৫০০ কোটির প্রাসাদে প্রেমিককে নিয়ে ঘর বেঁধেছেন অ্যাডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি যদি ‘হু ইজ সাইমন কোনেকি’ লিখে গুগল করেন, তাহলে উত্তর আসবে ‘অ্যাডেল'স এক্স হাজবেন্ড’। যদিও সাইমন কোনেকি ড্রপ ফর ড্রপ নামে একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (এই অলাভজনক, সেবামূলক প্রতিষ্ঠানটি বিশ্বের দরিদ্র দেশগুলোতে বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করে)। ব্রিটিশ সংগীত তারকা অ্যাডেলের ব্যাপারটাই এ রকম! তাঁর আশপাশে যা কিছু আছে, সবার ভেতর তিনি উজ্জ্বলতম নক্ষত্র।

৩৪তম জন্মদিনে এই ছবিটি পোস্ট করেন অ্যাডেল
ছবি: ইনস্টাগ্রাম থেকে

২০১৮ সালে বিয়ের পর ২০২১ সালে বিচ্ছেদ। বিচ্ছেদের পর দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে থেকেছেন অ্যাডেল। মিডিয়ার সামনে আসেননি। মাসের পর মাস পাপারাজ্জিরা তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেও দেখা পায়নি। তারপর যখন ফিরেছেন, নতুন এক অ্যাডেলের দেখা পেয়েছে ভক্ত আর অনুসারীরা। ২২ কেজি ওজন কমিয়ে সবার তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার কঠিন সময় পার করা অ্যাডেল খুঁজে পেয়েছেন নতুন ভালোবাসা। আর সেই ভালোবাসার নাম রিচ পল।

জন্মদিনের পোস্টে অ্যাডেল লিখেছেন, ‘সময় সারিয়ে তোলে’
ছবি: ইনস্টাগ্রাম থেকে

যদিও অর্থসম্পদের সঙ্গে ভালোবাসার বিশেষ সম্পর্ক নেই। তবু সম্পদের আলাপ একেবারে এড়িয়েও যাওয়া যায় না। নিজের চেয়ে ১৪ বছরের বড় সাইমন কোনেকিকে বিয়ে করেন অ্যাডেল। ২০০৮ সালে প্রথম স্ত্রীর সঙ্গে চার বছরের সংসারের ইতি টানেন সাইমন। ১০ বছর ধরে সাইমনের নামের পাশে বিশেষণ ছিল ‘ডিভোর্সি’।

প্রেমিক রিচ পলের সঙ্গে অ্যাডেল
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সাইমনের মোট সম্পদের পরিমাণ ২ মিলিয়ন ডলার বা ১৭ কোটি ৩৩ লাখ টাকা। অন্যদিকে অ্যাডেলের মোট সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা (২২৫ মিলিয়ন মার্কিন ডলার)। এদিকে ৪০ বছর বয়সী নতুন প্রেমিক রিচ পল পেশায় মার্কিন স্পোর্টস এজেন্ট। তিনি ক্লচ স্পোর্টস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। বছরে ৩০ মিলিয়ন ডলার আয় করেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৪০ কোটি টাকা (১২০ মিলিয়ন ডলার)।

অ্যাডেলের নয়া বাড়ির ভেতরের ছবি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এক বছর ধরে রিচ পলের সঙ্গে প্রেম করছেন অ্যাডেল। প্রেমটা চাইলেই লুকিয়ে করতে পারতেন। কিন্তু কোনো লুকোছাপা রাখেননি। গুজব উঠেছে যে নতুন প্রেমিকের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন। এমনকি এ–ও শোনা যাচ্ছে, ৩৪ বছর বয়সী অ্যাডেল নাকি অন্তঃসত্ত্বা।

এই সেই প্রাসাদ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এগুলো সত্যি না মিথ্যে, কে জানে! তবে এটুকু সত্য যে অ্যাডেল তাঁর নয়া প্রেমিককে নিয়ে নতুন বাড়িতে উঠেছেন। আর সেই খবর নিজেই ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি দিয়ে ভাগ করে নিয়েছেন। সেটিকে অবশ্য বাড়ি না বলে প্রাসাদ বলাই সমীচীন। বাড়িটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ‘হলিউডপাড়ায়’। এই এলাকাজুড়েই থাকেন হলিউডের রথী–মহারথীরা। এই এলাকাতে অ্যাডেলের আরও তিনটি বাড়ি আছে। তবে এটিই সবচেয়ে দামি।

নতুন বাড়িতে অ্যাডেল ও রিচ পল
ছবি: ইনস্টাগ্রাম থেকে

নতুন এ বাড়িটির মূল্য নাকি ১১০ মিলিয়ন ডলার। তবে অ্যাডেল সেটি কিনেছেন প্রায় অর্ধেক দামে, ৫৮ মিলিয়ন ডলার বা ৫০২ কোটি ৬০ লাখ টাকায়। আরও মজার ব্যাপার হলো, এই বাড়িটির সাবেক মালিক ৭৫ বছর বয়সী মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক সিলভেস্টার স্ট্যালন।

প্রাসাদটির হেলিকপ্টার ভিউ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

৩ দশমিক ৫ একর জায়গাজুড়ে (১ লাখ ৫২ হাজার ৪৬০ বর্গফুট) এই বিশাল বাড়িতে আছে ১২টি বেডরুম ও ৯টি বাথরুম। এ ছাড়া রয়েছে সুবিশাল দুটি ড্রয়িংরুম। দুটি অফিসকক্ষ। অফিসকক্ষের সঙ্গে রয়েছে তিনটি লাগোয়া অপেক্ষাকক্ষ। সিনেমা দেখার জন্য রয়েছে একটি থিয়েটার। জিম আর স্পার জন্য দুটি আলাদা ঘর রয়েছে। রয়েছে বিশাল হাঁটার জায়গা, সুইমিংপুল আর বাগান। এখানেই অ্যাডেল আর রিচ পলের সুখের নীড়।