প্রাণ-প্রকৃতি রক্ষায় পিটাছড়া বনে আর্ট ক্যাম্প
জীববৈচিত্র্য রক্ষার সামাজিক আন্দোলনে একাত্ম চিত্রশিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প। তাই শিল্পীদের কারও ক্যানভাসে ফুটে উঠেছে বৃক্ষনিধনের চিত্র, কেউ রংতুলিতে এঁকেছেন পাহাড়ি প্রকৃতির চিরায়ত রূপ। তিন দিনের আয়োজনটি শেষ হয়েছে ২৭ নভেম্বর।
‘রঙে প্রাণে গানে গানে, প্রাণ-প্রকৃতি রক্ষার আহ্বানে’এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ক্যাম্প। আয়োজক ‘পিটাছড়া বন ও বন্য প্রাণী সংরক্ষণ উদ্যোগ’। এই উদ্যোগের মাধ্যমে ছয় বছর আগে মাটিরাঙ্গার পূর্বখেদার নিভৃত অরণ্যবেষ্টিত পিটাছড়ায় ২৩ একরের প্রাকৃতিক বন গড়ে তুলেছেন মাহফুজ রাসেল নামের এক তরুণ। দেশে বেসরকারি উদ্যোগে প্রাকৃতিক বন সংরক্ষণের উদ্যোগ এই প্রথম, জানান তিনি।
২৫ থেকে ২৭ নভেম্বর শিল্পীদের পাশাপাশি লেখক ও কবিদেরও এক প্রাণের সম্মিলন ঘটে সেখানে। গান, কবিতা ও চিত্রকলার মধ্য দিয়ে বাস্তুসংস্থান রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের দায় এবং কর্তব্যের কথা জোরালোভাবে তুলে ধরা হয়। চিত্রশিল্পী জন মোহাম্মদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন পিয়াল পিউ, দুলালকান্তি দাশ, নাজমুল হোসেন, মুনির হোসেইন, দীপ্র বণিক, সুলতানা বীথি। গান-কবিতায় উপস্থিত ছিলেন জয়দেব কর ও কুয়াশা মূর্খ।
মাহফুজ রাসেল বলেন, বুদ্ধিমত্তা ও জ্ঞানের নিরিখে মানুষ প্রকৃতির মধ্যে শক্তিমত্তা ধারণ করে বলেই তার দায়দায়িত্ব শুধুই আত্মকেন্দ্রিক হতে পারে না। নিজেকে ও অন্যকে ভালো রাখতে হলে সব সত্তার প্রতি তার দায়িত্বশীল হওয়া প্রধান কাজ।