য লেখা কয়েকটি গানের লাইন—‘কেউ অনেক আঘাত পেয়ে/ থাকে ভালোবাসা নিয়ে/ দ্যাখো আমি/ ধ্বংস-লীলার সাথে/ কেমন খেলা করি। তুমি সুখের দিকে চলো, আমি ব্যথার কাছে ফিরি।’

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

একটা ব্যাপার কি খেয়াল করেছেন? যখনই দুঃখের মিউজিকের সঙ্গে কোনো হৃদয়স্পর্শী কথা পড়বেন, শুকনো চোখেও জল চলে আসবে! এটি পাঠিয়েছেন আমার এক কন্যা রাশির অচেনা পাঠক। 

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

কলকাতার নবনীতা চট্টোপাধ্যায়ের গাওয়া একটি গান দেখুন, কার লেখা জানি না, ‘ও আকাশ বলো না আজ সূর্য কোথায় রেখে এলে।’ প্রিয় তুলা, না, আপনার আকাশ থেকে সূর্য হারিয়ে যায়নি। এখনো তো বহুদূর যেতে হবে। আগামী শুক্রবার পর্যন্ত আমার এই কথাগুলো দয়া করে মনে রাখুন।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

আজকাল দেখি, একজন শিক্ষিত মান্যগণ্য লোক অন্য একজন সম্মানিত ব্যক্তিকেও প্রকাশ্যে ‘সে করেছে, সে বলল, ইত্যাদি বলে যাচ্ছেন...’! ভাবতেও অবাক লাগে! প্রিয় বৃশ্চিক, আপনিও একটু ভাবুন তো। সবাইকে শুধু কথাগুলো ভাবতে অনুরোধ করি। কুছ পরোয়া নেহি। আগে বাড়ুন।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

যুগ থেকে যুগে কত কিছুর বিবর্তন হয়ে গেল, আজও শুধু বদলাল না—ছাতা, লাঠি, চশমা, দেশলাই, টিফিন ক্যারিয়ার ইত্যাদি অনেক কিছু। ধনু, যত কিছুরই বিবর্তন হোক, আপনাকে তো বদলে গেলে চলবে না।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

একজন বললেন, আমরা গরিব মানুষ, একটা বিষয়ে হয়তো–বা কেবল ‘আশা করি’। কিন্তু গুরুত্বপূর্ণ ‘ব্যক্তিত্ব’রা আশাবাদ ব্যক্ত করেন। আসুন বন্ধু, আমরা গরিব মানুষ, শুধু আশাই করতে থাকি। আমাদের আর আশাবাদ ব্যক্ত করে লাভ নেই। 

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

সচেতন চিন্তা দিয়ে কষ্টকে পরাজিত করা সম্ভব। তাহলে প্রিয় কুম্ভ, কষ্টকে লাথি মেরে সোজা করে দিন। সচেতন চিন্তা প্রয়োগ করুন। কোথায় যাবে কষ্টফষ্ট।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

মিনমিন করে তো সারা জীবনই কাটালেন। এবার একটু ‘মনমন’ জপে যান। জপতে জপতে আমাকে মনে রাখুন। প্রতি শনিবারে আমি যা বলি, পরের শুক্রবার পর্যন্ত মনে রাখুন। (মনে কি দ্বিধা রেখে গেলে চলে) কার গান তা কি বলে দিতে হবে? রবীন্দ্রনাথের।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।