যে ডায়েটে খাবারের কোনো বাঁধাধরা নিয়ম নেই
বডিবিল্ডারদের হাত ধরে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে কার্ব-সাইক্লিং ডায়েটিং। স্বাস্থ্যসচেতন অনেকেই আস্তে আস্তে ঝুঁকে পড়ছেন কার্ব-সাইক্লিং ডায়েটের দিকে। কিন্তু এ ডায়েটিং আপনার স্বাস্থ্যের জন্য ঠিক কতটা উপকারী?
শরীরে জমে থাকা মেদ ঝরানোর জন্য শুধু শরীরচর্চাই যথেষ্ট নয়। শরীরচর্চার সঙ্গে সঙ্গে প্রত্যেককেই নিয়মিত ডায়েট পদ্ধতি মেনে চলতে হয়। মেদ কমানোর জন্য অনেকেই এখন বেছে নিচ্ছেন কার্ব-সাইক্লিং ডায়েটিং। এই ডায়েটিংকে জনপ্রিয় করার পেছনে বডিবিল্ডারদের বড় হাত রয়েছে। ২০১৭ সালের একটি সমীক্ষা অনুযায়ী, প্রতিযোগিতামূলক বডিবিল্ডারদের বেশির ভাগই কার্বোহাইড্রেট রিফিড ব্যবহার করেন। এটি যেমন তাদের শক্তি ধরে রাখে, তেমনই ভবিষ্যতের জন্য নিজেদের তৈরিও করে।
কার্ব–সাইক্লিং কী
কার্ব-সাইক্লিং একটি রুটিনের মতো, যেখানে ব্যক্তি তাঁর দিনের কাজ এবং ওয়ার্ক আউটের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ক্যালোরি গ্রহণ করেন। এই ডায়েটে খাবারকে তিনটি ভাগে ভাগ করা হয়। হাই–কার্ব, লো–কার্ব ও নো–কার্ব। যেদিন কার্বোহাইড্রেট বেশি গ্রহণ করবেন, সেদিন ফ্যাট আর প্রোটিনের পরিমাণ কম থাকবে। লো–কার্ব ডায়েটের দিন কার্বোহাইড্রেট থাকবে সামান্য আর নো–কার্ব ডায়েটের দিন কোনো কার্বোহাইড্রেটই থাকবে না, শুধুই ফ্যাট আর প্রোটিন।
ধরা যাক, কোনো একজন ব্যক্তি সপ্তাহের শনি, সোম, বুধ ও বৃহস্পতিবার হাই–কার্ব ডায়েট গ্রহণ করবেন। আর রবি ও মঙ্গলবার লো–কার্ব ডায়েট। অন্যদিকে শুক্রবার নো–কার্ব। সপ্তাহ, মাস অনুযায়ী এই ডায়েট ভাগ করে নেওয়া যায়। তবে তার আগে অবশ্যই একজন পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করা জরুরি। কারণ, লো–কার্ব ডায়েট হচ্ছে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে প্রোটিন ও ফ্যাটজাতীয় খাবার বেশি খাওয়া।
এতে করে লো–কার্বোহাইড্রেট গ্রহণের দিনে শরীর ফ্যাট-বার্নিং অবস্থায় চলে যায়, পর্যাপ্ত ক্যালরি না পেয়ে শরীর নিজের মেদ খরচ করে কাজ চালিয়ে যায়। অন্যদিকে হাই–কার্বোহাইড্রেট গ্রহণের দিনে শরীর নিজের মেটাবলিজম ঠিক করে। শরীর যখন খেয়াল করবে, তার কাজ করার জন্য পর্যাপ্ত শক্তি শরীরে নেই, তখন শরীরে জমে থাকা ফ্যাট বার্ন করে নিজের দৈনন্দিন কাজ চালিয়ে যায়।
ডায়েটের শুরুতেই সবাই যে প্রশ্নটা করে তা হলো, শরীর সুস্থ রাখতে কোন কোন খাবার খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে? কার্ব–সাইক্লিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো, খাবারের কোনো বাঁধাধরা নিয়ম নেই। যেকোনো খাবার খেতে চাইলে বাধা দেওয়ার মতো কেউ নেই। প্রতিদিনের জন্য নির্দিষ্ট পরিমাণ ক্যালরি বরাদ্দ থাকে, সেই ক্যালরির পরিমাণ ছাড়িয়ে না গেলে যেকোনো খাবার খেতে বাধা নেই কোনো।
কার্বোহাইড্রেট সাইকেল বনাম উপবাস
অনেকে কার্বোহাইড্রেট সাইকেলের সঙ্গে কিটো ডায়েট কিংবা বিরতিহীন উপবাসকে মিলিয়ে ফেলেন। বলা বাহুল্য, বাকি দুটি ডায়েটের সঙ্গে কার্বোহাইড্রেট সাইকেলের বিস্তর তফাৎ। উপবাসের ক্ষেত্রে ডায়েটকারীকে টানা প্রায় আট ঘণ্টা খালি পেটে থাকতে হয়। কিছু ক্ষেত্রে শুধু পানি বা গ্রিন টি খেয়ে সময়টা পার করেন তাঁরা। কিন্তু কার্বোহাইড্রেট সাইক্লিংয়ে প্রতিদিনই ক্যালোরির পরিমাণ অনুযায়ী খাদ্য গ্রহণ করতে পারেন। যে কারণে না খেয়ে থাকার কারণে তৈরি হওয়া শারীরবৃত্তীয় সমস্যার দেখা মিলে না বললেই চলে।
কার্বোহাইড্রেটের সুবিধা-অসুবিধা
লো–কার্বোহাইড্রেট ডায়েট সুগার লেভেল কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি কমায়। এ ছাড়া ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য কার্বোহাইড্রেট–সাইক্লিং শরীরে টক্সিনের মাত্রা কমাতে সাহায্য করে। যাঁদের স্থূলতার সমস্যা আছে, তাদের জন্যও এই ডায়েট বিশেষ উপকারী।
তবে এই ডায়েটে যাওয়ার আগে কিছু বিষয়ে সতর্ক হতে হবে। উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যা থাকলে কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত। এ ছাড়া সারা দিন ভারী কাজকর্ম করেন, এমন কারও জন্য ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়া লো-কার্ব–সাইক্লিং শুরু করা উচিত নয়।