খাবারের সুন্দর পাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজকাল খাবার পরিবেশ​েনর পাত্রে নান্দনিকতার ছোঁয়া থাকাটাও দরকার। তৈজসপত্রে ভিন্নতা আনতে অনেকেই এ কারণে বাজার ঘুরে ঘুরে কিনছেন বাসনপত্র। যাতে খাবার টেবিলটা দেখতে হয় নান্দনিক।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেল, নিউমার্কেটের বিভিন্ন দোকান, শাইনপুকুর, মুন্নু সিরামিকের বাসনপত্র তো আছেই; আছে ক্রিস্টালের তৈজসপত্র। এ ছাড়া সিরামিকের ওপর হাতের নকশা করা বাসনপত্রের প্রতিও বেশ আগ্রহ ক্রেতাদের। ঢাকার সানরাইজ প্লাজার ক্লে ইমেজে পাওয়া যাবে হাতে বানানো ও হাতে নকশা করা বাসনকোসন। ক্লে ইমেজের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘খাবার পরিবেশনের জন্য নতুন বাসনপত্র পছন্দ করেন অনেকে। বিশেষ করে হাতে তৈরি ও ভিন্ন নকশার হয় এগুলো। এ ছাড়া আকারেও আছে ভিন্নতা।’
খাবার টেবিলে বৈচিত্র্য আনার জন্য দরকার বিশেষ প্রস্তুতি—জানালেন অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন চৌধুরী। তিনি বলেন, ‘বাসনপত্র দুই ধরনের হয়—এক ধরনের পাত্রে ঝাল ও অন্য ধরনের পত্রে মিষ্টিজাতীয় খাবার পরিবেশন করা হয়। এসব খাবার পরিবেশনের জন্য স্টোনওয়্যারের সাধারণ তৈজসপত্রের পাশাপাশি হাতে তৈরি ও নকশা করা সিরামিকের তৈজসপত্র খাবার টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দেবে।’

.
.

অতি​িথ এলে টেবিল সাজানোর বেলায় হতে হবে সচেতন। খাবার পরিবেশনের সময় হালকা রঙের খাবার গাঢ় রঙের বাটি বা প্লেটে পরিবেশন করলে সুন্দর দেখাবে। খাবারের পরিমাণের ওপর পাত্রটির আকার নির্ভর করবে। যেমন সালাদ রাখার জন্য মাছ বা বিভিন্ন পাতা আকৃতির পাত্র বেশ মানাবে। সেমাই গতানুগতিকভাবে বাটিতে পরিবেশন না করে স্বচ্ছ কাচের গ্লাস আকৃতির বড় বাটিতে পরিবেশন করতে পারেন।
দেশি সিরামিক হলে খেয়াল করতে হবে ঘরের পর্দা, আসবাব, বিশেষ করে টেবিলটি যেন দেশীয় ঢঙের হয়। টেবিলটি কাচের হলে তার সঙ্গে স্টোনওয়্যারের সিরামিক মানাবে। আবার পর্দা যদি নীল বা রঙিন হয়, তবে সিরামিকের পাত্র, টেবিল ক্লথ কিংবা রানার অবশ্যই সেই রঙের হতে হবে। অন্যদিকে টেবিলটি চার কোনা হলে সব ধরনের বাটি ভালো লাগে। কিন্তু টেবিল গোলাকার হলে গোল বাটি টেবিলের সৌন্দর্য বাড়াবে বলে মনে করেন গুলশান নাসরীন চৌধুরী। টেবিলে থালার পাশে ন্যাপকিন ভাঁজ করে রাখতে পারেন। সঙ্গে যোগ করতে পারেন কাঁটা চামচ ও ছুরি।

.
.

দরদাম

হাতে আঁকা সিরামিকের দোকান ক্লে ইমেজে পাত্রগুলো নকশা, আকার ও রঙের দিক দিয়ে বেশ ভিন্ন। মিষ্টি বা ফলের জন্য কড়াইয়ের মতো বাটির সেট পাওয়া যাবে আকার অনুযায়ী ২৫০-৪৫০ টাকার মধ্যে। পোলাও ডিশ ২৫০-৪০০ টাকা। কারি বাটি ৯০-১০০০ টাকা পর্যন্ত হবে। রঙিন কাপ পাওয়া যাবে ৫০০-৬৪০ টাকার মধ্যে। লেবু বা সস বাটি ৪০-৮০ টাকায় পাবেন।

ঈদ সামনে রেখে শাইনপুকুর ও মুন্নু সিরামিকে এসেছে বেশ কিছু ডিনার সেট। এগুলো ৩০০০-৬৫০০০ টাকার মধ্যে পাওয়া যাবে। মিষ্টি বা কারি বাটি পাওয়া যাবে ৬০০-১৫০০ টাকার মধ্যে। পোলাও ডিস পড়বে ৭০০-২০০০ টাকা।

নিউমার্কেটের দোকানে দেখা গেল, ক্রিস্টালের কারি সেট ১৮০০-২৫০০ টাকা। সিঙ্গেল পিস হলে ৯০০-১২০০ টাকা। ওয়াইন আকৃতির মিষ্টির বাটি ১০০০ থেকে ১৫০০ টাকা। পোলাও ডিশ ৫০০-১৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে। সালাদ বাটি ৩০০ থেকে ৫০০ ও মাছ আকৃতির বাটি ৮০০-১২০০ টাকা। এ ছাড়া ক্রিস্টালের জগ ও গ্লাস সেট হবে ১৫০০-২০০০ টাকা।