কাপড় শুকাতে...

ঝলমলে রোদ দেখে কাপড় ধুয়ে ঝুলবারান্দা কিংবা ছাদে মেলে বাইরে গেছেন। বাসায় ফিরে দেখছেন, শুকানো তো দূরের কথা, বৃষ্টিতে ভিজে চুপসে গেছে সব কাপড়। বর্ষায় এমন অবস্থার মুখোমুখি হতে হয় কমবেশি সবাইকে। শহরের ফ্ল্যাটবাড়িগুলোর বারান্দা ছোট হওয়ায় কাপড় শুকানো মুশকিলই বটে। সব বাড়িতে ছাদে কাপড় মেলার সুবিধা পাওয়াও যায় না। ভরসা তখন এক চিলতে বারান্দাই। আবার প্রতিটি বাসায় রোদও খেলা করে না। এরপরও এ সময়ে কাপড় তো শুকাতে হবে। কী কী অনুষঙ্গ কাজে লাগাতে পারেন, তারই খোঁজ এখানে।
রশি
ঝুলবারান্দায় অনায়াসে গ্রিলের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত টানিয়ে নিতে পারেন রশি বা দড়ি। বাজারে বিভিন্ন ধরনের ও রঙের রশি কিনতে পাওয়া যায়। সেখান থেকে বেছে নিতে পারেন প্রয়োজনীয় রশি। নাইলনের রশি বেশ টেকসই। আবার লোহা ও অ্যালুমিনিয়ামের তার অনেকে ভারী কাপড় মেলার কাজে ব্যবহার করেন। বাতাস ও পানির সংস্পর্শে এতে দ্রুত মরিচা পড়ে যায়। তাই কাপড় মেলার আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, নইলে দাগ পড়ে যাবে শখের কাপড়ে। কিন্তু যদি তারে কাপড় মেলতেই হয়, তবে সরু প্লাস্টিকের পাইপের ভেতর তার ঢুকিয়ে সেটি টানিয়ে নিলে মরিচার ভয় আর থাকবে না।
কাপড় আটকানোর ক্লিপ
রশিতে কাপড় মেলেছেন, দমকা হাওয়ায় কাপড় উড়ে গিয়ে পড়ল বাসার পাশে গাছের মাথায়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চাইলে কাপড় মেলে দিয়েই লাগিয়ে নিতে হবে কাপড় আটকানোর ক্লিপ। প্লাস্টিক ও স্টিলের তৈরি অনেক নকশার বাহারি ক্লিপের খোঁজ মিলবে বাজারে।
হ্যাঙ্গার
শার্ট বা পাঞ্জাবির মতো পোশাক হ্যাঙ্গারে ঝুলিয়ে শুকাতে দিলে শুকাবে তাড়াতাড়ি আর সেই সঙ্গে জায়গাও কম লাগবে। শিশুদের কাপড় বা বাসার ছোট ছোট কাপড় শুকাতে কিনে নেওয়া যেতে পারে গোল ঝোলানো ক্লিপ লাগানো চাকতি। এতে ভেজা কাপড় ক্লিপ দিয়ে আটকে শুকাতে দেওয়া যাবে ঘরে বা বারান্দার যেকোনো সুবিধাজনক জায়গায়।
কাপড় শুকানোর স্ট্যান্ড
বাজার ঘুরে এক থেকে তিন তাকবিশিষ্ট স্ট্যান্ড চোখে পড়লেও পাশাপাশি লম্বা ধরনের স্টেইনলেস স্টিলের বা নন–ম্যাগনেটের স্ট্যান্ডও কম নয়। কিছু স্ট্যান্ডের পায়ায় চাকা লাগানো থাকায় এক ঘর থেকে অন্য ঘরে কিংবা বারান্দায় নিয়ে যাওয়া যায় খুব সহজেই। স্টেইনলেস স্টিলের স্ট্যান্ডে সহজে মরিচা পড়ে না। নষ্টও হয় কম। প্রতিটি স্ট্যান্ডে হ্যাঙ্গারে কাপড় ঝুলিয়ে শুকালে দেখতেও ভালো লাগবে, সেই সঙ্গে বেশি কাপড় একসঙ্গে শুকিয়ে নেওয়া যাবে সহজেই।
যেখানে পাবেন
রাজধানীর নিউমার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, গুলশান ডিসিসি মার্কেট ছাড়াও অনলাইনে অর্ডার করলেই মিলবে কাপড় শুকানোর অনুষঙ্গ।
দরদাম
নানা ধরনের নাইলন রশির দাম ২৫০-৪৫০ টাকা কেজি, সরু প্লাস্টিকের পাইপ ১০ টাকা গজ, তারের কেজি ১০০ থেকে ১৮০ টাকা, ক্লিপ ৫০ থেকে ৪৫০ টাকা, রকমারি হ্যাঙ্গার ১৫০ থেকে ৩৫০ টাকা, ঝোলানো চাকতি ৩০০ থেকে ৭০০ টাকা, তাকভেদে নন–ম্যাগনেট স্ট্যান্ডের দাম ২ হাজার থেকে শুরু করে ৪ হাজার টাকার মধ্যে, স্টেইনলেস স্টিলের স্ট্যান্ড ২ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।