আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মাত্র কয়েক দিন আগে আমি ও আমার সেবক মোহাম্মদ আলী সিলেটে একটি বিয়ের অনুষ্ঠান উপভোগ করে এলাম। যদিও বিয়ের ব্যাপারে রাশির মিল–অমিলের কোনো ব্যাপারই নেই, তবু জানা গেল পর্ণার নিজের রাশি বৃশ্চিক আর তার ব্র্যান্ড নিউ অস্ট্রেলিয়া নিবাসী বর সোমনাথের রাশি খানা হচ্ছে মকর। শাস্ত্র অনুযায়ী এই দুটি রাশিতে যেমন প্রচণ্ড মিল আছে, তেমনই আবার ছোটখাটো ‘ঝাটকা-ফাটকাও’ আছে। প্রিয় মেষ নারী ও নর, চলতি সপ্তাহে আপনারা নানা ধরনের আমন্ত্রণ–নিমন্ত্রণে যোগ দিয়ে বিস্তর খানাপিনা অ্যান্ড গপ্পো গুজব করেংগে।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
রূপ কি রানি সুন্দরী ইউক্যালিপটাস গাছ, শুষে নেয় নিঃশেষে মাটির নির্যাস। অভিশাপে ভরে যায় হাওয়া ও আকাশ। কৃষক জানে না তো কেন সে আজ এমন হতাশ; কেন তার চোখে জল, তারই সঙ্গে তোলে ঝড় দীর্ঘ-নিশ্বাস। বৃষ জাতিকা ও জাতক প্রকৃতিকে ভালোবাসেন। তবে, শুধু একজন উদ্ভিদবিজ্ঞানীই জানেন কী বিষ রয়েছে ওই আপাত সুন্দর ইউক্যালিপটাস গাছের মধ্যে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ভোরবেলা স্বাস্থ্যরক্ষার জন্য নিয়মিত আসেন দুই অবসরপ্রাপ্ত প্রবীণ। হঠাৎ করে দু’জনে অনেকটা বিনা কারণেই বন্ধু হতে শুরু করলেন। দু’জনের মতো ও অমতের সৌন্দর্য দেখুন কত চমৎকার। একদিন একজন একটু ঠেস দিয়েই বললেন: আপনি ক্রীড়া মন্ত্রণালয়ে আপনার শেষ চাকরিটি করেছেন, অথচ কোনো ধরনের খেলাধুলাতেই আপনার আকর্ষণ নেই মনে হচ্ছে। তাহলে কি স্যার যৌবনে ব্যাডমিন্টন খেলাটাও একটু পছন্দ করতেন না? অন্যজন আহত কণ্ঠে বললেন: ছি! এ আপনি কী বলছেন খাঁ সাহেব, আমি ব্যাডমিন্টন কেন পছন্দ করতে যাব! আমি পছন্দ করতাম গুডমিন্টন।...ডিয়ার মিথুন, চলতি সপ্তাহে সব কথা আক্ষরিক অর্থে ধরতে যাবেন না। অর্থের গভীরে প্রবেশ করুন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
আমরা হাতে যা কিছু লিখি তা আসলে আমাদের অবচেতন মনে সঞ্চিত হয়ে যায়। ওই লেখা নিজের অজান্তেই আমাদের সঠিক পথে পরিচালিত করে। কম্পিউটারে লেখাটাও লেখা, তবুও তফাত আছে। চলতি সপ্তাহে প্রিয় কর্কট আপনি এবং আপনারা স্ব-স্ব ক্ষেত্রে মনে রাখার মতো কিছু কাজ করবেন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
আমার চিন্তায় আমি দেখি: সাহসের উৎস হচ্ছে একটি নির্দিষ্ট মাত্রার ক্রোধ বা রাগ। তাহলে প্রিয় সিংহ, খেয়াল রাখবেন এ সপ্তাহে আপনার রাগটাকে কেউ অন্য কিছু বলে ভুল না করে। রাগ ও সাহস মিশ্রিত আপনার অ্যাকশনে যেন সবারই কল্যাণ বয়ে আনে।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
ব্যক্তিগত কবিতায় আমি লিখেছিলাম—ছাদ কেড়ে নিয়ে আকাশ দিয়েছো উপহার/তোমাকে জানাই শুভাশিস বারবার। এর ব্যাখ্যা করে কোনো লাভ নেই, কেননা এই লাইনগুলো কন্যার জন্য প্রযোজ্য নহে। একটা পদ্য লিখে মনে শান্তি পেয়েছি—তাই ওটা কন্যার খোপে ঝেড়ে দিলাম আর কি। শুভ হোক আপনার চলতি সাত দিন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
এ সপ্তাহে আপনি একদিকে যেমন তুলতুলে নরম তুলার মতো হয়ে পড়বেন, অন্যদিকে তেমনই ইস্পাতের চেয়েও শক্ত উপাদানে পরিণত হবেন। চলতি সাত দিনে আমি তো আপনার শুভ ছাড়া আর কিছু দেখি না।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
গত ২৮ মে আমার অন্যতম এক মা চলে গেলেন। তিনি ছিলেন মোটামুটি আমার মতো আরও কিছু মানুষের ভালোবাসার সর্বশেষ আশ্রয়। তাঁকে আমরা তাঁর প্রকৃত নামে কমই জানি, সবার কাছে তিনি ওই ‘মা’ বলে পরিচিত ছিলেন। এই মায়ের রাশি কী ছিল তা আমার জানা নেই। রাশির সম্পর্ক দিয়ে মানুষের সম্পর্ক নির্ধারণ করা হয়-এও আমি মানি না। যেকোনো রাশির মা-ই তার সন্তানের জন্য অপরিহার্য। এ ক্ষেত্রে সন্তানের রাশি খুঁজে লাভ নেই। বোঝাতে পারলাম, প্রিয় বৃশ্চিক?
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
সম্প্রতি একজনের চিঠি পৌঁছাল দূর আমেরিকায়। প্রথমজন বয়সে প্রবীণ, দ্বিতীয়জন নবীন। প্রথমজন লিখেছেন: তোমার চিঠি পেলে আমার মন গভীর আনন্দে ভরে যায়। অজস্র সুখস্মৃতি ফিরে আসে। গত বছর দু-এক থেকে হয়তো আমি নির্জন বাস করছি। আমার একমাত্র পুত্র সন্তান আমার যাবতীয় দেখাশোনা করে। খুব নাটকীয় মনে হচ্ছে, তাই না? যোগাযোগ রেখো, খুশি হব।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কোনো মানুষকেই ছোট করে দেখতে নেই, আবার আকাশের সমান উঁচু করে দেখাটাও ভুল। মানুষ হিেসবে মানুষের বড়ত্বের সীমা-পরিসীমা আছে। চলতি সপ্তাহে প্রিয় মকর, মানুষ চিনতে যেন ভুল না করেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
যেমন আছেন তেমনই থাকুন, আপনজনকে আপন রাখুন। নিজেকে নিয়ে অতিরিক্ত টানাহেঁচড়া করলে দড়ি ছিঁড়ে যেতে পারে। এই তো!
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
গত বছর ৪ মে সংগীতজ্ঞ সানি জুবায়ের-এর লেখা একটি বার্তা চোখে পড়ল, উর্দুতে লেখা: বিনয় করে তিনি বলেছেন: আমি যদি গালিব হই তাহলে আপনি আমার ওস্তাদ মীর। দুটি চরণ নিবেদন করি: “শিল্পর গুরু শুধু তুমি একাই নও গালিব/বলা হয়, পূর্বকালে মীর বলেও কেউ ছিলো। ” পাঠক, আপনার সাপ্তাহিক জীবনে এ রকম কোনো কিছু দেখা যায় কিনা খেয়াল করে দেখুন তো!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।