আব্বার জন্য কিছুই তো করা হলো না

আগামীকাল বাবা দিবস। দিনটি উপলক্ষে বাবাকে শ্রদ্ধা জানাতে পাঠকের কাছে লেখা চেয়েছিল ‘ছুটির দিনে’। আমাদের আহ্বানে সাড়া দিয়ে লেখা পাঠিয়েছেন বিপুল পাঠক। নির্বাচিত একটি লেখা পড়ুন এখানে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: আরাফাত করিম

সবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আব্বার চাকরির সুবাদে আমরা সোবহানবাগ জুট কোয়ার্টারে থাকি। বাসা থেকেই রিকশায় ক্যাম্পাসে যাতায়াত করি। রিকশায় যাওয়া-আসা আর টিফিন বাবদ বাসা থেকে রোজ ৭০ টাকা বরাদ্দ ছিল। তবে ক্লাস না থাকলে সেই টাকা দেওয়া হতো না। এক মাস এভাবে চলার পর বুঝতে পারলাম দৈনিক হারে টাকা নিলে লস। নীলক্ষেতের পুরোনো গল্পের বই আর তেহারি, নিউমার্কেটের কানের দুল, টিপের পাতা, জিলাপি আর লাচ্ছি খাওয়ার জন্য হাতে কিছু থাকে না। তাই পরের মাস শুরুর আগেই আব্বাকে বাজেট দিয়ে বললাম, ‘৭০ গুণ ৩০ পুরো মাসের জন্য মোট ২ হাজার ১০০ টাকা একবারে দাও। সঙ্গে অন্যান্য খরচ বাবদ আরও ৪০০ টাকা দিও।’

মুখ গম্ভীর করে আব্বা জানতে চাইল, ‘শুক্র-শনিও কী ইউনিভার্সিটি খোলা থাকে নাকি?’

বললাম, ‘তা তো থাকে না।’

আব্বা বলল, ‘তাহলে আট দিনের টাকা মাইনাস কর। ওই টাকাই তোর অন্যান্য খরচ।’

‘আব্বা ১০-২০ টাকার ফটোকপি তো প্রায় প্রতিদিনই করতে হয়। এ জন্য কি প্রতিদিন হাত পেতে আম্মার কাছে টাকা চাওয়া যায়! তা ছাড়া খাতাকলমের পয়সা তো ধরিইনি। তোমার মুখের দিকে তাকিয়ে মিনিমাম বাজেট দিয়েছি। একটা কথা মনে রেখো আব্বা—যত গুড় তত মিষ্টি, যত ইনভেস্টমেন্ট তত প্রফিট। এরপর খালি রেজাল্ট দেখবা আর খুশিতে বুক চাপড়াবা!’ আমি বললাম।

অতি কষ্টে ঘাড় সামান্য কাত করে সম্মতি দিলেন আব্বা।

তারপর থেকে দিনকাল ভালোই যেতে লাগল। হিসেবে করে প্রতি সপ্তাহে নানা অজুহাতে এক–দুই দিন ক্লাস কামাই দিতাম। এই যেমন পেট কামড়ানো, দাঁতে ব্যথা, মাথাব্যথা ইত্যাদি। টাকাপয়সা ভালোই বাঁচতে থাকল। তার ওপর অনেক দিন আবার ক্যাম্পাস থেকে ফেরার ভাড়াটাও লাগত না। ক্লাস শেষে রিকশায়ে বাড়ি ফেরার পথে প্রায়ই দেখতাম দুপুরের খাবার খেতে মসজিদ থেকে বেড়িয়ে বাসার দিকে যাচ্ছেন আব্বা। অমনি রিকশাওয়ালাকে বলতাম, ‘ওই যে ওই চাচামিয়ার সামনে গিয়ে রাখেন, উনি আমার আব্বা, তাঁকে রিকশায় তুলে নেন।’ রিকশাওয়ালাও বিদ্যুৎবেগে আব্বার সামনে গিয়ে রিকশা রাখতেন।

বলতাম, ‘আব্বা ওঠো।’

আব্বা ঘাড় না ঘুরিয়েই আঙুল উঁচিয়ে বলতেন, ‘দুই কদম হাঁটলেই তো বাসা। রিকশায় ওঠার দরকার কী।’

তারপরও প্রায় জোরাজুরি করে আব্বাকে রিকশায় তুলতাম। বাসার সামনে রিকশা এসে থামলেই আমি দৌড়ে ওপরে উঠে যেতাম। আব্বা রিকশাচালককে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করত, ‘ভাড়া কত?’ তারপর প‍্যান্টের পকেট হাতড়ে গুনে গুনে পঁচিশ টাকা রিকশাওয়ালাকে দিয়ে বাসায় ঢুকতেন আব্বা।

মধ‍্যচল্লিশে এসে আব্বাকে বোকা বানানোর সেই আনন্দটা এখন আর অনুভব করতে পারি না। এখন শুধুই মনে হয়, আব্বার জন্য কিছুই তো করা হলো না।