অন্দরসজ্জা
সোফা–টিভি মিলিয়ে ঘরটাই যেন এখন স্টেডিয়াম
সোফা ও টেলিভিশনের দূরত্বে থাকতে হবে সামঞ্জস্যতা
দল বেঁধে ঘরেই বিশ্বকাপ দেখার উদ্দেশ্যে অনেকেই কিনে নিচ্ছেন বড় টিভি বা সোফা। চেয়ার–টেবিল সরিয়ে জায়গা করে নিচ্ছেন পছন্দমতো। খেলা দেখার উত্তেজনায় সোফার সিটের পাশাপাশি সোফার হ্যান্ডেলও হয়ে ওঠে বসার জায়গা। আবার মেঝেতে কার্পেট থাকলে মেঝেও হয়ে ওঠে বসার জায়গা। তবে সোফার সঙ্গে টিভির দূরত্বের একটা হিসাব আছে। খেলা দেখার সময় বসার জায়গাটি সেভাবে গুছিয়ে নিলে সবার জন্যই আরামের গ্যালারি হয়ে উঠবে।
টেলিভিশন, চেয়ার থাকুক আলাদা দেয়ালে
যে ঘরে লাগাচ্ছেন, সে ঘরের আকারের ওপরও নির্ভর করে টিভির আকার। আবার সোফার কত কাছে বা দূরে আছে টিভি, সেটার ওপরও নির্ভর করে। বসার ঘরের জন্য টিভি কেনার ক্ষেত্রে আগেই নির্ধারণ করতে হবে, তা কোন দেয়ালে থাকবে। টিভি এবং সোফা কোনো অবস্থাতেই যেন একই দেয়ালে না থাকে। জানালা রয়েছে, এমন দেয়ালে টিভি রাখা যাবে না। টিভি বসানোর সময় অন্য আলোর উৎসের কথাও বিবেচনায় রাখতে হবে।
টেলিভিশন ও সোফার অবস্থান
টিভি যে দেয়ালে রাখা হচ্ছে, তা থেকে সোজা ও তির্যকভাবে বসার স্থানের দূরত্বের ওপরেই নির্ভর করবে সর্বনিম্ন কত ইঞ্চির টিভি প্রয়োজন। আবার কত বড় টিভি কিনছেন, তার ওপর নির্ভর করবে মেঝে থেকে কত উচ্চতায় রাখা হবে। এসব গাণিতিক হিসেব করেই টিভি কেনার পাশাপাশি ঘরের সাজ নির্ধারণ করতে হবে। টিভির আকারের পাশাপাশি সোফার সংখ্যা ও অবস্থানও হতে হবে সামঞ্জস্যপূর্ণ। না হলে কোনো কোনো বসার জায়গা থেকে টিভি ঠিকঠাক নাও দেখা যেতে পারে।
টিভি বেশি কাছ বা দূর থেকে দেখলে চোখে ক্লান্তি ভর করে, এমনকি চোখ ব্যথাও হতে পারে। আবার বসার জায়গা যদি হয় টিভির সঙ্গে তির্যক, সে ক্ষেত্রে হতে পারে ঘাড়ব্যথা৷
ঘরের আকার ছোট হলে হাই রেজল্যুশনের ছোট টিভি রাখা ভালো। এতে টিভির কাছাকাছি সোফা থাকলেও চোখের জন্য ক্ষতিকর নয়। আবার রুম বড় হলে বড় বা মাঝারি আকারের টিভি চলে আসতে পারে। আপনি কোন ধরনের এবং কত রেজল্যুশনের টিভি কিনছেন, তাও নির্ধারণ করবে সোফার জায়গা ও দেয়ালের উচ্চতার ওপর।
টেলিভিশন ও সোফার দূরত্ব
টিভি ও টিভি দেখার বসার স্থানের দূরত্ব নির্ভর করে টিভির আকারের পাশাপাশি, রেজল্যুশনের ওপরেও। টিভি দেখার দূরত্ব যাচাই করার সবচেয়ে সহজ উপায়টি হচ্ছে টিভির পর্দা যত ইঞ্চি, তাকে শূন্য দশমিক ৮৪ দিয়ে ভাগ দেওয়া।
ধরুন কেউ যদি ৬৫ ইঞ্চির টিভি কিনতে চান, তাহলে ৬৫-কে দশমিক ৮৪ দিয়ে ভাগ দিলে পাওয়া যায় ৭৭ ইঞ্চি। অতএব টিভি থেকে এ ক্ষেত্রে সোফার দূরত্ব হওয়া উচিত প্রায় সাড়ে ৬ ফিট।
সে হিসেবে ২৮ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ২ দশমিক ৭ ফিট, ৩২ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৩ দশমিক ২ ফিট, ৪০ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৪ ফিট, ৪৩ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৪ দশমিক ২ ফিট, ৪৮ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৪ দশমিক ৮ ফিট, ৫০ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৫ ফিট, ৬০ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৬ ফিট আর ৮৫ ইঞ্চির টিভি হলে দূরুত্ব হবে ৮ দশমিক ৪ ফিট।