যতই আরামকেদারা, সোফা আর দোলনা থাকুক, মেঝেতে বসে একটু চায়ের আড্ডা বা বই পড়ার মজাই আলাদা। শহরের ইট–কাঠের বাড়িগুলোতেও তাই পাওয়া যায় মেঝেতে বসার নানা আয়োজন। এই শীতের সময় ঠান্ডা মেঝেতে উষ্ণতা ছড়ায় শতরঞ্জি বা পাটের ম্যাট।
বিভিন্ন আকার ও ধরনের শতরঞ্জি ও ম্যাট দিয়ে অনায়াসেই সাজিয়ে ফেলতে পারেন আপনার ঘর। কিন্তু একটি ঘরে সাজানো আসবাবের ধরনের ওপর ভিত্তি করে বেছে নিতে হবে ম্যাট। দেখতে হবে নির্দিষ্ট সেই ঘরের আকার কেমন। নানা আকারের আসবাবের সামনে ম্যাটের আকারও আলাদা আলাদা রাখতে পারেন। এ ছাড়া ছোট ঘরে বড় ম্যাট ব্যবহার না করারও পরামর্শ দেন অন্দরসজ্জা প্রতিষ্ঠান চতুষ্কোণের পরিচালক কান্তা কবির। নির্দিষ্ট একটি ঘরে কোন আসবাবের সামনে কেমন ম্যাট ব্যবহার করবেন, তা নিয়ে ধারণা দিয়েছেন এই বিশেষজ্ঞ।
বসার ঘরের সোফার সামনে
ইংরেজি ‘এল’ অক্ষরের মতো করে সোফা সাজানো হলে তার সামনে গোল আকারের মাঝারি একটি ম্যাট বিছাতে পারেন। সোফার সামনে বড় জায়গা থাকলে ছোট মাঝারি মিলিয়ে দুটিও রাখা যায়। আর একেবারে বা কিছুটা গোল করে সাজানো সোফার সামনে ডিম্বাকৃতির মাঝারি ম্যাট বিছিয়ে রাখুন। এতে আকারের ভিন্নতা আসবে। সাজে আসবে নাটকীয়তা।
বসার ঘরের বারান্দা
বসার ঘরের সঙ্গে বারান্দার দরজায় লম্বা আয়তাকার ম্যাট বিছাতে পারেন। বারান্দায় ঢোকার দরজা যত বড়, ম্যাট হবে ততটাই লম্বা। ছোট দরজার সামনে রাখুন আয়তাকার মাঝারি ম্যাট বা শতরঞ্জি।
টেবিলের সামনে
চারকোনা টেবিলের সামনে গোল ম্যাট বসাতে পারেন। অবশ্যই টেবিলের আকারের সঙ্গে মানাসই হবে ম্যাটের আকার।
বই কর্নার
বসার ঘরের যে পাশে আপনি বই পড়তে বা চা খেতে পছন্দ করেন, সেই কোনায় বসাতে পারেন পাটের বোনা গোল ম্যাট। দেশীয় উপকরণে তৈরি দোল খাওয়া চেয়ারের সামনে এমন ম্যাট আনবে আলাদা সৌন্দর্য।
দেয়াল ক্যাবিনেটের সামনে
বসার ঘরে টেলিভিশন রাখার জন্য অনেকেই দেয়াল ক্যাবিনেট তৈরি করেন। ক্যাবিনেটে টেলিভিশন না রেখে কোনো শিল্পকর্মও রাখতে পারেন। কিছুটা আয়তাকার এই আসবাবের সামনে চারকোনা ম্যাট বা শতরঞ্জি মানাবে।
দরজার সামনে
গোল, চারকোনা বা আয়তাকার ম্যাটের পাশাপাশি অর্ধচন্দ্র বা তিনকোনা ম্যাটও এখন বেশ ব্যবহার করা হচ্ছে। তাই দরজার সামনে চাইলে অর্ধচন্দ্র বা তিনকোনা, যেকোনো একটি বিছিয়ে রাখতে পারেন।
সাজানোর অনুষঙ্গ
শুধু মেঝেতে না বিছিয়ে সাজানোর অনুষঙ্গ হিসেবেও ম্যাটের কদর বেড়েছে। চারকোনা কাঠের টেবিলের শোভা বাড়াবে ছোট চারকোনা ম্যাট।