দেয়াল মানেই ঘরের আভাস। আর ঘর মানেই দেয়ালের শোভা। নান্দনিক আসবাব, শৌখিন পণ্য ঘরে থাকেই। তারপরও ঘরকে কেমন শূন্য মনে হয়। যখন শূন্য মনে হবে, তখন অন্দরের আসবাব আর শৌখিন পণ্যের রদবদল না করে পাল্টে ফেলুন ঘরের দেয়ালটাকে। এবার দেখুন কেমন ঝলমল করে ওঠে পুরো ঘরের চেহারা।
অনেকে মনে করেন, অন্দরসজ্জা মানেই নির্দিষ্ট সময় পরপর ঘরের আসবাবে পরিবর্তন আনা। পুরোনো আসবাব সরিয়ে নতুন নতুন নকশার আসবাব দিয়ে আবার ঘর সাজানো। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, নতুন আসবাব আনার পরও আপনার আন্দরের সেই শূন্যতা কিন্তু যায়নি। তাহলে? হোম ডেকোর প্রতিষ্ঠান আর্টিস্টার পরিচালক কানিজ ফাতেমা জানালেন, দেয়ালের নকশায় ভিন্নতা এনেই কিন্তু পাল্টে ফেলা যায় ঘরের চেহারা।
ঘরের দেয়ালের অঙ্কনচিত্র বা ওয়াল পেইন্টিং নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। কানিজ জানান, এ ক্ষেত্রে দেয়ালজুড়ে কোনো একটা গল্প তুলে ধরতে পারেন। চাইলে আঁকাতে পারেন আপনার প্রিয় কোনো জায়গার ছবি। তা না হলে দেয়ালের কোনো ছবি বা শৌখিন পণ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেও করতে পারেন ওয়াল পেইন্টিং।
মডেল ও অভিনেত্রী জিনিয়া আফরোজ নিজের ঘরের দেয়ালগুলোকে মনের মতো রাঙিয়ে এভাবেই অন্দরসাজে পরিবর্তন এনেছেন। বসার ঘরের দেয়ালটিতে আঁকা হয়েছে গাছের অবয়ব। গাছের শাখা-প্রশাখায় টানিয়েছেন পরিবারের সদস্যদের ছবি। গাছ যেভাবে শাখা-প্রশাখার বিস্তার করে ছড়িয়ে পড়ে চারদিকে, তেমনি পরিবারের মানুষগুলোও ছড়িয়ে থাকে একেক স্থানে—এ ভাবনারই বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছেন বলে জানালেন জিনিয়া আফরোজ।
হলুদ দেয়ালে বাদামি গাছের শাখায় বসার ঘর পেয়েছে প্রাণবন্ত রূপ। একইভাবে ঘরের প্রবেশমুখের একটি দেয়ালে আঁকা হয়েছে পাতার ছবি। খাবার ঘরের দেয়াল ছবিতে দেখা গেল, বৈদ্যুতিক খুঁটি আর তারের ওপর বসে আছে কাক। জিনিয়া জানালেন, বিদেশে খোলা জায়গায় যেমন খাবারের আয়োজন থাকে, ঘরের মধ্যে সেই আমেজটি ফুটিয়ে তোলার একটা চেষ্টা করা হয়েছে। দেয়ালের অঙ্কনচিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে বেঞ্চের আদলে বানানো হয়েছে খাবার টেবিলের চেয়ারগুলো। বাড়ির ছোট্ট মেয়ে টিয়ারার ঘরের সবুজ দেয়ালে ভেসে বেড়াচ্ছে সাদা পরিরা।
মনের মাধুরী মিশিয়ে আপনিও আঁকতে পারেন দেয়ালচিত্র। তবে এ বিষয়ে মানতে হবে কিছু দিকনির্দেশনা, জানালেন বার্জার হোম অ্যান্ড ডেকোরের উত্তরা শাখার ব্যবস্থাপক এবং রং–বিশেষজ্ঞ এফ এম হেলাল উদ্দীন।
এফ এম হেলাল উদ্দীনের পরামর্শ
ঘরের দেয়ালটা পুরোনো হলে ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে।
এবার দেয়ালে যে রং দিতে চান, সেই রঙের স্তর (কোট) প্রলেপ বসিয়ে তার ওপর আঁকতে হবে দেয়ালচিত্র।
যদি গাঢ় রঙ ফুটিয়ে তুলতে চান, তাহলে তিনবার রঙের প্রলেপ বসাতে হবে।
গাঢ় রঙের দেয়ালকে হালকা করতে হলে এক কোট প্লাস্টিক পেইন্ট ব্যবহার করলেই চলবে।
দেয়ালে অঙ্কনচিত্রের মূল ভাবনাটি বেছে নেবেন ঘরটি কোন কাজে ব্যবহার করছেন, তা দেখে।
অঙ্কনচিত্র আঁকতে সামনে আসবাব নেই, এমন ফাঁকা দেয়াল বেছে নিন। সেখানে পর্যাপ্ত বাইরের আলো পড়বে কি না, সেদিকটাও খেয়াল রাখুন।
ঘরের দেয়ালটা খুব বড় না হলে ওয়াল পেইন্টিংয়ে বেশ কয়েকটি রঙের ব্যবহার না করাই ভালো।
খাবার ঘরে যেহেতু প্রচুর প্রাকৃতিক জিনিসপত্র থাকে, তাই এর দেয়ালের পেইন্টিংয়ের বিষয়বস্তুতে প্রাকৃতিক আবহ তুলে ধরা যেতে পারে। শোবার ঘরে স্নিগ্ধ রংয়ের ব্যবহারে চোখ ও মনে প্রশান্তি আসবে। শিশুর ঘরের দেয়ালের জন্য উজ্জ্বল রং এবং অঙ্কনচিত্রে জনপ্রিয় কার্টুন চরিত্রগুলোর ব্যবহার জনপ্রিয়।
এর পাশাপাশি সিলিংয়ে করাতে পারেন পেইন্টিং। আজকাল দেয়ালের অঙ্কনের সঙ্গে সামঞ্জস্য রেখে অনেকেই নানা ধরনের প্রপসের (যেমন বইয়ের তাক, শোপিস, ফটোফ্রেম) ব্যবহার করেন। পেইন্টিংয়ে এ ধরনের প্রপসের ব্যবহার করতে চাইলে তা যাতে ঘরের আসবাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, এ দিকটায় খেয়াল রাখার পরামর্শ দিলেন হেলাল উদ্দীন।