বড়দিনের সাজসজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জিঙ্গল বেলস জিঙ্গল বেলস, জিঙ্গল অল দ্য ওয়ে...’ বড়দিনের উৎসব আর কদিন পরেই। ঘর সাজানো, অতিথি আপ্যায়নও তো নিশ্চয়ই হবে। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ুক পুরো বাড়িতেই। তার জন্য তো চাই সাজানোর কিছু অনুষঙ্গও।

.
.

ক্রিসমাস ট্রি
বড়দিনের সবচেয়ে বড় আকর্ষণ থাকে ক্রিসমাস ট্রিকে কেন্দ্র করে। প্লাস্টিকের তৈরি নানা উচ্চতার ক্রিসমাস ট্রি কিনতে পাবেন বিভিন্ন শপিং মলে। এ ছাড়া ঢাকার নানা গির্জার পাশেও ক্রিসমাস ট্রি বিক্রি করা হয়। তেপায়া বা চার পায়া স্ট্যান্ডে দাঁড়ানো সে ক্রিসমাস ট্রি হয় সবুজ থেকে গাঢ় সবুজ বর্ণের। পাতা মসৃণ ও কোঁকড়ানো—দুই রকমেরই হয়। ৪ থেকে ৮ ফুট উচ্চতার ক্রিসমাস ট্রি পাবেন ৫০০ থেকে ২৫০০ টাকার মধ্যে। এ ছাড়া ফরমাশ দিয়ে বানিয়ে নিতে পারেন ১৫ ফুট উচ্চতার ক্রিসমাস ট্রি। দাম পড়বে ১২০০০ থেকে ১৮০০০ টাকা পর্যন্ত।
কিনে নিতে পারেন সত্যিকারের ক্রিসমাস ট্রিও। ঢাকার বড় বড় প্রায় সব নার্সারিতেই মিলবে আসল ক্রিসমাস ট্রি। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত গ্রিন সেভারস নার্সারির প্রতিষ্ঠাতা আহসান রনি জানালেন, সাধারণত পাইন বা ফারজাতীয় গাছগুলো ক্রিসমাস ট্রি হিসেবে ব্যবহৃত হয়। ২ ফুট থেকে ৫ ফুট উচ্চতার আসল ক্রিসমাস ট্রি পাওয়া যাবে ৩০০ থেকে ১০০০ টাকার মধ্যে। কিন্তু ভালো মানের গাছ চিনবেন কেমন করে? তারও পরামর্শ দিলেন তিনি, ‘ক্রিসমাস ট্রি তো ধাপে ধাপে বেড়ে ওঠে, সে ক্ষেত্রে প্রতি ধাপে ও শীর্ষে চারটি করে পাতা আছে, এমন গাছ বেছে নেওয়াই ভালো। আর কেনার সময় অবশ্যই দেখে নেবেন, কোনো ফ্যাকাশে বা মরা পাতা আছে কি না, পোকার আক্রমণ হয়েছে কি না।’

.
.

মরিচ বাতি
ক্রিসমাস ট্রির সবুজ পাতার ফাঁকে সৌন্দর্য ছড়াবে মিটিমিটি জ্বলতে থাকা নানান রঙের মরিচ বাতি। বাজারে বিভিন্ন দৈর্ঘ্যের ও বিভিন্ন রঙের লতানো মরিচ বাতি মিলে। লাল, সবুজ, নীল, হলুদ, সাদা রঙের মরিচ বাতি থেকে বেছে নিতে পারেন যেকোনোটি। আবার বৈচিত্র্যের জন্য নিতে পারেন একই লতায় অনেকগুলো রঙের মিশেল। লম্বায় ১২ ফুট থেকে শুরু হওয়া মরিচ বাতির একেকটি লতার দাম শুরু ১৫০ টাকা থেকে।
স্টার বা তারাবাতি
ক্রিসমাস ট্রির চূড়ায় বসে তার সৌন্দর্য বাড়ায় স্টার বা তারাবাতির আলো। স্বচ্ছ কাচ বা প্লাস্টিকের তারাবাতির প্রতিটি শাখায় বসানো থাকে বিভিন্ন রঙের বিন্দু বিন্দু মরিচ বাতি। ক্রিসমাস ট্রির চূড়ায় বসিয়ে, তারাবাতির লতানো অংশটি মূল গাছের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে নিচে নামিয়ে নেওয়া হয়। নামিয়ে নেওয়া অংশটি প্লাগ-ইন করলেই জ্বলে উঠবে তারাবাতি। তারাবাতির সঙ্গে আবার ছোট আকারের স্ট্যান্ডও পাওয়া যায়। ফলে শুধু গাছের চূড়ায় নয়, টেবিলেও দাঁড় করিয়ে রাখা যাবে এমন তারাবাতি। পাওয়া যাবে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যেই।

.
.

এলইডি বাতি
এগুলো মরিচ বাতির মতো জ্বলে-নেভে, তবে তুলনামূলকভাবে আকারে একটু বড়। পাওয়া যায় বিভিন্ন ধরনের লাল, নীল, গোলাপি রঙের লতানো এলইডি বাতি। পাবেন আঙুর, আম, গোলাপ, প্রজাপতি, সূর্যমুখী, কদম, ছোট্ট পুতুল ইত্যাদির আকারে এলইডি আলোক বাতি। নির্দিষ্ট দৈর্ঘ্যের এমন সব এলইডি বাতির দাম ২৫০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত।
রঙিন বল
শুধু বাতিই নয়, সৌন্দর্য বাড়াতে ক্রিসমাস ট্রির পাতায় পাতায় বেঁধে ঝুলিয়ে দিতে পারেন ছোট রঙিন বল। এগুলোতে বিদ্যুৎ-সংযোগের প্রয়োজন নেই, বাইরের আলো বলে এসে পড়লেই বল চকচক করে তার ঔজ্জ্বল্য ছড়ায়। লাল, নীল, সোনালি, হলুদ—এমন বিভিন্ন রঙের এক সেট বা এক বাক্স রঙিন বলের দাম পড়বে ১০০ থেকে ২৫০ টাকা।
খড়ের কুঁড়েঘর
ক্রিসমাস ট্রির পাশাপাশি অনেকেই রাখেন খড়ের তৈরি ছোট্ট কুঁড়েঘর বা গোয়ালঘর। আকারভেদে একেকটি কুঁড়েঘরের দাম পড়ে ৬০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত।
রঙিন জরির কাগজ
বড়দিনে ঘর সাজানোর অন্যতম অনুষঙ্গ হলো রঙিন জরির কাগজ। পাবেন গুচ্ছ গুচ্ছ করে সেট করা রঙিন কাগজ থেকে শুরু করে কুচি কুচি করে কেটে মালায় গাঁথা রঙিন কাগজ, নকশা কাটা রঙিন কাগজ। পাবেন ১০ থেকে শুরু করে ১৫০ টাকার মধ্যে।
রঙিন রেপ্লিকা
শুধু প্লাস্টিক কিংবা আসল ক্রিসমাস ট্রিই নয়, আছে পলিথিনে মোড়ানো ক্রিসমাস ট্রিয়ের রেপ্লিকা। আরও আছে সান্তা ক্লজ ও মেরির কোলে যিশুর রেপ্লিকা। এ ছাড়া বাংলা অক্ষরে লেখা ‘শুভ বড়দিন’ বা ইংরেজি অক্ষরে লেখা ‘মেরি ক্রিসমাস’সহ আছে অনেক রকমের রেপ্লিকা। পাবেন ২৫০ টাকার মধ্যেই।

অন্যান্য
এ ছাড়া শুভেচ্ছা কার্ড, সান্তা ক্লজের পুতুল, মোমবাতিসহ আরও অনেক কিছু। ৫০ থেকে ২৫০ টাকার মধ্যেই পেয়ে যাবেন এর সবই। কিছু কিছু দোকানে উৎসবের দিন ঘর সাজানোর জন্য ছোট-বড় বিভিন্ন প্যাকেজ থাকে। ২০০০ থেকে ৫০০০ টাকায় একেকটি প্যাকেজ কিনলেই পেয়ে যাবেন ঘর সাজানোর সব অনুষঙ্গ।

কোথায় পাবেন
ঢাকার পুরানা পল্টন, নিউমার্কেট, গুলিস্তান, গুলশান ১-এর ডিসিসি মার্কেট, ফার্মগেটের গ্রিন সুপার মার্কেটসহ তেজগাঁওয়ে অবস্থিত হলিক্রস কলেজের পাশের গির্জার সামনে। এ ছাড়া আড়ং, যাত্রা ইত্যাদি ফ্যাশন হাউসে এবং ঘর সাজানোর উপকরণ পাওয়া যায়, এমন দোকানগুলোতে পাওয়া যাবে।