শেষ ভালো যার...

যে দলের সমর্থকই হন না কেন, লিওনেল মেসির খেলা ফুটবল-ভক্তমাত্রকেই মুগ্ধ করে। কিংবদন্তিতুল্য এই ফুটবলারের বিশ্বকাপ শেষ হচ্ছে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। শিরোপা শেষ পর্যন্ত যাঁর হাতেই উঠুক, জাদুকরি কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য তাঁকে টুপিখোলা অভিবাদন জানানোই যায়। তাই মেসির কাছে খোলা চিঠি আহ্বান করেছিলাম আমরা। এখানে পড়ুন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে রাব্বীর লেখা।

মেসি, আজ না হলে আর কখনোই নয়!
ছবি: রয়টার্স

২০০৬ সাল। তখন তৃতীয় শ্রেণিতে পড়ি। আমার সমবয়সী এক কাজিনের কাছে প্রথম শুনেছিলাম আর্জেন্টিনা ও মেসির কথা। কেন যেন নামটাই খুব ভালো লেগেছিল। এর পর থেকে তোমাকে আর আর্জেন্টিনাকে সাপোর্ট করা। টিভিতে দেখলাম লম্বা চুল রাখা ছেলেটা তুমি, যে বল পেলেই বল নিয়ে দেয় ছুট।

ধীরে ধীরে বড় হতে লাগলাম। তোমাকে চিনতে থাকলাম। ২০০৮–এ অলিম্পিক গেমসের স্বর্ণজয়টা আমার এখনো মনে আছে। মেডেল হাতে তোমার আর আগুয়েরোর দুষ্টুমিমাখা হাসিটা এখনো চোখে লেগে আছে। ২০১০ সালে জার্মানির সঙ্গে ফাইনালে হারার পর মন খারাপ হয়েছিল খুব।

২০১৪ সাল। তখন রমজান মাস। সারা রাত জেগে ছিলাম তোমার হাতে বিশ্বকাপ দেখব বলে। কিন্তু সেরা খেলাটা খেলেও জিতলে শুধু গোল্ডেন বল। তুমি তো চেয়েছিলে বিশ্বকাপ। এরপর ২০১৫, ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে হার! মনে হচ্ছিল মেসির কী দোষ? দেশের হয়ে একটা কাপও কি ওর জেতা হবে না?

বয়স যত বাড়ছে তোমার, তুমি যেন ততই শক্তিশালী হচ্ছ। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মধ্যে দিয়ে প্রথম দেশের হয়ে আন্তর্জাতিক ট্রফির স্বাদ পাওয়া হলো। এই বছর ইতালির বিপক্ষে ফিনালিসিমা জেতার মাধ্যমে এল দ্বিতীয় ট্রফি।

আর মাত্র একটা ম্যাচ। কথায় আছে, ‘শেষ ভালো যার, সব ভালো তার।’ সেই চেনা মঞ্চ, ২০১৪ সালে যেখান থেকে তোমাকে খালি হাতে ফিরতে হয়েছিল। এবার আশা করি খালি হাতে ফিরবে না। আমার বাবা যেভাবে আমাকে ম্যারাডোনার কথা বলে, আমিও আমার ভবিষ্যৎ প্রজন্মকে বলতে চাই, ‘আমাদের একজন মেসি ছিল...।’

ফজলে রাব্বী
ছবি: সংগৃহীত