
চীনা অন্দরসজ্জায় বেশ জনপ্রিয় রীতি ফেংশ্যুই। এই রীতির মূলকথা হলো, অন্দরে সেসব জিনিসেরই ব্যবহার করা হবে যা মনটাকে খুশিতে ভরিয়ে রাখবে। যেসব বস্তু আপনাকে আরাম, স্বস্তি ও নিরাপত্তা দেবে না ফেংশ্যুই রীতি অনুযায়ী তা ঘরে না রাখাই ভালো। ফেংশ্যুই থেকে অন্দর সাজানোর এমনই কিছু পরামর্শ দিলেন অন্দরসজ্জাবিদ নাসিম আহমেদ। অন্দরে রুদ্ধতার সৃষ্টি করে এমন অপ্রয়োজনীয় আসবাব, বইপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম, নষ্ট ঘড়ি, যন্ত্রপাতি বা অন্য কোনো বস্তু যেগুলোর কোনো দরকার নেই সেসব ফেলে দিন। এতে ঘরের ভেতর হালকা ও মুক্ত হাওয়া অনুভব করবেন। ফেংশ্যুই রীতিতে রঙের ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ। যেমন, ঘরের দেয়াল, পর্দা, কার্পেট, বিছানার চাদরে নীল, সবুজ, সাদার মতো চোখে আরাম

দেয় এমন রং ব্যবহার করুন। এড়িয়ে চলুন লাল, সোনালির মতো উজ্জ্বল রং। ঘরে সবুজ প্রকৃতি নকশার পর্দা ব্যবহার করুন।
পর্দায় সবুজের সঙ্গে প্রকৃতির ছবি থাকলে তা আপনার প্রতিটি সকালকে প্রকৃতির অনুভবে ভরিয়ে দেবে। হলরুম ও রান্নাঘরের জন্য হলুদ রং ব্যবহার করুন। স্টোররুম ও বাথরুমের জন্য ব্যবহার করুন সবুজ রং। নীল হলো প্রশান্তি ও উপশমের রং। বেগুনি রং জীবনীশক্তিকে উত্সাহিত করে। এই রং শোয়ার ঘরে ব্যবহারের উপযোগী তবে রান্নাঘর ও বাথরুমে নয়। এ ছাড়া শোয়ার ঘর থেকে বৈদ্যুতিক সরঞ্জাম সরিয়ে ফেলুন। এসব সরঞ্জাম বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ নিঃসরণ করে, যা মস্তিষ্ককে আঘাত করে ঘুমে বিঘ্ন ঘটায়। বিছানা থেকে দেখা যায় এমন অবস্থানে কম্পিউটার বা বেশিসংখ্যক বই-ফাইল রাখবেন না। এগুলোও মস্তিষ্কে কাজের দুশ্চিন্তা ধরে রাখে। দেয়ালে টিকটিক শব্দের ঘড়ি থাকলে তা সরিয়ে ফেলুন। ঘর সাজাতে তাজা ফুলের ব্যবহার করুন। কখনো শুকনো ফুলে অন্দর সাজাবেন না, তা ক্ষয় ও বিনাশের প্রতীক। বনসাই গাছ, হরিণের মাথা, বাঘের চামড়া ঘরে না রাখাই ভালো, তা আপনার অবচেতন মনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

বাড়ির সদর দরজায় উজ্জ্বল আলোর ব্যবহার করুন। বাড়িতে আলো ও বাতাস ঢোকার জন্য দিনের কিছুটা সময় জানালা-দরজা খুলে রাখুন। ঘরে পালতোলা জাহাজের মডেল ঘরে রাখুন, তা সাফল্যের প্রতীক। ড্রয়িং রুমের সোফার পেছনের দেয়ালে লাগাতে পারেন পাহাড়ের ছবি, যা পরিবারের সদস্যদের মনে নিরাপত্তাবোধ এনে দেয়। সুখী পারিবারিক ছবি দেয়ালে রাখুন, তা পারিবারিক সুখকে আরও বাড়িয়ে দেবে। ফিনিক্স পাখি হলো অদম্য শক্তি ও সৌভাগ্যের উত্স। এর ছবি বা প্রতিকৃতি রাখতে পারেন ড্রয়িং রুমে। ক্রিস্টালের বল বা পিরামিড সুমধুর সখ্যের উত্স। দুটি ক্রিস্টালের জিনিস ঘরে রাখতে পারেন। ফেংশ্যুইতে বাথরুমের একটি বিষয় খেয়াল রাখুন, বাথরুমের কমোড ফ্ল্যাশ করলে ভেতরে নোংরা পানির যে প্রবল প্রবাহ সৃষ্টি হয় তাতে পানির অসংখ্য কণা পরবর্তী আধঘণ্টা বাতাসে উড়ে আপনার টুথব্রাশ, সাবান, তোয়ালে ও অন্য সবকিছুতে জমা হয়। এই টুথব্রাশ, সাবান, তোয়ালে যখন ব্যবহার করছেন, সেই নোংরা পানির কণা আপনার শরীরে আসছে। তাই প্রতিবার ফ্ল্যাশ করার আগে কমোডের ঢাকনা অবশ্যই বন্ধ রাখুন।