ফ্রিজও সাজিয়ে রাখতে হবে যে কারণে

বাড়ির সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো মাঝেমধ্যে থাকে সবচেয়ে অনাদরে, অগোছালোভাবে। ফ্রিজও অনেকটাই সে রকম। অন্দরসজ্জায় ফ্রিজের স্থান নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। ফ্রিজের ভেতরের এবং বাইরের সাজও হতে হবে পরিপাটি।

গুছিয়ে রাখুন ফ্রিজের ভেতরের অংশওছবি: সাবিনা ইয়াসমিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রিজ ছাড়া শহুরে অন্দর যেন কল্পনাই করা যায় না। রুচি আর সৌন্দর্যবোধ বজায় রেখে কীভাবে ফ্রিজের দরজা, হাতল আর ওপরের অংশ মনের মতো করে সাজাবেন, পরামর্শ দিলেন রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের প্রধান ও ইন্টেরিয়র ডিজাইনার গুলশান নাসরীন চৌধুরী।

রংবেরঙের ফ্রিজ

বাড়ির সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো মাঝেমধ্যে থাকে সবচেয়ে অনাদরে, অগোছালোভাবে। ফ্রিজও অনেকটাই সে রকম। অন্দরসজ্জায় ফ্রিজের স্থান নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। ফ্রিজের ভেতরের এবং বাইরের সাজও হতে হবে পরিপাটি। ছোট অন্দরে গাঢ় রঙের ফ্রিজ না রাখাই ভালো; ফুলেল কিংবা বাহারি নকশা করা ফ্রিজও ছোট অন্দরের জন্য নয়। এসব ফ্রিজে অন্দরকে আরও সংকীর্ণ দেখায়। প্রশস্ত অন্দরে এমন নকশার ফ্রিজ বেছে নিতে পারেন, যা অন্যান্য অনুষঙ্গের মাঝে মানানসই। অন্যদিকে, সাদা, চাপা সাদা কিংবা অন্য কোনো হালকা রঙের ফ্রিজের সুবিধা হলো, এমন রঙের কারণে অন্দরটাকে তুলনামূলক বড় দেখায়। তা ছাড়া হালকা রঙের ওপর ময়লা হলে সহজেই চোখে পড়ে, এ কারণে অল্পতেই পরিষ্কার করে ফেলা যায়। ময়লা জমে যাওয়ার আশঙ্কা থাকে না।

ফ্রিজের জন্য থাকতে পারে এমন আলাদা কাঠামো
ছবি: সাবিনা ইয়াসমিন

কোথায় রাখবেন

কাজের সুবিধামাফিক ফ্রিজের জায়গা নির্ধারণ করুন। এমনিতে সাধারণত খাবারঘরেই ফ্রিজ রাখা হয়। রান্নাঘরটা বড়সড় হলে সেখানেও রাখা যায়। অনেক বাসায় একাধিক ফ্রিজও থাকে। আবার কোনো বাসায় থাকে আলাদা ডিপ ফ্রিজ। একাধিক ফ্রিজ থাকলে করিডর বা কোনো আলাদা কোণকে কাজে লাগাতে পারেন। তবে এমন কোথাও না রাখাই ভালো, যেখানে রাখা হলে দরজা খোলামাত্রই ফ্রিজের ভেতরটা অতিথির চোখে পড়বে। আবার এমন কোথাও রাখা ঠিক নয়, যাতে ফ্রিজ থেকে কিছু বের করে অতিথির বসার ঘর কিংবা খাবার জায়গার সামনে দিয়ে রান্নাঘরে যেতে হয়। করিডর বা কোনো কোণে ফ্রিজ রাখলে সেটিও ব্যবহার অনুসারে খাবারঘর বা রান্নাঘরের কাছাকাছি রাখুন। একাধিক ফ্রিজের ক্ষেত্রেও স্থান বরাদ্দের সময় কাজের সুবিধাটাই খেয়াল রাখুন। খাবারঘরের ফ্রিজ থেকে খাবার বের করে টেবিলে পরিবেশন করা সুবিধাজনক, প্রয়োজনে মাইক্রোওয়েভ ওভেনে গরমও করে নেওয়া যায়। তাই রান্না করা খাবার, খাবার পানি, পানীয়, ফলমূল, আইসক্রিম ও মিষ্টান্ন রাখতে পারেন খাবারঘরের ফ্রিজে। আর রান্নাঘরে ফ্রিজ রাখা হলে সেটিতে রাখুন কাঁচা খাবার। ডিপ ফ্রিজও রান্নাঘরে রাখতে পারেন।

যে ভিত্তির ওপর ফ্রিজ রাখা হবে, ফ্রিজের রং কিংবা অন্দরের দেয়ালের রঙের সঙ্গে মিল রেখে সেটির রং বেছে নিন। ফ্রিজ কোম্পানির নির্দেশনামাফিক দেয়াল থেকে ৪-৬ ইঞ্চি দূরে স্থাপন করুন ফ্রিজ। জানালার কাছে রাখবেন না।

ফ্রিজের সাজ

ফ্রিজের দরজায় লাগাতে পারেন বাহারি ফ্রিজ ম্যাগনেট। নিজের দেশের কৃষ্টি-ঐতিহ্য কিংবা ভিনদেশে ভ্রমণের স্মৃতি থাকতে পারে ম্যাগনেটে। নবদম্পতির ভালোবাসার চিহ্নও থাকতে পারে। গুরুত্ব পায় শিশুর পছন্দও। খাবার আকৃতির ম্যাগনেটও মানানসই।

দরজার হাতলকভার, ফ্রিজের ওপরকার কভার প্রভৃতির ক্ষেত্রে আশপাশের অন্যান্য অনুষঙ্গের প্রতি খেয়াল রাখুন। খাবার টেবিলে, চেয়ারের কভারে কিংবা পর্দায় হয়তো গ্রামীণ চেক ব্যবহার করা হয়েছে, এ ক্ষেত্রে ফ্রিজের দরজার হাতল বা ওপরকার কভারের জন্যও গ্রামীণ চেকই বেছে নিন। রঙেও মিল রাখুন।

হাতলে কভার তো থাকেই, অনেকে ছোট তোয়ালেও ঝুলিয়ে রাখেন। ফ্রিজ থেকে কিছু বের করার পর প্রয়োজনে হাত মুছে দরজা আটকানো যায়। তোয়ালেটার প্রিন্টে থাকতে পারে নানা রকম ফল।

ফ্রিজের ওপরে ম্যাগনেট
ছবি: নকশা

লম্বা ফ্রিজ বা ডিপ ফ্রিজের ওপরের অংশে কভার বিছিয়ে ফুলদানি রেখে কৃত্রিম ফুল সাজিয়ে দিতে পারেন। নিচু ডিপ ফ্রিজ হলে কৃত্রিম ফলের ঝুড়িও রাখতে পারেন। তবে নিচু ডিপ ফ্রিজের ওপরের ঢাকনাটা খুলতে হয় বলে সেখানে বেশি জিনিস বা ভারী জিনিস রাখা যাবে না। এখানে সাজানো জিনিস বারবার নামিয়ে কোথায় রাখবেন, সেটিও বিবেচ্য।

ফ্রিজ রান্নাঘরে রাখা হলে ওপরের কভারটা প্লাস্টিক–জাতীয় উপকরণের হলে ভালো, প্রয়োজনে যা ঘষে ধুয়ে পরিষ্কার করা যায়। অন্য কোথাও রাখা হলে কাপড় ও ক্রুশকাঁটার কভার দিতে পারেন। কেবল ক্রুশকাঁটার কভারে অবশ্য ফ্রিজের ওপর ধুলা পড়ার ভয় থাকে।

কোনো ফ্রিজের ওপরেই কাচের জিনিস, তরল কিংবা অন্য কোনো বৈদ্যুতিক সামগ্রী রাখা যাবে না। প্রাকৃতিক গাছ বা ফুল বর্জনীয়।

গোছানো ফ্রিজ কাজেও সহায়তা করে
ছবি: সাবিনা ইয়াসমিন

মনে রাখতে হবে

ফ্রিজের ভেতর-বাহির নিয়মমাফিক পরিষ্কার করার বিকল্প নেই। ফ্রিজের বাইরেটা সাবান–পানি দিয়ে পরিষ্কার করলে অল্প অল্প অংশ শেষ করে সঙ্গে সঙ্গেই পরিষ্কার পানি দিয়ে মুছে ফেলুন, যাতে সাবান-পানি শুকানোর সুযোগ না পায়। নইলে সাবানের দাগ বসে যাবে।

কয়েক স্লাইস লেবু বা শসা একটি খোলা বাটিতে করে ফ্রিজে রেখে দিলে দুর্গন্ধ হয় না। তা ছাড়া খাবার রাখতে বায়ুরোধী পাত্র এবং অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ব্যবহার করতে পারেন। শুধু ফ্রিজের বাইরের অংশ নয়, ভেতরটাও সাজিয়ে–গুছিয়ে রাখুন।