ঝুড়িতে সাজাই বই

ঝুড়ির ভেতর সাজানো থাকতে পারে বই। ছোট এই সংযোজনে অন্দরসাজেও চলে আসবে ভিন্নতা।

ঝুড়ির মধ্যে এভাবেই রাখতে পারেন বইছবি: নকশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বই পড়া শেষে এলোমেলো ফেলে না রেখে গুছিয়ে রাখার অভ্যাস থাকা চাই। না হলে দরকারের সময় প্রয়োজনীয় বইটা খুঁজে পাওয়া যাবে না। শেলফ তো আছেই, দেয়ালে বা ঘরের কোণে ছোট ছোট তাকে অনেকে বই রাখেন। তবে একাধিক বই একসঙ্গে পড়ার অভ্যাস যাঁদের আছে, বইগুলো টেবিলের ওপর এলোমেলো করে না রেখে ব্যবহার করতে পারেন বাঁশ, বেত বা পাটের ঝুড়ি। চলে আসবে পরিপাটি ভাব। ঝুড়িতে রাখা বই সরিয়ে পরিষ্কার করাও বেশ সহজ। একরঙা ঝুড়ি ব্যবহার না করে চাইলে একটু রঙিন ঝুড়িও ব্যবহার করতে পারেন।

বই রাখার নিয়ম

বইগুলো রাখুন একটু ফাঁকা রাখুন
ছবি:নকশা

বই রাখার জন্য ভিন্ন ভিন্ন কয়েকটি ঝুড়ি ব্যবহার করতে পারেন। আপনার সুবিধামতো ঘরের যেকোনো স্থানে রাখতে পারেন। বই রাখার নিয়ম মূলত তিন রকম—আদ্যক্ষর, বইয়ের বিষয়বস্তু ও বইয়ের প্রয়োজনীয়তা। চাইলে যেকোনো একটি নিয়ম মেনে সাজাতে পারেন বই। ঝুড়ির মধ্যে একটু ফাঁকা করেই বই রাখা উচিত। কারণ, এতে বই বের করা যেমন সহজ হবে, আবার বইয়ের ক্ষতিও হবে না।

যত্ন

ঘরের যে কোনো কোনাতে মানিয়ে যাবে সহজেই
ছবি: নকশা

বই ঝুড়িতে রাখলে ধুলা পড়া স্বাভাবিক। তাই ঝুড়ির ওপরে রুমাল বা ছোট কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। কিছুটা খোলামেলা ও আলো–বাতাস আসে এমন স্থানে বইয়ের ঝুড়ি রাখা ভালো। তবে জানালার কাছ থেকে একটু দূরে রাখুন। ঝুড়ির মধ্যে নিমপাতা ও ন্যাপথলিন রাখলে পোকার হাত থেকে রক্ষা পাবেন। কিছুদিন পরপর বইগুলো বের করে নেড়েচেড়ে আবার রেখে দিন। এতে বইয়ে একটা নতুন ভাব থাকবে।

কোথায় পাবেন

বই রাখার জন্য এমন নান্দনিক ঝুড়ি পেয়ে যাবেন সোর্স, আড়ং, যাত্রা ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি)।