স্ট্রিমার কারা, কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররা

লাইভ স্ট্রিমিং এখন আর শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং অনেকের কাছে এটি হয়ে উঠেছে পেশা ও আয়ের নতুন পথ। গেমিং থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত—সবকিছুই সরাসরি সম্প্রচারের মাধ্যমে দর্শকের কাছে তুলে ধরছেন অনেক কনটেন্ট ক্রিয়েটর।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান সময়ে স্পিডের মতো অনেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরই স্ট্রিমিংকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন
ছবি: এক্স থেকে

আইশোস্পিডকে চেনেন? আপনি না চিনলেও ক্ষতি নেই। বাড়ির ছোট ভাই-বোন কিংবা সন্তানকে জিজ্ঞেস করে দেখুন, এক নামেই চিনে ফেলবে। মার্কিন এই তরুণের আসল নাম ড্যারেন জেসন ওয়াটকিনস জুনিয়র। তবে এ নামে তাঁকে খুব কম মানুষই চেনেন। দুনিয়াজুড়ে কোটি তরুণ তাঁকে চেনেন শুধু ‘স্পিড’ নামে।

কোথায় নেই স্পিড! একসময় ক্যামেরার সামনে বসে ঘণ্টার পর ঘণ্টা ভিডিও গেম খেলতেন। সেখান থেকেই জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন। ফুটবল বিশ্বকাপ থেকে শুরু করে ব্যালন ডি’অরের মঞ্চ, সব জায়গায়ই এখন তাঁকে দেখা যায়। সম্প্রতি মুক্তি পাওয়া ভিডিও গেম ‘জিটিএ সিক্স’ খেলেছেন টানা ৫২ ঘণ্টা। দীর্ঘ এই গেমিং সেশনও সরাসরি সম্প্রচার করেছেন দর্শকের জন্য। ভাবুন তো, একজনের ঘণ্টার পর ঘণ্টা ভিডিও গেম খেলাও এখন অন্যদের কাছে বিনোদনের বিষয়!

বর্তমান সময়ের অনেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরই স্ট্রিমিংকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। দৈনন্দিন জীবনে যা করছেন, তা-ই সরাসরি দেখাচ্ছেন দর্শককে। সেটা বিশ্বকাপের খেলা দেখতে যাওয়া হোক কিংবা নিজের ঘরে বসে ভিডিও গেম খেলা। শুধু স্পিড নন, তাঁর মতো লাখ লাখ মানুষ নিয়মিত স্ট্রিমিং করছেন। ডিজিটাল দুনিয়ায় এটি এখন আয়ের অন্যতম মাধ্যম, আর তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এক বিনোদন।

আরও পড়ুন

স্ট্রিমিং এত জনপ্রিয় কেন

সিনেমা, টেলিভিশনের অধিকাংশ অনুষ্ঠান কিংবা ইউটিউবের ধারণ করা ভিডিও দর্শকের সামনে আসে অনেক কাটাছেঁড়া ও সম্পাদনার পর। কিন্তু লাইভ স্ট্রিমিংয়ে সে সুযোগ নেই বললেই চলে। স্ট্রিমারের হাসি, রাগ, ভুলভ্রান্তি কিংবা আবেগ, সবকিছুই দর্শক দেখতে পান প্রায় তাৎক্ষণিকভাবে। এই অকৃত্রিমতাই তরুণদের বেশি টানে।

এ ছাড়া টেলিভিশনের পর্দায় কিংবা ইউটিউবের ভিডিওতে যাঁদের দেখা যায়, তাঁদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ খুব একটা থাকে না।

কিন্তু স্ট্রিমারদের সঙ্গে দর্শক সরাসরি কথা বলতে পারেন। লাইভ চ্যাটে কোনো মন্তব্য বা প্রশ্ন করলে স্ট্রিমার অনেক সময় সঙ্গে সঙ্গেই তার উত্তর দেন। এতে দর্শকের মনে হতে পারে, তিনি যেন পুরোনো কোনো বন্ধুর সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন।

নিয়মিত একই স্ট্রিমারের সম্প্রচার দেখতে দেখতে দর্শকের মধ্যেও পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। তৈরি হয় নিজস্ব এক অনুরাগী গোষ্ঠী। শুধু বিনোদনের জন্য নয়, পরিচিত মানুষদের সঙ্গে সময় কাটাতেও অনেকে বারবার ফিরে আসেন প্রিয় স্ট্রিমারের লাইভে।

কেন স্ট্রিমিংয়ের দিকে ঝুঁকছেন কনটেন্ট ক্রিয়েটররা

একটি ভিডিও তৈরি করতে পরিকল্পনা, চিত্রধারণ, সম্পাদনাসহ নানা ধাপ পেরোতে হয়। সে তুলনায় লাইভ স্ট্রিমিংয়ে আগে থেকে ভিডিও ধারণ ও সম্পাদনার প্রয়োজন নেই। নিজের দৈনন্দিন কাজ কিংবা পছন্দের কোনো বিষয় নিয়েই দর্শকের সামনে হাজির হতে পারেন একজন স্ট্রিমার।

স্ট্রিমিংয়ের দিকে ঝোঁকার আরেকটি বড় কারণ আয়ের সুযোগ। বিজ্ঞাপন, দর্শকের দেওয়া অনুদান, অর্থের বিনিময়ে চ্যানেলের সদস্যপদ, বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা ও পণ্যের প্রচার থেকে আয় করতে পারেন স্ট্রিমাররা। দর্শকের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকায় তাঁদের আস্থা ও আনুগত্য অর্জনেরও সুযোগ থাকে বেশি।

তবে স্ট্রিমিং শুরু করলেই যে আয় হবে, এমন নয়। নিয়মিত সম্প্রচার, দর্শককে ধরে রাখার দক্ষতা এবং নিজস্ব পরিচয় তৈরি করা এ পেশায় সফল হওয়ার জন্য জরুরি।

আরও পড়ুন
স্ট্রিমার হিসেবে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন স্পিড
ছবি: এক্স থেকে

স্ট্রিমিং করবেন কোথায়

ইউটিউব, টুইচ, কিক থেকে শুরু করে ফেসবুক, এক্স, এমনকি টিকটকেও লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ আছে।স্ট্রিমিং শুরু করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন হয় না। একটি কম্পিউটার বা স্মার্টফোন, ভালো গতির ইন্টারনেট সংযোগ আর একটি মাইক্রোফোন থাকলেই ঘরে বসে শুরু করা যায়।

অবশ্য যে প্ল্যাটফর্মে স্ট্রিমিং করবেন, সেখানে অ্যাকাউন্ট থাকার পাশাপাশি লাইভ সম্প্রচারের প্রয়োজনীয় শর্তও পূরণ করতে হবে। চাইলে পরিচিত মাধ্যম ফেসবুকের লাইভ দিয়েই শুরু করতে পারেন স্ট্রিমিংয়ের যাত্রা।

আরও পড়ুন