আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
ইংরেজি শব্দ ‘মার্চ’—মার্চের আভিধানিক অর্থ আপনি জানেন প্রিয় মেষ, কুচকাওয়াজ। এখন মার্চ মাস। বাঙালির এই পবিত্র মাসে শুরু হোক আপনার কুচকাওয়াজ করে আরও সামনে অগ্রসর হওয়ার উদ্যোগ। আপনি মেষ—আপনি সর্বদাই অগ্রপথিক, পথপ্রদর্শক, পথনির্দেশক। চলুন, আপনাকে অনুসরণ করে আমরাও সামনে এগিয়ে যাই। জয় হোক!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আমার লেখা একটা গান আছে: ভুল তারিখে লেখা এ চিঠি/ঠিকানাও ছিল ভুলই/ভুল করে সে যে হয়নি পাঠানো/সে কথা কেমনে ভুলি।। … প্রিয় বৃষ, নিজের জীবনের সঙ্গে এই গানটির লাইনগুলো মিলিয়ে দেখুন তো। আদারওয়াইজ, সপ্তাহ আপনার ভালোই কাটবে। জানি, চেষ্টা করে মানুষ কিছু ভুলতে অক্ষম। আপনা থেকে ভুলে গেলে তবেই ভুলে যাওয়া হলো।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
একজন খুব গর্ব করে বলেন, আমি চা খাই না। প্রিয় মিথুন, তিনি জানেন না কী অমৃত থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। চা হচ্ছে একটি চীনা শব্দ। আজ থেকে ছয় হাজার বছর আগে চা নামক একটি ভেষজ ওষুধ দিয়ে চীনা সম্রাটদের নানা রকম রোগের চিকিৎসা করা হতো। আধুনিক বিজ্ঞানে চায়ে অ্যান্টি-অক্সিডেন্ট আছে বলা হয়েছে-যার অর্থ চা পান করলে এমনকি ক্যানসার পর্যন্ত প্রতিরোধ করা যায়। প্রিয় পাঠক, দিনে কমপক্ষে চার কাপ রং চা খাবেন। চিনি অল্প অথবা একেবারেই বাদ। এভাবে আপনি খাদ্য ও পানীয়ের মাধ্যমে সুস্থ দেহ নিয়ে বেঁচে থাকবেন। সপ্তাহ আপনার কাটবে ভালো-মন্দে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
ভেবে দেখুন, মানুষ সব সময় আনন্দে থাকতে চায়। অন্যকে আনন্দ দিয়েও মানুষ আনন্দ পায়। প্রিয় কর্কট, আনন্দে থাকুন, আনন্দে থাকুন, আনন্দে থাকুন—এই আপনার প্রতি আমার বরাবরকার পরামর্শ। সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
দেশে ইংরেজি শিক্ষার দুর্গতি দেখে একজন একটা ঘটনা বলেছিলেন: চাকরির ইন্টারভিউতে এক তরুণকে বলা হলো, ইংরেজিতে তোমার বাবার নাম লেখ। ছেলেটি মাথা চুলকিয়ে বলল: পারুম না স্যার। আপনে তিনটা নাম লেইখা দেন, আমি একটায় টিক মার্ক করে দেব। প্রিয় সিংহ, এ সপ্তাহে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে আপনি ধৈর্যশক্তির পরীক্ষা দিন। কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
একদা একটা গান লিখেছিলাম: এই দেশে এক শহর ছিল/শহরে এক রাস্তা ছিল/রাস্তার ধারে এক বাড়ি ছিল/বাড়ির নাম এলোমেলো…। জানি না এ গানের শিল্পী আজ কোথায় হারিয়ে গেলেন: নাফিস কামাল (সুরকার নকীব খান)। প্রিয় কন্যা, সপ্তাহটি আপনার একটু দিশেহারা অবস্থার মধ্য দিয়ে কাটবে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
ঘুমটা এ সপ্তাহে আপনার সঙ্গে কিঞ্চিৎ বেয়াদবি করতে পারে। আরে, তাতে কী? এক-আধরাত ঘুম না হলে কেউ মরে যায় না। জেগে থাকার সময়টুকু সৃজনশীল পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকুন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
একটা গান লিখতে গেলেও আমার মাথার ভেতর সিক্সথ সেন্স কাজ করে। সারা জীবনে আমার লেখা গানগুলোর মর্মবাণী আমার অমোঘ নিয়তি হয়ে উঠেছে। বিশ্বাস না হলে আসুন আমার কাছে, সংশ্লিষ্ট ব্যাপারে ভালো কিছু টিপস দিয়ে দেব।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আপনি মানুষের ভালোবাসা যেমন বুঝতে পারেন, ঘৃণাটাও তেমনি চট করে টের পেয়ে যান। প্রিয় ধনু, চলতি সপ্তাহে সবকিছু বুঝে ফেলতে চেষ্টা করবেন না। ভুল হয়ে যেতে পারে। মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
আগে আপনিও পত্রপত্রিকায় পুলিশের ‘মৃদু’ লাঠিচার্জের খবর পড়তেন। খেয়াল করে দেখবেন, এখনকার পুলিশ আর দমাদম লাঠিচার্জ করে না। ওদিকে, ওই ব্যাপারটা যার কপালে জুটেছে একমাত্র সেই ভুক্তভোগীই জানেন ‘মৃদু’ শব্দটা এখানে আদৌ প্রযোজ্য নয়।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
একজন আমাকে বলেন, তাঁর রাশি নাকি কুংফু! আমি অবাক হয়ে তাকাতেই তিনি পকেট থেকে কাগজ বের করে আমাকে দেখান। আমি বলি, আপনার রাশি তো কুম্ভ, তো আপনি কুংফু বলছেন কেন? তিনি সবগুলো দাঁত বের করে হেসে বলেন: ওই হলো আরকি। প্রিয় কুম্ভ, এ সপ্তাহে আপনি যেন সতর্কতার সঙ্গে কথাবার্তা বলেন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
পৃথিবীতে কোনো দুজন মানুষ এক রকম হয় না, এমনকি যমজ সন্তান হলেও না। যমজ শিশুর জন্ম যেহেতু একই তারিখে, সেহেতু তারা নিয়ম অনুযায়ী একই রাশির জাতক। তবুও আমরা দেখি তাদের জীবন ও ভাগ্য আলাদা। প্রিয় মীন, প্রতিটি মানুষকে আলাদাভাবে বিবেচনা করুন। উপদেশ নয়, সু-পরামর্শ।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী