ফয়ারের সাজ দেখেই বুঝতে পারবেন বাড়ির ভেতরের অবস্থা কেমন

জায়গা ছোট হোক কিংবা বড়, বাড়িতে ঢোকার মুখের জায়গাটি হোক সাজানো–গোছানো

ফয়ার। শব্দটি অনেকের কাছে অপরিচিত মনে হলেও প্রায় প্রতিটি বাড়িতেই কিন্তু আছে এই জায়গা। বাসার মূল দরজা দিয়ে প্রবেশ করেই যে স্থানটি দেখতে পাওয়া যায় সেটাই ফয়ার। বাড়ির অন্দর ও বাইরের সঙ্গে সংযোগ ঘটায় ফয়ার। একদম খালি না রেখে গাছ, আয়না ইত্যাদি উপকরণ দিয়ে সাজিয়ে নিতে পারেন এই জায়গা। বাড়িতে বসবাসকারীদের রুচিবোধ সম্পর্কে প্রাথমিক ধারণা দেয় ফয়ার। অন্দরসজ্জায় এর গুরুত্ব এ কারণেই বেশি।

বাড়িতে ঢোকার মুখে থাকতে পারে এ ধরনের আয়না
ছবি: কবির হোসেন

বাড়ির আকার ও নকশার ওপর মূলত ফয়ারের আকার নির্ভর করে, জানান অন্দরসজ্জাভিত্তিক প্রতিষ্ঠান চতুষ্কোণের পরিচালক কান্তা কবির। বাসার আকার একটু বড় হলে অনেক সময় একটি আলাদা রুমও ফয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। আবার ছোট বাড়ি হলে প্রবেশমুখের জায়গাটিই হয়ে যাবে ফয়ার। ফয়ার যদি কিছুটা বড় হয়, তবে সেখানে সাধারণত জুতা রাখার ক্যাবিনেট, বসে জুতা পরার জায়গা তৈরি করা যেতে পারে। এ ছাড়া ঝোলানোর জন্য দৃষ্টিনন্দন কিছু হ্যাঙ্গার বা আংটা লাগিয়ে নিতে পারেন, যেখানে ছাতা, বাজারের ব্যাগ রাখা যেতে পারে। পুরোনো খবরের কাগজও এখানে রাখতে পারেন। মূল দরজা খুলেই সামনে রাখতে পারেন আয়না। তাহলে জায়গাটা বেশ বড় মনে হবে। বড় আয়না না চাইলে ছোট ছোট কয়েকটি আয়নাও ঝুলিয়ে দিতে পারেন।

বাড়িতে কোনো দাওয়াত বা উৎসবের আগে চাইলে সাজে কিছুটা অদলবদল করে নিতে পারেন। প্রবেশমুখের জায়গাটিতে ঝুলিয়ে দিতে পারেন বাতি। ক্রিস্টালের ঝাড়বাতি ছাড়াও মাটি, কাঠ বা বেতের তৈরি একটি বাতি ঝুলিয়ে দিলে ঈদের আমেজের সঙ্গে সঙ্গে মোহনীয় আবহ সৃষ্টি হবে। যদি সম্ভব হয় উষ্ণ রঙে রাঙিয়ে নিতে পারেন দেয়াল। হলুদ, কমলা, লেবু হলুদ রংগুলো ভালো লাগবে। অনেক বাড়ির প্রবেশমুখে বেশ লম্বা একটা করিডর থাকে। সে ক্ষেত্রে দেয়ালে পারিবারিক ছবি বা অন্য কোনো পেইন্টিং ঝুলিয়ে দিতে পারেন।

ফুল, টেবিল ল্যাম্প নানা ধরনের অনুষঙ্গে সাজানো থাক ফয়ার
ছবি: কবির হোসেন

যেকোনো একটি শেলফ বা জুতার ক্যাবিনেটের ওপর রাখতে পারেন তাজা ফুল। সঙ্গে কিছু গাছ। জায়গা কম থাকলে দেয়ালেই ঝুলিয়ে দিতে পারেন কিছু মানিপ্ল্যান্টস বা পাথোস। এ ছাড়া রাখতে পারেন সুগন্ধি মোমবাতি বা সেন্টেড বিডস। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই সুগন্ধে ভরে যাবে মন।

গাছ সৌন্দর্য বাড়াবে ফয়ারের
ছবি: নকশা

অনেক সময় আমাদের শহুরে ফ্ল্যাটগুলোতে বাড়ির বা অতিথির গাড়ির ড্রাইভারের জন্য খাওয়ার জায়গার অভাব থাকে। ফয়ারে একটি ছোট বসার জায়গা, একটি ফ্যান ও একটি গোটানো টেবিল রাখলে সহজেই তাঁদের খাওয়ার সময় আরামে বসতে দেওয়া সম্ভব।