বাংলাদেশের দুই প্রতিযোগী পেয়েছেন ২০–এ ২০, দুজনই হয়েছেন তৃতীয়
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা ও জ্যোতির্পদার্থবিদ্যা প্রতিযোগিতা (ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস কম্পিটিশন বা আইএএসি) হয় অনলাইনে। পৃথিবীর নানা প্রান্ত থেকে পদার্থ ও জ্যোতির্বিজ্ঞানপ্রেমীরা তাতে অংশ নেন। এবার অংশ নিয়েছিলেন সাড়ে চার হাজার প্রতিযোগী। পুরস্কার পেয়েছেন বাংলাদেশের দুই শিক্ষার্থী জামিল হক সিদ্দিকী ও সুফিয়ান মুরাদ। বিস্তারিত শুনেছেন তানভীর রহমান
‘আন্তর্জাতিক পর্যায়ে তৃতীয় হয়ে আমি খুব খুশি’
পদার্থবিজ্ঞানের প্রতি আগে থেকেই দুর্বলতা ছিল। কিন্তু অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতামূলক আসরে কখনো অংশ নেওয়া হয়নি। কারণটা নিজেই খোলাসা করলেন জামিল হক সিদ্দিকী, ‘আমার মনে হতো, প্রতিযোগিতাকে বেশি গুরুত্ব দিলে পদার্থবিজ্ঞানের প্রতি যে ভালোবাসা আছে, তা হারিয়ে ফেলব।’ তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা ও জ্যোতির্পদার্থবিদ্যা প্রতিযোগিতার নিয়মকানুন দেখে আগ্রহী হন ‘এ লেভেল’ পড়ুয়া এই শিক্ষার্থী। জামিল জানান, পুরো প্রতিযোগিতা যেহেতু অনলাইনে হয় এবং বেশ সময় পাওয়া যায়, তাই বাড়িতে বসে দৈনন্দিন কাজের ফাঁকে যে কেউ এতে অংশ নিতে পারেন। ফেসবুকের মাধ্যমে এসব সুযোগ-সুবিধার খোঁজ পেয়ে আবেদন করে ফেলেন তিনি।
বছর দুয়েক আগে প্রথম এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন জামিল। সেবার সফল না হলেও অনেক কিছু শিখেছিলেন। সেই অভিজ্ঞতাই এবার কাজে দিল। এ বছর ইয়ুথ ক্যাটাগরিতে অংশ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তৃতীয় হয়েছেন তিনি। পরীক্ষায় পেয়েছেন ২০–এ ২০। জামিল বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে তৃতীয় হয়ে আমি খুব খুশি। শেখার আগ্রহ না থাকলে কখনোই এত ভালো করতে পারতাম না।’
তিনটি ধাপে সম্পন্ন হয় এই প্রতিযোগিতা। কোয়ালিফিকেশন রাউন্ড, প্রিফাইনাল রাউন্ড এবং ফাইনাল রাউন্ড। ‘ওপেন বুক এক্সাম’–এর মতো অংশগ্রহণকারীরা ইন্টারনেট বা বই ঘেঁটে উত্তর দিতে পারেন। তবে ফাঁকিবাজির কোনো উপায় নেই। প্রশ্নগুলো এমনভাবে করা হয় যে মাথা খাটিয়ে উত্তর করা ছাড়া উপায় থাকে না।
আলাদা কোনো সিলেবাস যেহেতু নেই, তাই জ্যোতির্পদার্থবিদ্যা সম্পর্কে আগে থেকে ধারণা থাকলে সুবিধা হয় বলে জানালেন জামিল। আগামী বছর বিশ্ববিদ্যালয়জীবনে পা রাখবেন এই তরুণ। জানালেন, পদার্থবিজ্ঞান বা গণিত নিয়েই পড়তে চান। ভবিষ্যতে একজন গবেষক হতে চান।
জাতীয় পর্যায়ে প্রথম হয়েছেন মুরাদ
অনলাইনে মূল পর্বের প্রতিযোগিতা চলছে। মনিটরের সামনে বসে উত্তর দিচ্ছেন সুফিয়ান মুরাদ। আচমকা চলে যায় বিদ্যুৎ। সঙ্গে সঙ্গে ইন্টারনেট সংযোগও চলে যায়। ১০-২০ সেকেন্ড পর যদিও বিদ্যুৎ চলে এল, মুরাদের দুশ্চিন্তা কমল না। স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো পরীক্ষাটাই অন ক্যামেরা হচ্ছিল। এখন ১০-২০ সেকেন্ডের জন্য যদি পরীক্ষাটা বাতিল হয়ে যায়! সৌভাগ্যক্রমে, তেমন কিছু হয়নি। শেষ পর্যন্ত তাঁর ফলাফলটাও হয়েছে চমকপ্রদ। সারা বিশ্বের ১৫৯০ জন ফাইনালিস্টের মধ্যে যে ১ শতাংশ (প্রায় ১৫ জন) ২০-এ ২০ পেয়েছেন, তাঁদের একজন মুরাদ। এখানেই শেষ নয়, ইয়ুথ ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে প্রথম ও আন্তর্জাতিক পর্যায়ে তৃতীয় হয়েছেন নটর ডেম কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ এই তরুণ।
২০২১ সালে এক বড় ভাইকে জ্যোতির্বিদ্যা ও জ্যোতির্পদার্থবিদ্যা প্রতিযোগিতায় পুরস্কার পেতে দেখেছেন। তখন থেকে মুরাদের মাথায় এই প্রতিযোগিতাটি ছিল। গত বছর সময় স্বল্পতার কারণে অংশ নিতে পারেননি। এবার যখন সুযোগ পেলেন, একেবারে আটঘাট বেঁধেই অংশ নিয়েছেন।
ছোটবেলা থেকেই জ্যোতির্বিদ্যায় আগ্রহ ছিল। এ সম্পর্কিত প্রাথমিক জানাশোনা আগে থেকেই ছিল। সেই সঙ্গে গত বছরের প্রশ্ন সমাধান ও উচ্চতর পর্যায়ের বই পড়া শুরু করেন তিনি। পরিশ্রমের ফল পেতেও দেরি হয়নি। কোয়ালিফিকেশন রাউন্ডে বিশেষ সম্মাননা পেয়ে প্রি-ফাইনাল রাউন্ডের জন্য গত চার বছরের প্রশ্ন ঘেঁটে প্রস্তুতি নিয়েছিলেন তিনি। মুরাদ বলেন, ‘প্রিফাইনাল রাউন্ডের প্রশ্নগুলো আমার জন্য বেশ কঠিন ছিল। প্রথম দুই দিনে ৬টার মধ্যে মাত্র ২টা প্রশ্ন সমাধান করতে পেরেছিলাম। পরে সাবমিট করার দিন বাকি ৪টা প্রশ্ন সমাধান করতে পারি।’ এরপর চূড়ান্ত পর্বে তো তিনি ২০-এ ২০-ই পেয়ে গেলেন।
মুরাদ বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে তৃতীয় ও জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই প্রতিযোগিতায় অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরাও অংশ নিয়েছিলেন।’ আন্তর্জাতিক পর্যায়ে (ইয়ুথ ক্যাটাগরিতে) তৃতীয় হওয়ার পুরস্কার হিসেবে ৫০ মার্কিন ডলার ও সনদ পাবেন মুরাদ।