সুপার বোলে রিয়ানাকে দেখে চমকে উঠল পুরো বিশ্ব

পা থেকে মাথা পর্যন্ত লাল রঙের পোশাকেই গান পরিবেশন করেন রিয়ানাছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অনুষ্ঠিত ৫৭তম সুপার বোলে নতুন কাহিনির জন্ম দিলেন সংগীতশিল্পী রিয়ানা। খেলার অর্ধেক সময় পার হলে প্রতিবছরই নামকরা গায়ক-গায়িকারা দর্শকদের চোখ ধাঁধিয়ে গান উপস্থাপন করেন। গতকাল লাল রঙের জাম্পস্যুট পরে মঞ্চে উঠে ছিলেন রিয়ানা। পারফরম্যান্সের শুরুতেই দর্শকদের অবাক করে দিয়ে জ্যাকেটের চেন খুলে ফেলেন রিয়ানা। নিজের পেটে হাত বোলাতে বোলাতে পোশাকের আবরণ সরিয়ে দেখালেন, বোঝা গেল দ্বিতীয়বারের মতো তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি সম্পর্কে কোনো কথা না বলে এভাবেই নিরবে ব্যক্তিগত ঘোষণাটি দিলেন রিয়ানা। তারপর ‘ডায়মন্ডস’ ও ‘আমব্রেলা’র মতো জনপ্রিয় গান পরিবেশন করে মঞ্চ থেকে নেমে যান। এই প্রথম গর্ভে সন্তান নিয়ে সুপার বোলের হাফ টাইমে পারফর্ম করলেন কেউ।

ছয় বছর পর কোনো অনুষ্ঠানে দর্শকদের সামনে সরাসরি গান গান রিয়ানা
ছবি: সংগৃহীত

গান পরিবেশনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ছড়িয়ে পড়ে রিয়ানার ছবি। অন্তঃসত্ত্বা হলেও এক সেকেন্ডের জন্যও গান বা নাচ পরিবেশন থেকে বিরত থাকেননি। অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই পোশাকে ছিল না কোনো বাহুল্য। তাঁর জন্য বিশেষভাবে পোশাকটি তৈরি করেছে বিলাসবহুল ব্র্যান্ড লোয়েভে ও আলায়া। মাথা থেকে পা পর্যন্ত লাল রঙেই আবৃত ছিলেন তিনি। পায়ে ছিল একজোড়া আরামদায়ক লাল স্নিকার। ১৩ মিনিটের গান পরিবেশনের সময় তিনটি পোশাক পরেছিলেন রিয়ানা। রিয়ানার পুরো বিষয়টি মাথায় রেখেই পোশাকটি ডিজাইন করেছেন স্প্যানিশ লেবেল লোয়েভের সৃজনশীল পরিচালক জোনাথন অ্যান্ডারসন। এ বছর বসন্তের জন্য তৈরি করা পোশাকের সংগ্রহ থেকে একটি লাল রঙের ব্রেস্টপ্লেট পরেছিলেন জাম্পস্যুটের ওপর। স্পোর্ট শু ব্র্যান্ড মেস্যন মার্জিলার এক জোড়া লাল স্নিকার্সের মাধ্যমে পুরো সাজটি সম্পূর্ণ হয়েছিল। ব্র্যান্ড আলায়ার গ্লাভস ও একটি চামড়ার ফোলানো স্কার্ফ পরেছিলেন। গান পরিবেশনের একদম শেষ পর্যায়ে তিনি আলায়া ব্র্যান্ডের চামড়ার তৈরি ফোলানো লম্বা জ্যাকেটও পরেন।

গান পরিবেশনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ছড়িয়ে পড়ে রিয়ানার ছবি
ছবি: সংগৃহীত

ছয় বছরের মধ্যে রিয়ানার এটি প্রথম দর্শকদের সামনে সরাসরি গান পরিবেশন। সবচেয়ে মজার বিষয় হলো, নিজের ব্র্যান্ডের কোনো পোশাক পরেননি রিয়ানা। বরং তাঁর পেছনে যাঁরা নাচছিলেন, রিয়ানার নিজস্ব ব্র্যান্ড স্যাভেজ ও ফেনটি লাইনের অন্তর্বাস পরেছিলেন তাঁরা। নর্তকীদের মাথা ঢাকা সাদা জ্যাকেটের সামনের অংশটুকু খোলা রাখার কারণে সহজেই সেটা বোঝা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়ানার এই ব্র্যান্ড কিছুক্ষণের মধ্যেই ঘোষণা দেয় এই অন্তর্বাসগুলো বিক্রির জন্য পাওয়া যাচ্ছে। ২০২২ সালের মে মাসে প্রথম সন্তানের জন্ম দেন রিয়ানা।