ঝকঝকে থাকুক রান্নাঘরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রান্নাঘরকে চকচকে রাখতে চাইলে নিয়মিত পরিস্কার করতে হবে।
ছবি: সুমন ইউসুফ

দাগ, ময়লা, বদ্ধ গন্ধ আর তেল চিটচিটে ভাব—রান্না ঘর মানে এসব সমস্যার একত্রকরণ। ছোট বা বড় রান্নাঘরের আয়তন যা–ই হোক না কেন, এ জায়গাতেই দাগ আর ময়লা বেশি বাসা বাঁধে। রান্নাঘরকে চকচকে আর ঝকঝকে রাখতে তাই নিয়মিত পরিষ্কার রাখা খুব জরুরি।

তেল

রান্নার সময়ে তেল, মসলা বা খাবারের দ্রব্য চুলায় পড়া স্বাভাবিক। রান্নার পর চুলা পরিষ্কারের জন্য তরল সাবানই তাই প্রথম ভরসা। চুলা হালকা করে না মুছে চুলার বিভিন্ন অংশ সাবান ও গরম পানিতে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার ফোমের মাজুনি দিয়ে পরিষ্কার করলে অনেক দিনের তেল-ময়লাও পরিষ্কার হবে। এরপর কাপড় দিয়ে মুছে বাতাসে রান্নাঘর শুকিয়ে নিতে হবে। চুলার চারপাশ পরিষ্কার করা সব থেকে কঠিন কাজ। সাবান ও পানি দিয়ে চুলার পাশ ও নিচের অংশ কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। এতে ময়লা ও তেল নরম হয়। এবার নরম ব্রাশ দিয়ে ঘষে ঘষে সময় নিয়ে পরিষ্কার করুন। চুল্লির মধ্যকার ছিদ্রগুলো পরিষ্কার করতে আলপিনের সাহায্য নিতে পারে। এতে ছিদ্রগুলোর মুখ খুলে আগুনের তাপ পাওয়া যাবে।

সিঙ্ক

মাছ ও মাংস ধোয়ার কারণে তেল ও চর্বি পাইপে জমে যায়। এ ছাড়া অনেক সময় খাবার ও কাঁচা সবজির অংশ পাইপে আটকে যায়। গভর্নমেন্ট কলেজ আব হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত এ জন্য পাম্পার ব্যবহারের পরামর্শ দিলেন। তবে পাম্পার না থাকলে পানির কল ছেড়ে দুই হাতের তালু দিয়ে পানি নামার মুখে জোরে চাপ দিতে হবে। এতে পাইপ অনেকটাই পরিষ্কার হয়। এ ছাড়া সহজ আরেকটি উপায় হলো পাইপের মুখে বেশি করে সারা রাত হারপিক ঢেলে রাখা। সকালে হালকা গরম পানি দিলে তেল–চর্বি কেটে যায়। সিঙ্কের মধ্যে ও পাশে সাবানের সঙ্গে সামান্য, বেকিং সোডা বা ভিনেগার ও লেবু ব্যবহার করতে পারেন।

মেঝে ও দেয়াল পরিষ্কার রাখতে সাবান ও পানি ব্যবহার করুন।

মেঝে, দেয়াল ও জানালা

মেঝে ও দেয়াল পরিষ্কারের সাধারণ নিয়ম হলো সাবান ও গরম পানি। চাইলে রান্নাঘর পরিষ্কার করতে ভিনেগার ও লেবুর ব্যবহার করতে পারেন। এতে তেল চিটচিটে ভাব কমবে বলে জানালেন তাসমিয়া। এ ছাড়া টুথপেস্ট মেঝে ও দেয়ালের দাগের ওপর লাগিয়ে রেখে ব্রাশ দিয়ে ঘষে দাগ তুলতে পারেন। হারপিকও টাইলসে ব্যবহারের জন্য ভালো পরিষ্কারক হিসেবে কাজ করে। ব্লিচিং পাউডার ও এর তিন গুণ বেকিং সোডা মিশিয়ে দাগে লাগিয়ে ঘষে দাগ তোলা যাবে। তবে অবশ্যই ব্রাশ ব্যবহার করা উচিত।

এগজস্ট ফ্যান

প্রথমে একটি বাটিতে দুই টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার, দুই টেবিল চামচ ভিনেগার, একটি লেবুর রস ও এক কাপ পানি একসঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢেলে নিন। এবার ওই স্প্রে দিয়ে ফ্যানের পাখাগুলো স্প্রে করে দুই মিনিট অপেক্ষা করুন। দুই মিনিট পর ঘষে ঘষে পরিষ্কার করুন। এ ছাড়া বিশেষ ফোম–জাতীয় পরিষ্কারক ব্যবহারে অল্প সময়ে দীর্ঘদিনের জমা ময়লাও পরিষ্কার হবে।