‘আমরা আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার সফল আয়োজক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব ২০২৩’। এ উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তাঁদের ভাবনা জানিয়েছেন। এখানে পড়ুন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য কামরুল আহসান এর বক্তব্য।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য কামরুল আহসান
ছবি: সংগৃহীত

যাত্রার শুরু থেকেই ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) জ্ঞান সৃষ্টির প্রত্যয়ে দৃঢ়প্রতিজ্ঞ। ‘কমিটেড টু এক্সিলেন্স’ এই বিশ্ববিদ্যালয়ের প্রতিপাদ্য। আমরা শুধু সিজিপিএ নির্ভর স্নাতক তৈরি করছি না। ইউএপি শুদ্ধ মানুষ তৈরিতে বিশ্বাসী, মানবকল্যাণে যাঁরা জ্ঞানের বিস্তৃতি ঘটাবেন।

অগ্রজদের অনুপ্রেরণায় অনুজদের যাত্রা

পাঠ্যক্রমে দক্ষতাভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে আমরা সামগ্রিক কার্যক্রম পরিচালনা করছি। আমাদের স্নাতকেরা দেশ-বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বর্তমান সরকারের প্রায় সব মেগা প্রকল্পেই আমাদের স্নাতকেরা কাজ করছে। তথ্যপ্রযুক্তি খাতেও অবদান রাখছেন তারা। কেউ কেউ স্টার্টআপ কোম্পানি গড়ে তুলে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করছে। বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের বর্তমান সচিব মুহাম্মদ মাহবুবুল হক, সুইডেনের ক্রিকেট বোর্ডের সচিব মোহাম্মাদ আতিকুর রহমান আমাদের গর্বিত অ্যালামনাই।

ইউএপির শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করেছে। সম্প্রতি ইউএপির আইন বিভাগের শিক্ষার্থীরা ফিলিপ সি জেসআপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট কম্পিটিশন ২০২৩-এ ষষ্ঠ এবং বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে তৃতীয় স্থান অর্জন করেছে। স্থাপত্য বিভাগের এক শিক্ষার্থী স্থাপত্যের দুনিয়ায় অন্যতম উল্লেখযোগ্য পুরস্কার তামাউজ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২-এ সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। একই বিভাগের আরেক শিক্ষার্থী আর্কএশিয়া স্টুডেন্ট জাম্বুরি ২০২৩-এর একজন শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে তৃতীয় স্থান অর্জন করেছে। শিক্ষার্থীদের এ ধরনের প্রতিযোগিতা, আয়োজনে অংশ নিতে আমরা সব সময় উৎসাহ দিই।

সীমানা পেরিয়ে

আমাদের প্রতিটি বিভাগে প্রথিতযশা শিক্ষক আছেন, যাঁদের কাজ ও গবেষণা দেশে-বিদেশে স্বীকৃতি ও সুনাম অর্জন করেছে। ইউএপির বার্ষিক বাজেটের ২-৩ শতাংশ গবেষণায় বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে গবেষণা তহবিল সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রমকে বেগবান করছি। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে এক হয়েও যৌথ গবেষণা চালিয়ে যাচ্ছি।

যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়াসহ একাধিক দেশের নামীদামি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের যুক্ততা আছে। যেমন ইউএপিতে ইউনেসকো মদনজিৎ সিং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল এবং হিউম্যান রাইটস স্টাডিজ নামে আন্তর্জাতিক প্রোগ্রাম চালু আছে। বর্তমানে ভারত ও ভুটান থেকে দুজন করে মোট চারজন বিদেশি শিক্ষার্থী এই প্রোগ্রামের অধীনে ইউএপিতে পড়ছে।

সংবাদ সম্মেলনে আইসিপিসি ফাউন্ডশনের প্রেসিডেন্ট উইলিয়াম বি পাউচার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন

বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) চূড়ান্ত পর্ব সফলভাবে আয়োজন করেছি, ৭০টিরও বেশি দেশ থেকে প্রায় দেড় হাজার প্রতিযোগী যেখানে অংশ নিয়েছিলেন। বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার ৪৫তম আয়োজক হতে পারাটা আমাদের জন্য বড় গৌরবের বিষয়। সফল আয়োজনের স্বীকৃতিস্বরূপ আইসিপিসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আইসিপিসির সভাপতি ড. উইলিয়াম বি পাউচার ইউএপিকে ‘আইসিপিসি জামিলুর রেজা চৌধুরী বৃত্তি’ প্রদান করে, যার পরিমাণ ৫০ হাজার ডলার।

অংশগ্রহণমূলক (পারটিসিপেটরি) বা অবদানমূলক (কন্ট্রিবিউটিং) শিখনপদ্ধতিকে সামনে রেখে আমরা আমাদের কোর্সগুলোকে নতুন করে তৈরি করছি। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমরা সংযোগ বাড়াচ্ছি, যেন কর্মজীবনে প্রবেশের পথটা শিক্ষার্থীদের জন্য সহজ হয়। ভবিষ্যতে এমন কিছু প্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হবে, যেন শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের তুলে ধরতে পারে।

আরও পড়ুন
আরও পড়ুন