ওই চড়টাই ছিল বাবার কাছ থেকে আমার পাওয়া প্রথম ও শেষ শাসন

আগামীকাল বাবা দিবস। দিনটি উপলক্ষে বাবাকে শ্রদ্ধা জানাতে পাঠকের কাছে লেখা চেয়েছিল ‘ছুটির দিনে’। আমাদের আহ্বানে সাড়া দিয়ে লেখা পাঠিয়েছেন বিপুল পাঠক। নির্বাচিত একটি লেখা পড়ুন এখানে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকেই আমি ভীষণ জেদি।

১৯৯৬ সাল। তখন আমার বয়স পাঁচ বছর। বাবা তখন যশোরের অভয়নগরের খাদিজা পারভীন সংগীত একাডেমির ওস্তাদ ও অধ্যক্ষ। বাড়ি ফিরতে প্রায়ই তাঁর রাত হয়ে যায়। কখনো অনুষ্ঠান, কখনো একাডেমিতে গানপাগল মানুষের আড্ডা, কখনো দুলাল কাকার পানের দোকানে বসে পরিচিত ব্যক্তিদের সঙ্গে আলাপে ডুবে যাওয়া। আশপাশের মানুষদের বড় ভালোবাসতেন বাবা, অন্যরাও বাবার ভীষণ ভক্ত ছিলেন। এর প্রধান কারণ হয়তো বাবার সংগীতপ্রতিভা।

রাতে বাড়ি ফেরার সময় সব সময় আমার জন্য হাতে পাউরুটি বা সন্দেশ নিয়ে ফিরতেন বাবা। এগুলো আমার ভীষণ প্রিয় ছিল। কোনো দিন না আনলে বাড়ি মাথায় তুলতাম; নিজে তো ঘুমাতাম না-ই, অন্যদেরও ঘুমাতে দিতাম না। তাই পকেটে টাকা থাক বা না থাক, এগুলো আনতে ভুলতেন না বাবা।

বাবার সঙ্গে ফারহান কবীর
ছবি: লেখকের সৌজন্যে

সেদিন ছিল শুক্রবার। ঘুম থেকে জেগে দেখি বাবা এসেছেন; কিন্তু হাতে কিছুই নেই। আমার অভিব্যক্তি দেখে বাবা বোঝাতে শুরু করলেন, শুক্রবার বেকারি বন্ধ, রুটি বানায়নি (অন্য শুক্রবার বাসি রুটি আনতেন, সেদিন তা-ও ছিল না)। তোমার দুলাল কাকার দোকানেও রুটি ছিল না আর মিষ্টির দোকানও বন্ধ হয়ে গেছে।

বাবা যতই বোঝাক, কিছুতেই আমি মানতে রাজি না। মা-বাবা দুজনে মিলে তখন পরদিন বড় কিছু কিনে দেওয়ার লোভ দেখালেন। কিন্তু আমি নাছোড়—পাউরুটি আর সন্দেশ আমার এখনই চাই। বাড়ি মাথায় তুলে ফেললাম। কিছুতেই তাঁরা ঘুমোতে পারলেন না। অনেক বুঝিয়েও যখন আমাকে টলানো গেল না, তখনই বাবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমার গালে কষে সজোরে এক চড় বসালেন বাবা। চড় খেয়ে চোখ বেয়ে পানি তো বের হলোই, প্রস্রাব করে বিছানাটাও ভিজিয়ে ফেললাম।

ওই চড়টাই ছিল বাবার কাছ থেকে আমার পাওয়া প্রথম ও শেষ শাসন। আর এখন তো বাবা সবকিছুরই ঊর্ধ্বে।