অন্দরে হিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পূর্ণ ঘরে কার্পেট না বিছানোই ভালো। মডেল: জিনিয়া, ছবি: নকশা
সম্পূর্ণ ঘরে কার্পেট না বিছানোই ভালো। মডেল: জিনিয়া, ছবি: নকশা

হিম ঠান্ডার দিন তো এখনো আসেনি। তবু অন্দরে তার প্রস্তুতি নিয়ে রাখুন এখনই। শুষ্ক প্রকৃতির সঙ্গে যদি ধূলিধূসর থাকে ড্রয়িংরুম, মনটা কি আর সতেজ লাগে? হিম হিম বাতাসেও মনে সতেজতা আনতে অন্দর সাজাতে পারেন একটু অন্যভাবে।
রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের প্রধান ও ইন্টেরিয়র ডিজাইনার গুলসান নাসরীন চৌধুরী বলেন, ‘শীতের সময় ঘরে উজ্জ্বল রঙের পর্দা, কুশন কভার বা বিছানার চাদর ব্যবহার করা যেতে পারে। তবে গাঢ় নীল বা কালো রঙের মতো গাঢ় রং ব্যবহার না করাই ভালো।’ শীতকালে ধুলাবালি বেশি থাকে। গাঢ় রঙের কাপড়ে সহজেই ধুলা বোঝা যায় বলে হলুদ, কমলা, গোলাপি বা হালকা সবুজ রঙের কাপড় ব্যবহারের পরামর্শ দিলেন তিনি।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা আখতার জানালেন, হলুদ বা লালের বিভিন্ন সংমিশ্রণে যে রংগুলো তৈরি হয়, সেগুলোকে বলা হয় উষ্ণ বর্ণ। অন্দরে এসব রঙের ব্যবহার ঘরের ভেতর অন্য রকম উষ্ণতা তৈরি করে।

কার্পেটে সতর্কতা
গুলসান নাসরীন চৌধুরী জানালেন, শীতের সময় ঘরের মেঝেতে কার্পেট ব্যবহার করলেও খেয়াল রাখতে হবে বাড়ির কোনো সদস্যের ধুলাতে অ্যালার্জি আছে কি না। কারণ, কার্পেটে সহজেই ধুলা আটকে যায়। তার বদলে রঙিন শতরঞ্জি ব্যবহার করা যেতে পারে। বিছানা থেকে নেমেই ঠান্ডায় পা পড়লে অস্বস্তি হবে, তাই শোয়ার ঘরে খাটের পাশে শতরঞ্জি বা ম্যাট বিছিয়ে রাখতে পারেন।
সেলিনা আখতার বলেন, ‘কার্পেটে ধুলা আটকে যায়। তাই সম্পূর্ণ ঘর কার্পেট দিয়ে ঢেকে রাখা ঠিক নয়। খাটের পাশে বা ঘরে শুধু হাঁটার পথটুকুতে কার্পেট বিছিয়ে রাখা যায়। পুরো ঘরে কার্পেট না বিছিয়ে ঘরের মধ্যে হালকা চপ্পল পরেও হাঁটতে পারেন।’

অন্দরসাজ
গুলসান নাসরীন চৌধুরী জানালেন, এ সময় চন্দ্রমল্লিকা, ডালিয়া বা গোলাপ ফুল দিয়ে ঘর সাজানো যেতে পারে। বারান্দা বা
ঘরের মধ্যেও গাছ রাখতে পারেন। তবে ধুলাবালি বেশি থাকে বলে শীতের সময় অবশ্যই দু-এক দিন পরপর গাছ ধুয়ে পরিষ্কার করতে হবে। প্রতিদিন গাছে পানি স্প্রে করে দেওয়া ভালো। বাড়ির প্রবেশপথে বিভিন্ন উচ্চতার চার-পাঁচটি ফুলের টব রাখলে দারুণ দেখাবে।
আলোর খেলাও চলতে পারে অন্দরে। বসার ঘরের তিন দিকে তিনটি ভিন্ন উচ্চতার ল্যাম্পশেড রাখতে পারেন। আবার শোবার ঘরে একটিই ল্যাম্পশেড রাখা যেতে পারে। এই সময়টাতে হলদে রঙের আলো ব্যবহার করতে পারেন। যা দিয়েই ঘর সাজানো হোক, পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বাড়তি খেয়াল রাখতেই হবে।
মাটির বড় পাত্রে পানি নিয়ে ফুলের পাপড়ি বা ছোট মোমবাতি ভাসিয়ে রাখলেও দেখাবে বেশ। সেলিনা আখতার পরামর্শ দিলেন ঘরের এক কোণে বা দেয়ালের সামনে তাজা ফুল রাখার। রজনীগন্ধা বা দোলনচাঁপা ফুলের ঘ্রাণে ঘরের গুমোট ভাবটা কাটবে। যে পানিতে ফুল রাখা হবে, রোজ সেই পানিটুকু বদলে দিতে হবে অবশ্যই।

জানালায় জানান দিল শীত
সেলিনা আখতার জানালেন, বাড়ির উত্তর দিকটার জানালাগুলোর ব্যাপারে চাই বাড়তি সতর্কতা। তবে সব জানালা বন্ধ করে রাখা একদমই ঠিক নয়। জানালায় ভারী পর্দা লাগানো হলে হিমেল হাওয়া কম ঢুকবে।
গুলসান নাসরীন চৌধুরী জানালেন, সকালের দিকটায় জানালা খোলা রাখা ভালো। এতে বাইরের আলো-বাতাস যেমন ঘরে ঢুকতে পারবে, তেমনি ঘরের মধ্যকার ভারী বাতাস আর বদ্ধ ঘরের গন্ধটাও বাইরে চলে যেতে পারবে। দুপুর একটা বা দুইটার পর জানালা দিয়ে ঠান্ডা বাতাস বেশি আসে। তাই এ সময়টার পর থেকে জানালা বন্ধ রাখা যেতে পারে।

আসবাব ঠিকঠাক
গুলসান নাসরীন চৌধুরী জানালেন, শীতের সময় মেঝেতে ফোম বা অন্য কিছু বিছিয়ে বসার ব্যবস্থা না রাখাই ভালো। নিচু আসবাব ব্যবহার করলেও খেয়াল রাখুন, সেটি যেন মেঝে থেকে খানিকটা উঁচু হয়।
শীতে বাড়ির সবাই নানান রকম পোশাক ব্যবহার করে থাকেন। তাই অনেক কাপড় জমা হয়ে যেতে পারে। সেলিনা আখতার জানালেন, সব ধরনের পোশাকের জন্যই প্রয়োজন নির্দিষ্ট জায়গা। তবে প্রতিনিয়ত যেসব পোশাক ব্যবহার করা হচ্ছে, সেগুলো পাল্টানোর পর সব সময় ওয়ার্ডরোব বা আলমারিতে গুছিয়ে রাখা সম্ভব না-ও হতে পারে। সে ক্ষেত্রে এসব কাপড় ভাঁজ করে ঘরের এক কোণে ছোট কোনো টেবিলে গুছিয়ে রাখতে পারেন।