বসকে ‘না’ বলবেন যেভাবে
হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ‘বহুব্রীহি’তে একটা চরিত্র ছিল ‘ডাক্তার’ নামে। অভিনেতা আফজাল হোসেন অভিনয় করেছিলেন ওই চরিত্রে। ওই ডাক্তার মুখ ফুটে ‘না’ বলতে পারতেন না। বাস্তবেও একই অবস্থার সম্মুখীন হন অনেকে। কখনো পরিস্থিতির চাপে কিংবা লাজুক স্বভাবের কারণে না বলা যেন অসম্ভব ব্যাপার কারও কারও কাছে। তাই আসুন, জেনে নেওয়া যাক, কীভাবে না বলবেন।
‘না’ বলা এত কঠিন কেন
ছোটবেলা থেকেই শিশুদের শেখানো হয় নম্র-ভদ্র হতে। ‘না’ বলাকে ধরা হয় দুর্বলতা কিংবা অভদ্রতা হিসেবে। যে কারণে ছোটবেলা থেকেই আমাদের মধ্যে না বলার ক্ষমতা খুব কম। পরবর্তী সময়ে অনেকেই এই অভ্যাস আর কাটিয়ে উঠতে পারে না। না বলতে না পারার আরেকটা কারণ আত্মবিশ্বাসের ঘাটতি। নিজের যোগ্যতা নিয়ে অনেকেই হীনম্মন্যতায় ভোগেন। তাই যখন তাঁর ওপর কোনো কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়, নিজেকে প্রমাণের জন্য আয়ত্তের বাইরে গিয়ে হলেও কাজটা করার চেষ্টা করেন অনেকে। সেখান থেকেই না বলতে না পারার অভ্যাস পোক্ত হতে থাকে অনেকের ভেতরে।
কেন ‘না’ বলা গুরুত্বপূর্ণ
প্রতিদিনের কাজ শেষে অবসর আমাদের জন্য জরুরি। কাজের চাপে অনেকেরই দম ফেলার ফুরসত থাকে না। ফলে বাড়তি কাজ যোগ হলে নিজের জন্য আর সময় থাকে না বললেই চলে। কাজের চাপে ‘বার্নআউট’ হওয়ার আশঙ্কাও কম নয়। এ ছাড়া অন্যের কাজ করতে গেলে বিফল হলেও বিপদ। সব সময় ‘হ্যাঁ’ বলা ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রেও বড় বাধা। পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরাও জানেন, তাঁদের সীমাবদ্ধতা ঠিক কোথায়। নিজের সীমাবদ্ধতা জেনে কাজ করলে মানসিক-শারীরিক, উভয় দিকেই চাঙা থাকা সহজ।
কীভাবে ‘না’ বলবেন
১. বুদ্ধি খাটান
অফিসের জ্যেষ্ঠ কারও কিংবা বসের অনুরোধ অনেক সময় ফেলা সম্ভব হয় না। গিলতে হয় অনুরোধের ঢেঁকি। কিন্তু কিছু কিছু সময় না বলা সম্ভব। সরাসরি না বলা অনেক ক্ষেত্রে শোভনীয় না হলে বুদ্ধি খাটান।
২. কাজের ব্যস্ততা দেখান
নিজের কাজের ব্যস্ততা না থাকলেও ব্যস্ততা তৈরি করুন। পাশের মানুষটিকে বোঝান, ব্যস্ততার কারণে এখন আপনার পক্ষে কাজটা করা অসম্ভব।
৩. নম্রতা দেখান
ভাষার ব্যবহার এবং কথা বলার ধরনের ওপর নির্ভর করে অপর পক্ষের মানুষটা ব্যাপারটা ঠিক কীভাবে নিচ্ছে। এমনভাবে তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করুন, যাতে তাঁর মনে হয় কাজটা না করতে পেরে আপনিও বেশ দুঃখিত।
৪. ধন্যবাদ দিন
কেউ একটা কাজ করে দিতে বললে তাঁকে বলুন, ‘এই কাজের জন্য আমাকে স্মরণ করেছেন বলে ধন্যবাদ!’ কৃতজ্ঞতা প্রকাশ করলে ঠকবেন না। কাজটা করে না দিলেও বিষয়টা অপর পক্ষের কাছে মোটেও ‘বেয়াদবি’ কিংবা ‘অসহযোগিতা’ বলে মনে হবে না।
৫. নিজের সীমাবদ্ধতা জানান
অপর পক্ষে একটা কাজ দিলে সেটা যদি আপনার অভিজ্ঞতার বাইরে হয়, তাহলে তা সোজাসাপ্টা জানিয়ে দিন। আপনি কাজটা করলে যে ফল ইতিবাচক না হওয়ার আশঙ্কাই বেশি, সেটাও জানান। মনে রাখবেন, ‘না’ বলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সৎ ও নম্র থাকা। এসব থাকলে নিজের জায়গায় ঠিক থেকে না বললেও নেতিবাচক কোনো প্রভাব আপনার জীবনে পড়বে না।