থ্রোস: দেবে আরাম, বাড়াবে সৌন্দর্য

থ্রোস ব্যবহারে পাওয়া যায় আরামছবি: নকশা, স্থান কৃতজ্ঞতা: ইশো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মব্যস্ত দিনের শেষে ঘরে ফিরে আরাম করে সোফায় গাটা এলিয়ে দিয়েছেন। হাতে হয়তো প্রিয় কোনো কবিতার বই বা উপন্যাস। প্রকৃতিতে হয়তো শীতের শেষ চিহ্নটুকু তখনো রয়ে গেছে। কিংবা এক পশলা বৃষ্টির কারণে হালকা হিমেল পরশ। এ সময় সোফায় যদি থাকে বাড়তি একটা ‘কিছু’, চট করে যেটা হাত বাড়িয়েই গায়ে জড়ানো যায়, তাহলে তো কথাই নেই। আরামের আলস্যটুকু ফেলে উঠতে হবে না চাদর, কাঁথা বা হালকা একটা কম্বলের খোঁজে। এই বাড়তি কিছুর পোশাকি নাম ‘থ্রোস’। এটা আসলে লম্বা ও চওড়া ধাঁচের এক টুকরো কাপড়। মৌসুম ভেদে এটা মোটা বা পাতলা হতে পারে।

চেয়ারের ওপর একটু এলোমেলোভাবে রাখতে পারেন থ্রোস
ছবি: সাবিনা ইয়াসমিন, স্থান কৃতজ্ঞতা: ইশো

সোফা সাজাতে ছোট কুশনের সঙ্গী হতে পারে যেমন থ্রোস; তেমনি আরামকেদারা, এমনকি বিছানাতেও জোড় বাঁধতে পারে থ্রোস। সোফা বা আরামকেদারায় থ্রোস খুব গুছিয়ে না রেখে একটু আলগোছে রাখাই ভালো। জানালেন ইশো-র প্রধান আর্কিটেক্ট পিনাকপাণি সাহা।

কোন আসবাবে কেমন থ্রোস

চেয়ারের নকশার সঙ্গে মিলিয়ে রঙিন থ্রোস
ছবি: সাবিনা ইয়াসমিন, স্থান কৃতজ্ঞতা: ইশো

ঘরে হয়তো সাদামাটা, হালকা রঙের আসবাব। সেখানে উজ্জ্বল রঙের থ্রোস ব্যবহার করলে আসবে ভিন্নতা।

সোফা বা চেয়ারের গদি, কুশন প্রভৃতির সঙ্গে রঙের বৈপরীত্য আনতে পারেন। হয়তো সোফার রং ধূসর, এর ওপর রাখলেন নীল রঙা থ্রো। কিংবা হয়তো সোফার রং চাপা সাদা, এর ওপর রাখলেন কালো আর চাপা সাদার সমন্বয়ে তৈরি কারুকার্যময় থ্রো, যাতে কালো রংটাই থাকবে প্রধান। লালচে সোফার প্রান্তে হয়তো সাদা রঙের ব্যবহার হয়েছে, কুশনেও রয়েছে এই দুই রঙের মিশেল, এ ক্ষেত্রে থ্রোস হতে পারে সাদা। আবার চাইলে রঙের সঙ্গে মিল রেখেও থ্রোস বাছাই করতে পারেন।

থ্রোসে দেখা যাচ্ছে নানা রকম নকশা
ছবি: সাবিনা ইয়াসমিন

সোফার মতো আসবাব তো আর হামেশাই বদলানো যায় না। একটু পুরোনো ধাঁচের সোফায় থ্রোসের ব্যবহার আনতে পারে ভিন্নতার পরশ।

থ্রোসে থাকতে পারে স্ট্রিং কিংবা টার্সেলের ব্যবহার।

থ্রোসে থাকতে পারে জ্যামিতিক নকশা কিংবা প্রকৃতির ছোঁয়া।

গরমের সময় থ্রোস হিসেবে সিল্কের কাপড়ের তৈরি জমকালো কিছু ব্যবহার করতে পারেন। হতে পারে প্যাচওয়ার্কের স্টাইলে করা থ্রোস।

যেভাবে রাখতে হবে

কুশনের সঙ্গে রাখতে পারেন থ্রোস
ছবি: সাবিনা ইয়াসমিন, স্থান কৃতজ্ঞতা: ইশো

সোফা বা আরামকেদারার যেকোনো একটা পাশে আলগোছে ফেলে রাখতে পারেন থ্রোস। কিংবা নামের মতো করেই ‘থ্রো’ করতে পারেন। হতে পারে হাতলে, কিংবা হেলান দেওয়ার স্থানে।

চাইলে ভাঁজ করেও রাখতে পারেন। দুই ভাঁজ করে নিন। এবার একইভাবে আরেকটা ভাঁজ দেওয়ার মতো করে মাঝ বরাবর আঙুল দিয়ে ধরে নিয়ে থ্রোসটিকে পছন্দমতো জায়গায় রেখে দিন। দ্বিতীয়বার পুরো কাপড়টা ভাঁজ হবে না, কেবল আঙুল দিয়ে রাখা অংশেই ভাঁজটা পড়বে, বাকিটা এলিয়ে থাকবে।

থ্রোস ব্যবহারে চলে আসে ভিন্নতা
ছবি: সাবিনা ইয়াসমিন

লম্বালম্বিভাবে দুই ভাঁজ দিয়ে এক হাতের অগ্র বাহুর ওপর সেটি নিয়ে আড়াআড়ি দুই ভাঁজ দিলে বেশ খানিকটা কুচির মতো সৃষ্টি হবে। এভাবেই রেখে দিন জায়গামতো, তবে খুব গুছিয়ে নয়।

লম্বালম্বিভাবে তিন ভাঁজ করে নিয়ে এরপর আড়াআড়ি দুই ভাঁজ দিয়ে গুছিয়েও রাখতে পারেন।

থ্রোর একটা দিক হয়তো একটু ঝুলিয়ে রাখলেন।

বিছানায় ভাঁজ করে পায়ের কাছে কিংবা মাথার কাছে বালিশ আর কুশনের সঙ্গে রাখতে পারেন থ্রো।