আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
জ্যোতিষশাস্ত্র বলুন কিংবা রাশি শাস্ত্রই বলুন—কোনোটাই বিজ্ঞান নয়, কথাটা স্বীকার করেই এর চর্চা করা উচিত। চর্চা কেন? না এতে আনন্দের উপাদান রয়েছে। প্রিয় মেষ, চলতি সপ্তাহে আপনার বেশ কিছু আনন্দ জুটবে। এর বেশি প্রশ্ন করার দরকার কী?
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
গত সপ্তাহে আপনার যা ঘটছিল, এখনো তা ঘটবে না, এমন কথা বলা যায় না। তবে ১০০ পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আসলে কোনো কথাই বলা যায় না। সব সময় ভাববেন, আপনি যথেষ্ট ভালো আছেন। এই মনোভাবটাই আপনার সবকিছু ঠিক করে দেবে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
উড়ো হাওয়ায় উড়বে এ সপ্তাহে আপনার রোমান্টিকতার চুল। শুনে কেউ কেউ যে মুখ বাঁকাচ্ছেন, আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে মনে রাখবেন, সপ্তাহ আজ শুরু হলেও শেষ হয় শুক্রবারে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কর্কট রাশির অনেক জাতক-জাতিকা এমন অনেকের সামনে পড়বেন, যাঁরা তাঁর কাছে ঋণ চাইতে পারেন। কাজেই এ বিষয়ে আগে থেকে মানসিক প্রস্তুতি থাকা দরকার। তাহলেও বিচারে যেন ভুল না হয়।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
মন যা চায় ঠিক সে রকম না হলেও সপ্তাহটা সিংহের মন্দ যাবে না। নিজের চাওয়াটাকে একটু কমিয়ে আনতে পারলেই আপনি সুখী হবেন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
সর্বরাশির প্রতি আমি বিনা দ্বিধায় পক্ষপাতহীন হতে পারি প্রায় বিনা চেষ্টাতেই। কন্যাকে বলছি, চলতি সপ্তাহে আপনি আপনার লক্ষ্যমাত্রার কাছাকাছি যাবেন। পুরোটা হয়তো হাসিল করা সম্ভব হবে না।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
কোনো একটা ব্যাপারে বেশ খানিকটা দ্বিধার সম্মুখীন হতে পারেন আপনি। আমি বলছি, দ্বিধার কারণ নেই। এগিয়ে যান।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
সব মেঘ থেকেই বৃষ্টি হয় না। কাজেই আকাশে মেঘ দেখলে চমকে উঠবেন—সে কেমন কথা! মনে সাহস রাখুন। সাহস থেকেই আসবে আপনার জয়।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
জয়জয়কার হবে আপনার এ সপ্তাহ। মন দিয়ে লাইনটা আবার পড়ুন। তাহলেই বুঝবেন—যা বলার ছিল তার সবটাই বলা হয়েছে।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কে আপনাকে ভুল বুঝল—ও নিয়ে অতিরিক্ত মাথা ঘামাবেন না। নিজের কাছে পরিষ্কার থাকুন। বিশেষত, এ সপ্তাহে আপন বিবেক দ্বারা পরিচালিত হওয়া আপনার জন্য জরুরি।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
অতিরিক্ত প্রশংসা বড় বড় কীর্তিকেও নষ্ট করে দিতে পারে। তাই আপনি অতিরিক্ত প্রশংসা নেবেন না। কাউকে অতিরিক্ত প্রশংসা করতেও যাবেন না। এভাবে চললে সপ্তাহ আপনার শেষ পর্যন্ত সার্থক হয়ে উঠবে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
মানুষের ভালোবাসার চেয়ে বড় অন্য কিছুই আর হতে পারে না। আপনি নিজেও তা জানেন। তবু চলতি সপ্তাহে কথাটি আপনাকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করলাম। তাহলে তাই হোক, আপনি আমাদের ভালোবাসা গ্রহণ করুন।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।