২১ ফেব্রুয়ারি নিয়ে ঢাবির বিদেশি শিক্ষার্থীরা কী ভাবছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের শিক্ষার্থী ওয়াসিম আক্তার ও ভারতের আকাশ বিশ্বাস
ছবি: প্রথম আলো

বইমেলা তো আছেই, ফেব্রুয়ারি মাসজুড়েই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় থাকে নানা আয়োজন। একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ক্যাম্পাসের সংগঠনগুলোও সরব থাকে। ভিনদেশ থেকে যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন, তাঁদের চোখে এসব আয়োজন কেমন লাগে? ২১ ফেব্রুয়ারি, কিংবা বাংলা ভাষা নিয়েই–বা তাঁদের ভাবনা কী? জানতে ঢুঁ মেরেছিলাম পি জে হার্টগ আন্তর্জাতিক হলে।

শুরুতে কথা হলো ওয়াসিম আক্তার আনসারির সঙ্গে। উচ্চশিক্ষা নিতে নেপাল থেকে বাংলাদেশে এসেছেন তিনি। বললেন, ‘আমি এখানে ফার্মাসি ডিপার্টমেন্টে শেষ বর্ষে পড়ছি।’ পাঁচ বছর ধরে বাংলাদেশে আছেন ওয়াসিম। শুরুতে ভাষাগত সমস্যা কিছুটা হতো, তবে নেপালি ও বাংলা শব্দে মিল থাকায় বাংলা ভাষা রপ্ত করতে তাঁর খুব একটা বেগ পেতে হয়নি। ক্লাসের অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বলতেই শিখে ফেলেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা বিভিন্ন বাংলা কনটেন্টও তাঁকে সাহায্য করেছে।

আরও পড়ুন

এখানকার মানুষের বাচনভঙ্গি ওয়াসিমের কাছে বেশ মজার মনে হয়। তাঁর ধারণা, শব্দ উচ্চারণের ক্ষেত্রে বাঙালিরা মুখ গোল করে কথা বলে। ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে এ প্রবণতা বেশি, এমনটাও তাঁর মনে হয়েছে।

বইমেলায় ঘুরে বেড়াতে ওয়াসিমের বেশ লাগে। বলছিলেন, ‘বন্ধুদের সঙ্গে গতকালই বইমেলায় গিয়েছিলাম। জায়গাটা খুব ভালো লেগেছে। লেখক সেলিনা হোসেনের সঙ্গে আমার একবার ভ্রমণের সুযোগ হয়েছিল। তাঁর সঙ্গে চট্টগ্রামে কবি সম্মেলনে গিয়েছিলাম। তাই তাঁর বই পড়ারও সুযোগ হয়েছে।’

এরপর আরেক নেপালি শিক্ষার্থী ঈশ্বর প্রসাদ ধুঙ্গানার সঙ্গে কথা হলো। তিনি বলেন, ‘আমি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে পড়ছি। প্রথম বর্ষে থাকাকালীন শিক্ষকদের লেকচার ঠিকঠাকভাবে বুঝতাম না। এখন শিখে গেছি। ভালোই বুঝতে পারি। তবে শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করতে একটু বেগ পেতে হয়। আমি একজন সাহিত্যপ্রেমী মানুষ। সম্প্রতি বাংলা গানের ক্লাসেও যোগ দিয়েছি। আশা করি, ভাষাটা পুরোপুরি শিখে ফেলব।’

ধুঙ্গানাও বইমেলায় গিয়েছিলেন। বাঙালি লেখকদের মধ্যে রবীন্দ্রনাথের লেখা তাঁর ভালো লাগে। জানালেন, রবীন্দ্রনাথের লেখা নেপালেও পাঠ্য। সাহিত্যপ্রেমী এ তরুণ বলছিলেন, ‘আমার কাছে যে ব্যাপারটা সবচেয়ে ভালো লাগে সেটা হলো, যেকোনো উৎসবকেই এখানে খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়। যেমন পয়লা ফাল্গুনে পুরো ক্যাম্পাস এত রঙিন ছিল, এত জাঁকজমকের সঙ্গে উৎসব উদ্‌যাপিত হলো, দেখেই ভালো লেগেছে।’

একুশে ফেব্রুয়ারির ইতিহাস ধুঙ্গানাকে খুব ভাবায়। এ সম্পর্কে প্রচুর পড়েছেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে অংশও নিয়েছেন তিনি।

ভারত থেকে এসেছেন আকাশ বিশ্বাস। পড়েন কম্পিউটার প্রকৌশলে। কলকাতার বাসিন্দা, তাই ভাষাসংক্রান্ত জটিলতায় তাঁকে পড়তে হয়নি। কলকাতা ও ঢাকার বইমেলায় অংশগ্রহণের অভিজ্ঞতার কথা বলছিলেন তিনি, ‘কলকাতায়ও বইমেলা হয়। কলকাতায় ঢাকার অনেক বিখ্যাত প্রকাশনীর নাম শুনেছিলাম। এখানে আসার পর সেসব প্রকাশনীতে যাওয়ার সুযোগ হয়েছে। আসলে পশ্চিমবঙ্গ হোক কিংবা বাংলাদেশ, বাঙালিদের সংস্কৃতিতে সব জায়গাতেই মিল খুঁজে পাওয়া যায়।’

একুশে ফেব্রুয়ারি নিয়ে আকাশের মধ্যে অন্য রকম আবেগ কাজ করে। তিনি বলেন, ‘মা, মাতৃভাষা ও মাতৃভূমি—তিনটি শব্দের অর্থ এক নয়। কিন্তু এর তাৎপর্য অভিন্ন। তিনটি শব্দের সঙ্গেই “মা” যুক্ত। মা যেমন তাঁর সন্তানের কাছে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার পাত্র, তেমনি একটি জাতির কাছে তার ভাষা, দেশও শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার বিষয়।’