ঘরময় আলো আঁধারির খেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্দরমহলে দিনে প্রাকৃতিক আলো-বাতাসের ব্যবস্থার প্রতি সবারই মনোযোগটা একটু বেশিই থাকে। কিন্তু রাতে? একমাত্র ভরসা, কৃত্রিম আলো-কখনো তা উজ্জ্বল কিংবা মৃদু। বসার ঘর, শোয়ার ঘর, খাবার টেবিলে কিংবা রান্নাঘরের আলোর উজ্জ্বলতা কি একই রকম হবে? ঘর সাজাতে কিংবা নতুন অ্যাপার্টমেন্ট সাজাতে এসব প্রশ্ন অনেকেরই মাথায় আসে। সাজসজ্জাবিষয়ক প্রতিষ্ঠান রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপারসন ও ইন্টেরিওর ডিজাইনার গুলশান নাসরিন চৌধুরীর সঙ্গে কথা বলে এ বিষয়ে লিখেছেন ফারজানা হালিম।

.
.

কৃত্রিম আলোর বিষয়টি ঘরের ভেতর-বাহির দুটো ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। কলবেলের পাশে কিংবা প্রধান ফটকের বাইরে উজ্জ্বল আলোর ব্যবস্থা রাখা জরুরি। দরজার লুকিং গ্লাস দিয়ে তাকালে যেন অতিথিকে আগেভাগেই পুরোপুরি চিনতে পারেন, সে জন্যই এই কৃত্রিম আলোর ব্যবস্থা রাখতে হবে। এ ব্যাপারে অনেকের উদাসীনতা থাকলেও, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে সতর্ক থাকাটা খুব বেশি দরকার।
দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এবার আপনার সাজানো-গোছানো বসার ঘর। বসার ঘরে অপেক্ষাকৃত তীব্র আলোর ব্যবস্থা থাকতে হবে। এর পাশাপাশি মৃদুমন্দ আলোর ব্যবস্থা রাখতে পারেন। কেন? বাড়ির সদস্যরা যখন আয়েশি ভঙ্গিতে আড্ডায় মশগুল হবেন, তখন অন্তরাত্মা মৃদু আলোকেই গল্প করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে, তীব্র আলোতে নয়। তিন দেয়ালের তিন কোনায় ল্যাম্পশেড থাকতে পারে, আর সিলিং থেকে ঘরের মধ্যখানে ঝোলাতে পারেন রাজকীয় ঝাড়বাতি। অতিথি এলে ঘরের আলো উজ্জ্বল রাখলেই দেখতে ভালো লাগে। আরেকটি বিষয় লক্ষণীয়, আজকাল রেগুলেটেড কিংবা স্বয়ংনিয়ন্ত্রিত বাতি পাওয়া যায়। ফ্যানের রেগুলেটরের মতো কমানো-বাড়ানো যায় আলোর তীব্রতা। বসার ঘরে এ ধরনের আলোর ব্যবস্থা থাকলে আরও বেশি ভালো।
খাবার ঘরে খাবার টেবিলের ওপরে আলোর পরিমাণ বেশি থাকা উচিত। বিদ্যুৎ খরচের কথা মাথায় রেখে অন্য যেকোনো সময় স্বাভাবিক আলো বজায় রাখলেও, খাওয়ার সময় আলোর পরিমাণ বাড়িয়ে দিন। সিলিং থেকে ঝোলানো যায় এ রকম বাতি আছে, যা হাত দিয়ে টেনে আপনার পছন্দমতো দূরত্বে নামিয়ে নিতে পারেন, সেই সঙ্গে নিয়ন্ত্রণ করতে পারেন আলোর তীব্রতা।
রান্নাঘর ছোট হোক কিংবা বড় হোক, এ ক্ষেত্রে আমাদের প্রায় অনেকেরই উদাসীনতা আছে। কিন্তু সারা বাড়ির তুলনায় সবচেয়ে বেশি আলোর ব্যবস্থা থাকা চাই রান্নাঘরে। রান্নাঘরের আলোকব্যবস্থায় একদম কার্পণ্য করা যাবে না। চুলার ওপরে, সিংকের ওপরে, কাঁটা-বাছার জায়গায়, সব স্থানই আলোকময় দরকার। এ ছাড়া সৌন্দর্য ও প্রয়োজনীয়তার খাতিরে কেবিনেটের ভেতরটাও আলোকময় রাখতে চেষ্টা করুন।
বাথরুমে স্বাভাবিক আলো রাখলেই চলে, তবে জায়গা বড় হলে বেসিনের ওপর আলাদা আলোর দরকার পড়ে।
শোবার ঘরে শান্তিময় পরিবেশ তৈরি করতে নরম আলোর ব্যবস্থা রাখা জরুরি। খুব বেশি তীব্র না হলেই ভালো। ড্রেসিং টেবিল কিংবা দেয়ালে ঝোলানো আয়নার স্থানটিতে আলোর পরিমাণ একটু বেশি রাখা উচিত। অবশ্যই আয়নার বিপরীতে কোনো বাতি থাকবে না। আয়না যে পাশে, আলোও সে পাশ থেকেই আসবে।
বাচ্চাদের ঘরেও ঠান্ডা, নরম আলোর ব্যবস্থা রাখুন, তবে শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি পড়ার টেবিলও অনেক বেশি আলোকিত রাখতে হবে, সেটি হতে পারে ল্যাম্পশেডের মাধ্যমে।
বারান্দায় তীব্র আলোর কোনো ব্যবস্থা না রাখাই ভালো। সাদা আলোর পরিবর্তে নীল কিংবা হালকা হলুদ আলো রাখতে পারেন। তবে সবচেয়ে ভালো হয়, সবুজ, নীল, হলুদ-এই তিনটি আলোর মিশ্রণ একসঙ্গে ঘটালে। নরম আলোর বাতির কারসাজিতে খুব সুন্দর মায়াবী আলো ছড়াবে আপনার বারান্দায়। 

.
.

বাজারে এখন সবার এক নম্বর পছন্দ এনার্জি সেভিং লাইট। আলো বেশি, বিদ্যুৎ খরচ কম-এসব সুবিধার জন্য একেবারে নতুন অবস্থায় সারা বাড়ি আলোকিত করতে এনার্জি সেভিং লাইটের চাহিদা খুব বেশি। তবে এলইডি লাইটও সুবিধাজনক। এনার্জি সেভিং লাইটের তুলনায় বেশি আলো, কম বিদ্যুৎ খরচের পাশাপাশি প্রধান সুবিধা হচ্ছে এর স্থায়িত্ব। সহজেই এটি ফিউজ হয় না। এমনকি ৮-১০ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে এনার্জি লাইটের তুলনায় দাম একটু বেশি। তাই একটি একটি করে এলইডি লাইটের ব্যবহার বাড়াতে পারেন। আইপিএস তো প্রায় সবার বাড়িতেই আছে। বিদ্যুৎ চলে গেলে আইপিএসের মাধ্যমে যখন বাতি জ্বালাই, সেখানেও কম বিদ্যুৎ খরচের জন্য এনার্জি সেভিং লাইটের তুলনায় এলইডি লাইট বেশি সুবিধাজনক।
কলবেলের পাশে কিংবা প্রধান ফটকের বাইরে উজ্জ্বল আলোর ব্যবস্থা রাখা জরুরি। দরজার লুকিং গ্লাস দিয়ে তাকালে যেন অতিথিকে আগেভাগেই পুরোপুরি চিনতে পারেন, সে জন্যই এই কৃত্রিম আলোর ব্যবস্থা রাখতে হবে