দেয়ালে বৈচিত্র্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নান্দনিক আসবাব আর শৌখিন পণ্যের সমাহার তো আছেই। তারপরও কি ঘরটাকে একঘেয়ে লাগছে? বদলাতে চাচ্ছেন ঘরের চেহারা? অন্দরে আসবাব আর শৌখিন পণ্যের রদবদল না করে পাল্টে ফেলুন না ঘরের দেয়ালটাকে। এবার দেখুন কেমন বদলে গেছে পুরো ঘরের চেহারা।

গাছের শাখা প্রশাখায় ছড়িয়ে যেন পরিবারের সদস্যদের মুখ। মেয়ে টিয়ারাকে তাই দেখাচ্ছেন জিনিয়া। ছবি: নকশা
গাছের শাখা প্রশাখায় ছড়িয়ে যেন পরিবারের সদস্যদের মুখ। মেয়ে টিয়ারাকে তাই দেখাচ্ছেন জিনিয়া। ছবি: নকশা

অনেকেরই একটা ধারণা যে, অন্দরসজ্জার পরিবর্তন মানেই তার সঙ্গে সঙ্গে ঘরের আসবাবের পরিবর্তন। কিন্তু তা না করেও দেয়ালের নকশায় ভিন্নতা এনেই কিন্তু পাল্টে ফেলা যায় ঘরের চেহারা—এমনটাই জানালেন হোম ডেকোর প্রতিষ্ঠান আর্টিস্টার পরিচালক কানিজ ফাতেমা। ঘরের দেয়ালের অঙ্কনচিত্র বা ওয়াল পেইন্টিং নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। কানিজ জানান, এ ক্ষেত্রে দেয়ালজুড়ে কোনো একটা গল্প তুলে ধরতে পারেন। চাইলে আঁকাতে পারেন আপনার প্রিয় কোনো জায়গার ছবি। না হলে দেয়ালের কোনো ছবি বা শৌখিন পণ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেও করতে পারেন ওয়াল পেইন্টিং।

শিশুর ঘরের দেয়ালচিত্রে পছন্দের চরিত্র
শিশুর ঘরের দেয়ালচিত্রে পছন্দের চরিত্র

ঘরের দেয়ালগুলোকে রাঙিয়ে এভাবেই অন্দরসাজে পরিবর্তন এনেছেন মডেল ও অভিনেত্রী জিনিয়া আফরোজ। তাঁর বাড়ির বসার ঘরের দেয়ালটিতে আঁকা হয়েছে গাছের অবয়ব। গাছের শাখা-প্রশাখায় টানিয়েছেন পরিবারের সদস্যদের ছবি। গাছ যেভাবে শাখা-প্রশাখার বিস্তার করে ছড়িয়ে পড়ে চারদিকে, তেমনি পরিবারের মানুষগুলোও ছড়িয়ে থাকে একেক স্থানে এই ভাবনারই বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছেন বলে জানালেন। হলুদ দেয়ালে বাদামি গাছের শাখায় বসার ঘর পেয়েছে প্রাণবন্ত রূপ। একইভাবে ঘরের প্রবেশমুখের একটি দেয়াল আঁকা হয়েছে পাতার ছবি। খাবার ঘরের দেয়াল ছবিতে যেমনটা দেখা গেল, বৈদ্যুতিক খুঁটি আর তারের ওপরে বসে আছে কাক। জিনিয়া জানালেন, বিদেশে খোলা জায়গায় যেমন খাবারের আয়োজন থাকে, ঘরের মধ্যে সেই আমেজটিতে ফুটিয়ে তোলার একটা চেষ্টা করা হয়েছে। দেয়ালের অঙ্কনচিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে বেঞ্চের আদলে বানানো হয়েছে খাবার টেবিলের চেয়ারগুলো। বাড়ির ছোট্ট মেয়ে টিয়ারার ঘরের সবুজ দেয়ালে ভেসে বেড়াচ্ছে সাদা পরিরা।
এভাবে আপনিও আঁকাতে পারেন দেয়ালচিত্র। তবে এ বিষয়ে মানতে হবে কিছু দিকনির্দেশনা, জানালেন বার্জার হোম অ্যান্ড ডেকোরের উত্তরা শাখার ব্যবস্থাপক এবং রংবিশেষজ্ঞ এফ এম হেলাল উদ্দীন। ঘরের দেয়ালটা পুরোনো হলে ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এবার দেয়ালে যে রংটা দিতে চান, সেই রঙের স্তর (কোট) প্রলেপ বসিয়ে তার ওপরে আঁকতে হবে দেয়ালচিত্র। যদি গাঢ় রঙের ব্যবহার করতে চান, তাহলে তিনবার রঙের প্রলেপ বসাতে হবে। এদিকে গাঢ় রঙের দেয়ালকে হালকা করতে হলে এক কোট প্লাস্টিক পেইন্ট ব্যবহার করলেই চলবে। দেয়ালে অঙ্কনচিত্রের মূল ভাবনাটি বেছে নেবেন ঘরটি কোন কাজে ব্যবহার করছেন তা দেখে। অঙ্কনচিত্র আঁকতে সামনে আসবাব নেই এমন ফাঁকা দেয়াল বেছে নিন। সেখানে পর্যাপ্ত বাইরের আলো পড়বে কিনা, সেদিকটাও খেয়াল রাখুন। ঘরের দেয়ালটা খুব বড় না হলে ওয়াল পেইন্টিংয়ে বেশ কয়েকটি রঙের ব্যবহার না করাই ভালো।

খাবার ঘরের দেয়ালের পেইন্টিংয়ের বিষয়বস্তুতে প্রাকৃতিক আবহ তুলে ধরা যেতে পারে। শোয়ার ঘরে স্নিগ্ধ রংগুলোর ব্যবহার ভালো দেখাবে। শিশুর ঘরের অঙ্কনচিত্রে কার্টুন চরিত্রগুলোর ব্যবহার তো বেশ জনপ্রিয়। এর পাশাপাশি সিলিংয়ে করাতে পারেন পেইন্টিং। আজকাল দেয়ালের অঙ্কনের সঙ্গে সামঞ্জস্য রেখে অনেকেই নানা ধরনের প্রপসের (যেমন বইয়ের তাক, শোপিস, ফটোফ্রেম) ব্যবহার করেন। পেইন্টিংয়ে এ ধরনের প্রপসের ব্যবহার করতে চাইলে তা যাতে ঘরের আসবাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, এ দিকটায় খেয়াল রাখার পরামর্শ দিলেন হেলাল উদ্দীন।

খাবার ঘরের দেওয়ালে প্রাকৃতিক আবহ
খাবার ঘরের দেওয়ালে প্রাকৃতিক আবহ