পরিবেশনে উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উৎসবের দিনে শুধু খাবারই নয়, এখন ব্যতিক্রমী পরিবেশনাও দৃষ্টি কাড়ে অতিথিদের। আর তাই খাবার টেবিলের নিত্যপ্রয়োজনীয় তৈজসপত্রে যুক্ত হয় নান্দনিকতা। পাশাপাশি টেবিল সাজানোতে ব্যবহার করা হয় নানা শৌখিন অনুষঙ্গ।
বাজার ঘুরে দেখা গেল, এবারও সিরামিকসের বাসনকোসনের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। আড়ংয়ের মগবাজার শাখার বিক্রয় সহকারী জোবাইদা হক জানালেন, এবারে আড়ংয়ের সিরামিক তৈজসপত্রে রং আর নকশায় আনা হয়েছে নতুনত্ব। সিরামিকের ওপর ছাই রঙের প্রলেপে টানা হয়েছে সাদা, কালো আর বাদামি রেখার নকশা। এ ধরনের নকশায় তৈরি সিরামিকের পণ্যের দাম পড়বে, কফি মগ প্রতিটি ১৬৮ থেকে ২৩০ টাকা, প্লেটের দাম ২৭৮ টাকা, নানা আকৃতির বোল আর প্লেটের দাম ৯৬ থেকে ৫৮৬ টাকা। আড়ং এবার অন্যান্য পণ্যের মতো তৈজসপত্রেও ফুটিয়ে তুলেছে হস্তশিল্পের ছোঁয়া। মেহগনি আর কড়ই কাঠের তৈরি এসব খাবার পরিবেশনের পাত্রে থাকছে নকশিকাঁথা আর ক্রস ফোঁড়ের নকশা। দামটা শুরু ২২০ টাকা থেকে।

পরিবেশনে নতুনত্ব আনতে চাইলে খাবার টেবিলের সজ্জাও একটু বদল করুন। ছবি: নকশা
পরিবেশনে নতুনত্ব আনতে চাইলে খাবার টেবিলের সজ্জাও একটু বদল করুন। ছবি: নকশা

এদিকে ঈদের দিনের সকাল থেকেই খাবার টেবিলজুড়ে থাকে নানা ধরনের মিষ্টান্ন আর নাশতার আয়োজন। এসব পরিবেশনার পাত্রগুলোতে এখন থাকছে নানা বৈচিত্র্য—যেমনটা দেখা গেল মুন্নু সিরামিক আর শাইনপুকুরের। এখানে কিছু বাসনকোসনে থাকছে ফুল, কলকি আর লতাপাতার নকশা। আকৃতি আর নকশার ওপর নির্ভর করে দরদাম। পানপাতা আকৃতির মিষ্টান্ন পরিবেশনের বাটি পাবেন ১২৫ টাকা, আপেল আর গোলাকার নকশার বাটি পাবেন ২৫০ টাকার মধ্যেই। এদিকে হাতে আঁকা সিরামিকের বাসনকোসন যাঁদের পছন্দ, তাঁরা চলে যেতে পারেন ঢাকার সানরাইজ প্লাজার ক্লে ইমেজে। এখানে মিষ্টান্ন পরিবেশনের জন্য কড়াইয়ের আদলে তৈরি করা হয়েছে বাটি। এ ছাড়া ছোট ছোট বর্গাকৃতি, বৃত্ত আর ত্রিভুজ আকৃতিতে তৈরি লবণ ও সস রাখার বাটিও পাবেন এখানে। পানির গ্লাসটিতেও থাকছে নতুনত্বের ছোঁয়া। বিভিন্ন উজ্জ্বল রঙের আলপনার নকশা করা বাটি মিলবে ২৫০ থেকে ৪৫০ টাকায়। সস, লবণ ও লেবু রাখার বাটি পাবেন ৩০-৬০ টাকায়।
খাবার পরিবেশনে যাঁরা একটু নতুনত্ব যোগ করতে চান, তাঁদের জন্য যাত্রায় থাকছে কাঁসার বাসনের ভিন্নধর্মী আয়োজন, এমনটাই জানালেন যাত্রার ডিজাইনার ঊর্মিলা শুক্লা। কাঁসার তৈরি এসব বাসনকোসনে থাকছে খোদাই করা নকশা। এখানে কাঁসার তৈরি বাটি, গ্লাস আর থালা পাবেন ১ হাজার ৯৯৯ থেকে ৩ হাজার ৯৯৯ টাকায়।
নান্দনিক অনুষঙ্গ
রানার এখন খাবার টেবিল সাজানোর অন্যতম অনুষঙ্গ। এই রানারের নকশায়ও যোগ হয়েছে নতুনত্ব। কিছুদিন দেখা যেত সুতি কাপড়ের ওপর চুমকি আর ব্লকপ্রিন্টের কাজ, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে সুতার ভারী কাজ। এখন শুধু সুতিই নয়, মসলিন, কাতান কাপড় দিয়েও তৈরি হচ্ছে রানার। আড়ং ও যাত্রার পাশাপাশি অন্যান্য ফ্যাশন হাউসগুলোতেও মিলবে এ ধরনের রানার। দাম শুরু হবে ১ হাজার ৫০০ টাকা থেকে। পাশাপাশি বেত আর বাঁশের তৈরি রানারও পাবেন এখানে।
যেমনটা সাজবে টেবিল
ঈদের দিনে খাবার টেবিলে কীভাবে ধরে রাখবেন উৎসবের আমেজ—এমনটাই জানালেন রান্নাবিদ আলপনা হাবীব। ঈদের সারা দিনই থাকবে নানা ধরনের খাবারের আয়োজন, তাই বেলায় বেলায় সাজাতে পারেন খাবার টেবিল।
সকালের টেবিলের মাঝামাঝি অংশে একটা রানার বিছিয়ে দিন। এবার ছোট ছোট টেবিল ম্যাটের ওপর নাশতা পরিবেশনের পাত্রগুলো রেখে দিন। দুপুরের দিকে টেবিলজুড়ে বসাতে পারেন রানার। এবারের রানারের সঙ্গে মিলিয়ে প্রতিটি চেয়ারের সামনে বসিয়ে দিন টেবিল ম্যাট। টেবিলের সাজটা একই রকম থাকলেও রাতের বেলায় খাবার পরিবেশনায় ব্যবহার করতে পারেন উজ্জ্বল রঙের বাসনকোসন।

.
.