তাঁরা পেশাদার খেলোয়াড়, পড়ছেন বিশ্ববিদ্যালয়েও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশে পড়েন জাতীয় দলের ফুটবলার কৃষ্ণা রানী সরকার
ছবি: সংগৃহীত

খেলাধুলার পাশাপাশি এখন একাডেমিক ডিগ্রি অর্জনের দিকেও জোর দিচ্ছেন অনেক খেলোয়াড়। সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাঁরা। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও খেলোয়াড়দের জন্য রাখছে নানা বৃত্তি, সুযোগ।

এ প্রসঙ্গে কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, ‘বিশ্বায়নের যুগে পড়াশোনার বিকল্প নেই। ভবিষ্যতে ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নয়নের জন্য তরুণ ক্রীড়াবিদেরা পড়ালেখার দিকে ঝুঁকছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিয়মিত খেলাধুলা, প্রশিক্ষণ, নানা প্রতিযোগিতায় অংশগ্রহণসহ মনন বিকাশের জন্য কাউন্সেলিং ও শরীরচর্চার সুযোগ আছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী জাতীয় ও ক্লাব পর্যায়ে নিয়মিত খেলছেন। দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ চালু আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর করতে পারেন। 

এ ছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াবিদদের বিশেষভাবে পড়াশোনার সুযোগ তৈরি হয়েছে। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্পোর্টস ক্লাব মডারেটর আবু নাঈম মিয়াজী জানান, পেশাদার ক্রীড়াবিদদের বিশেষ বৃত্তি ও আর্থিক অনুদান দেওয়া হয়। এ ছাড়া তাঁদের বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড়দের জন্য প্রয়োজনে বিশেষ ক্লাস ও পরীক্ষার ব্যবস্থাও করা হয়ে। তিনি বলেন, ‘অনেক তরুণ ক্রীড়াবিদ দেশের নানা প্রান্তে ছড়িয়ে আছেন। উচ্চমাধ্যমিক পেরিয়ে তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যত বেশি ক্রীড়াবিদ উচ্চশিক্ষার সুযোগ নেবেন, তত আমরা আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব বলে মনে করি।’

খেলাধুলা ও পড়ালেখা, দুটোকেই পাশাপাশি গুরুত্ব দেওয়ার ওপর জোর দিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালামও। তিনি বলেন, ‘খেলাধুলা কিন্তু এখন শুধু বিনোদন নয়, এর দুনিয়া অনেক বিস্তৃত। বাংলাদেশে এখন ক্রীড়াবিজ্ঞান নিয়েও পড়ালেখা করার সুযোগ তৈরি হয়েছে। তাত্ত্বিক ও ব্যবহারিক—দুই বিষয়কে গুরুত্ব দিয়েই পড়ানো হয়। আমাদের অভিভাবকদের খেলাধুলা নিয়ে সচেতন হতে হবে।’

ক্লাস উপভোগ করি

শেখ আলমগীর কবির রানা, জাতীয় ফুটবল দলের ফুটবলার এবং শিক্ষার্থী, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ

একটা সময় মনে করা হতো, খেলোয়াড়দের পড়ার সুযোগ নেই বা প্রয়োজন নেই। এখনকার বাস্তবতা কিন্তু আলাদা। আমি ভবিষ্যতের কথা বিবেচনা করেই গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে সমাজবিজ্ঞানে পড়ছি। আমি এখন তরুণ, যে কারণে হয়তো খেলাকে বেশি গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে যখন অবসরে যাব, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আমার কাজে দেবে। কোচ বা রেফারি হিসেবে যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের চেষ্টা করি, তখনো পড়াশোনাটা কাজে আসবে। বিশ্ববিদ্যালয়ে যে শুধু পড়ার জন্য পড়ছি এমনটি নয়, আমি ক্লাসরুম ভীষণ উপভোগ করি। ক্যাম্পাসে বন্ধুদের আড্ডা, ক্লাবের অনুষ্ঠান—এসবেও অংশ নেওয়ার চেষ্টা করি।

সুমন রেজা, জাফর ইকবালসহ আমার মতো জাতীয় ফুটবল দলের অনেক ফুটবলার বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের হয়ে আমি নিয়মিত খেলি। দলনেতা হিসেবে ২০১৭ সালের আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় গ্রীন ইউনির্ভাসিটিকে চ্যাম্পিয়ান করতে পেরেছিলাম। আগামী প্রজন্মের কিশোর–তরুণদের বলতে চাই, পড়াশোনা করলে সামনে অনেক দরজা খুলে যায়। ইংরেজি ভাষা জানা, যোগাযোগ করতে শেখা, এসবও একজন খেলোয়াড়ের জন্য জরুরি।

ক্লাসরুম থেকে প্রেজেন্টেশন, নেতৃত্বের দক্ষতা শিখেছি

আবু হায়দার রনি, জাতীয় ক্রিকেট দলের সদস্য ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী

আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশে বিবিএ শেষ করে এখন এমবিএ পড়ছি। মাঠে নিজের সেরাটা দেওয়ার জন্য আমাদের অনেক প্রস্তুতি নিতে হয়। নানা ধরনের ফিটনেস প্রশিক্ষণ আর প্র্যাকটিস থাকে। অনেক সময় দেশের বাইরে থাকার কারণে ক্লাস ও কুইজে অংশ নিতে পারি না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের মতো খেলোয়াড়দের জন্য ছাড় দেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে বিশাল একটি মাঠ ও শিক্ষার্থীদের জন্য শরীরচর্চার সুযোগ আছে। যখন নিয়মিত প্র্যাকটিসের চাপ কম থাকে, তখন এই মাঠে নিজের মতো করে খেলাধুলা করি। বিশ্ববিদ্যালয়ের বন্ধুরাও যোগ দেয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক ক্রিকেটার আকবর আলী ও পারভেজ হোসেন ইমনও এআইইউবিতেই পড়ে।

শুধু খেলাধুলা নয়, বিশ্ববিদ্যালয়ের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্য শিক্ষার্থীদের মতো আমি অংশ নিই। যেহেতু বিবিএ পড়েছি, আমাকে নানা কোর্সওয়ার্কে অংশগ্রহণ করতে হয়েছে নিয়মিত। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম থেকে আমি প্রেজেন্টেশন, নেতৃত্বের দক্ষতা বা বর্তমানের চাকরির বাজারে যেসব দক্ষতা প্রয়োজন হয়, সে সব সম্পর্কে ধারণা পেয়েছি।

নারী ফুটবলারদের অনেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ছেন

মিসরাত জাহান মৌসুমী, জাতীয় ফুটবল দলের সদস্য, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আমার খুব আগ্রহ। ফুটবল খেলায় নিয়মিত হলেও আমি সব সময় পড়াশোনার সঙ্গে থাকতে চেষ্টা করেছি। এখন এআইইউবিতে অর্থনীতি বিভাগে পড়ছি। খুব চেষ্টা করি নিয়মিত ক্লাস করতে। যদিও অনেক সময় খেলার ব্যস্ততা থাকে। কুইজ-অ্যাসাইনমেন্টগুলোয় যেন পরে অংশ নিতে পারি, বিশ্ববিদ্যালয় সেই ব্যবস্থা করে দেয়। এ ছাড়া আমরা যারা খেলোয়াড়, তাঁদের জন্য নানা ধরনের বৃত্তি ও আর্থিক প্রণোদনার ব্যবস্থা আছে।

এখন খেলার সুযোগ অনেক বেড়েছে। ফুটবল খেলার সুযোগে আমি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরসহ নানা দেশে নানা প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছি। এখন নারী ফুটবলারদের অনেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। আমার সতীর্থ মনিকা চাকমা, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার এই বিশ্ববিদ্যালয়েই অর্থনীতিতে পড়েন। গোলকিপার রুপা আক্তার একই বিভাগের শিক্ষার্থী। নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন গণ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।

পড়াশোনায় নিজের দক্ষতা বাড়ে

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের হয়েও খেলেন সৌম্য
ছবি: সংগৃহীত

সৌম্য সরকার, জাতীয় ক্রিকেট দলের সদস্য এবং শিক্ষার্থী, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ

আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেললে খুব ব্যস্ত সময় পার করতে হয়। খেলা থাকে, প্রশিক্ষণ থাকে। সব সামাল দিয়েই গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে পড়ছি। খেলাধুলার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়া বেশ কঠিন। কিন্তু ভবিষ্যতের কথা তো ভাবতে হয়। আন্তর্জাতিকভাবে নিজেকে সংযুক্ত করতে চাইলে পড়াশোনা খুব দরকার।

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের হয়ে আমি শিক্ষার্থীদের আন্তবিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় অংশ নিয়েছি। নিজের দল বা জাতীয় দলের বাইরে বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলার অভিজ্ঞতা অন্য রকম। খেলাধুলার জন্য শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদের নানা রকম সুযোগ দেন। এখন অনেক নবীন খেলোয়াড়ও বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। বিশ্ববিদ্যালয়ের পড়ার অভিজ্ঞতা আমাদের নতুন নতুন সুযোগ সম্পর্কে জানতে সাহায্য করে।

বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা জীবনের জন্য গুরুত্বপূর্ণ

তামান্না আক্তার
ছবি: সংগৃহীত

তামান্না আক্তার, অ্যাথলেটিকসে স্বর্ণপদকজয়ী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

আমি বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নিয়ে ১০০ মিটার হার্ডলস ইভেন্টে টানা সপ্তমবারের মতো স্বর্ণপদক জিতেছি। মাস্টার্স পর্যায়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পড়ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ আছে। সেখানে অনেক খেলোয়াড় পড়ছেন। ফুটবল, ক্রিকেট, ভলিবল খেলোয়াড়ও আছেন। নিজেদের দক্ষতার উন্নয়নের কথা বিবেচনা করেই আমরা খেলার পাশাপাশি পড়াশোনাকে গুরুত্ব দিচ্ছি।

ক্লাসের পাশাপাশি এখানে খেলার মাঠ, ফিটনেসের জন্য শরীরচর্চাসহ কাউন্সেলিং সেবা গ্রহণের সুযোগ আছে। এখন কিন্তু খেলোয়াড়দের নানা রকম চাকরির সুযোগও তৈরি হয়েছে। অনেক করপোরেট প্রতিষ্ঠান, সরকারি বিশেষায়িত সংস্থায় কাজের সুযোগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আমাদের এ ক্ষেত্রে সাহায্য করবে।