খোলামেলা রান্নাঘর

ওপেন কিচেন বা খোলা রান্নাঘর পরিচিতি পাচ্ছে এ দেশেও। তবে এ ধরনের রান্নাঘরের আছে কিছু নিয়মনীতি

খোলামেলা আধুনিক রসুইঘরের কায়দা–কানুনও হতে হবে আধুনিক চিন্তা ভাবনারছবি: নকশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রান্না করতে করতেই পরিবারকে সময় দেওয়া বা টেলিভিশন দেখার বিষয়টি আমাদের দেশে পরিচিত নয় বা ছোট শিশু থাকলে তার ওপর নজর রাখা। পাশ্চাত্যে এটি বেশ পরিচিত পন্থা। এ কারণে ওপেন কিচেন বা উন্মুক্ত রান্নাঘর পশ্চিমা দেশগুলোতে জনপ্রিয়। এটি সাধারণত খাবার ঘর বা বসার ঘর লাগোয়া হয়ে থাকে। ব্যস্ততার এ যুগে দুটি কাজ একসঙ্গে করতে পারাটা সময় বাঁচায় অনেকাংশেই। তবে এ ধরনের রান্নাঘরে সব রকম রান্না করা যাবে না। কারণ আমাদের দেশের মসলার গন্ধ। তবে সুযোগ পেলে অনেকেই এখন বাড়িতে দুটি রান্নাঘর করছেন। অন্দরে ভিন্নতা আসেই, সঙ্গে টুকটাক রান্নার কাজ করা যায়।

ওপেন কিচেনে দরকার চিমনি

আমাদের দেশের প্রেক্ষাপটে ওপেন কিচেনের অন্যতম সমস্যা হলো খাবারের গন্ধ এবং ধোঁয়া নিয়ন্ত্রণ করা, জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক স্থপতি তাসনীম তারিক। ওপেন কিচেনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিচেন হুড বা চিমনি। চিমনি সহজেই রান্নার ধোঁয়া-গন্ধ শুষে নিতে পারে। এতে অন্যান্য রুমগুলোতে রান্নার গন্ধ খুব একটা যায় না। তবে ওপেন কিচেন যেহেতু পশ্চিমা স্টাইল, তাই খুব কষা তেল-ঝোলের রান্না করা ঠিক হবে না। এতে পুরো বাড়ি গন্ধ আর তেলতেলে ভাব হয়ে যাবে।

আবার বাড়ি বা ফ্ল্যাট যদি বেশ বড় হয়, তবে দুটি রান্নাঘর করার পরামর্শ দেন স্থপতি তাসনীম। একটি খাবার ঘর বা বসার ঘরের সঙ্গে ওপেন কিচেন, অন্যটি সাধারণ রান্নাঘর। সাধারণ রান্নাঘরে তেল-ঝোলের বাঙালি রান্নাগুলো সেরে নিলে পুরো বাড়ি পরিষ্কার রাখা নিয়ে খুব একটা ঝামেলায় পড়তে হবে না। তবে দুটি রান্নাঘর রাখা অনেক ক্ষেত্রে সম্ভব না-ও হতে পারে। সে ক্ষেত্রে আরেকটি উপায় হতে পারে একটি অস্থায়ী গোটানো বা স্লাইডিং দরজা। রান্না করার সময় দরজা বন্ধ থাকল, শেষ হলে আবার খুলে দিলেন। এভাবে খুব সহজেই ওপেন কিচেন থাকা সত্ত্বেও বাড়ি পরিষ্কার ও গন্ধহীন রাখা সম্ভব।

ওপেন কিচেন তৈরি করা যদি একেবারেই সম্ভব না হয়ে থাকে, তারপরও আপনি ওপেন কিচেনের শখ পূরণ করতে চান। সে ক্ষেত্রে আপনার রান্নাঘর যদি মোটামুটি বড় হয়ে থাকে, তবে সকালের নাশতার পর্বটি রান্নাঘরেই সেরে ফেলার ব্যবস্থা করতে পারেন। বাড়ির সদস্যসংখ্যা যদি কম হয়, রান্নাঘরে ছোট একটা টেবিল অথবা কিচেন টপের সঙ্গে দু-তিনটি টুল রেখে দিলেন। সকালে আপনি পাউরুটি আর ডিমভাজি করতে করতে বাচ্চারাও নাশতা সেরে নিতে পারবে। এই ব্যবস্থায় আপনাকে অবশ্যই স্ট্যান্ড ফ্যান অথবা দেয়ালে ঝোলানো ফ্যানের ব্যবস্থা করতে হবে। তবে যেকোনো ধরনের রান্নাঘরেই একটা ফ্যান রাখার পরামর্শ দেন স্থপতি তাসনীম। এ ছাড়া সাধারণ আলোকসজ্জার বাইরে বিশেষ বিশেষ কাজ করার জায়গায় যেমন চুলার ওপর, কাটা এবং ধোয়ার জায়গায় ব্যবহার করতে বলেন স্পটলাইট।

ওপেন কিচেনের জন্য দরকার খোলামেলা জায়গা

ওপেন কিচেনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা। যেহেতু বসার ঘর বা খাবার ঘর থেকে রান্নাঘর দেখা যায়, তাই কোনোভাবেই সিঙ্কে বাসন জমিয়ে রাখা যাবে না। কোনো কিছুই অপরিষ্কার রাখা যাবে না। মসলার পাত্র বা থালাবাসন রাখার শেলফগুলো যেন দৃষ্টিনন্দন হয়, সেদিকে রাখতে হবে খেয়াল, বলে জানান তিনি। রান্নাঘরে বাঁশের চিক বা ভার্টিক্যাল ব্লাইন্ড ব্যবহার করা যেতে পারে। একটু সবুজের ছোঁয়া আনতে লাকি ব্যাম্বু, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্টজাতীয় গাছগুলো যেকোনো শেলফের কোনায় বা কিচেন টপে রেখে দিতে পারেন।